কাজ বাকি, তবু প্রকল্প শেষ হচ্ছে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় রেলক্রসিংয়ের ওপর নির্মিত ওভারপাস। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় রেলক্রসিংয়ের ওপর নির্মিত ওভারপাস। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেনে উন্নীত করার কাজ শুরু হয়েছিল ২০০৬ সালের জুন মাসে। তখন ছয় বছরে এ প্রকল্পটি শেষ করার কথা ছিল। কিন্তু সময়মতো শেষ করা সম্ভব হয়নি। পাঁচ দফায় ব্যয় ও সময় বাড়িয়ে চলতি ডিসেম্বর মাসেই এ প্রকল্প শেষ করার কথা ছিল। কিন্তু তা-ও হচ্ছে না।
আরও এক বছর সময় চেয়ে প্রকল্প সংশোধনের প্রস্তাব দিয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। কিন্তু পরিকল্পনা মন্ত্রণালয় ছয় মাসের বেশি সময় বাড়াতে রাজি নয়। তাই আগামী জুলাইয়ের মধ্যে প্রকল্প শেষ করার সুপারিশ করেছে পরিকল্পনা মন্ত্রণালয়।
তবে এ প্রকল্পে এখন নতুন করে জটিলতাও তৈরি হয়েছে। ফেনী ও কুমিল্লায় একটি করে রেল ওভারপাস নির্মাণের কাজ অর্ধেক হয়ে থেমে আছে। এ দুটি ওভারপাস নির্মাণের কাজ বাকি রেখে ঠিকাদার চলে গেছে। তাই সেতু দুটি নির্মাণ বাকি রেখেই প্রকল্পটি শেষ করে দেওয়ার সুপারিশ করেছে পরিকল্পনা কমিশনের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি)। নতুন প্রকল্পের মাধ্যমে দুটি ওভারপাস নির্মাণ করার কথা বলেছে আইএমইডি।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে সময় বৃদ্ধির প্রস্তাব পাওয়ার পর সম্প্রতি আইএমইডি এ প্রকল্পটি সরেজমিনে পরিদর্শন করেছে। পরিদর্শন শেষে আইএমইডি এসব সুপারিশ করেছে।
উল্লেখ্য এ প্রকল্পের আওতায় মহাসড়ক চার লেনে উন্নীত করার কাজ শেষে গত জুলাই মাস থেকে তা যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।
বারবার সংশোধনের ফলে এ প্রকল্পের সময় ও ব্যয় প্রায় দ্বিগুণ হয়েছে। ছয় বছরের প্রকল্প গত ১১ বছরেও শেষ হয়নি। আর ২ হাজার ১৬৮ কোটি টাকার ব্যয় প্রায় দ্বিগুণ হয়ে ৩ হাজার ৮১৭ কোটি টাকায় গিয়ে ঠেকেছে। আইএমইডি সূত্রে জানা গেছে, গত নভেম্বর মাস পর্যন্ত ৮২ শতাংশ প্রকল্প বাস্তবায়ন হয়েছে। খরচ হয়েছে ৩ হাজার ১৩৫ কোটি টাকা। তবে ঠিকাদারের বিল পরিশোধ না করলেও বাস্তব অগ্রগতি হয়েছে ৯২ শতাংশ।
কাজ শেষ না করে উধাও ঠিকাদার: এই প্রকল্পের আওতায় সড়ক ও রেলসেতু মিলিয়ে নয়টি সেতু নির্মাণের কথা। এর মধ্যে সাতটি সেতুর কাজ শেষ হয়েছে। যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।
কুমিল্লা শহর ও ইলিয়টগঞ্জ এবং ফেনী শহর এলাকায় তিনটি রেল ওভারপাস নির্মাণ করার ঠিকাদারি কাজ পেয়েছিল প্রজেক্ট বিল্ডার্স লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান। এর মধ্যে ইলিয়টগঞ্জ রেল ওভারপাস নির্মাণের কাজ করেছে ওই প্রতিষ্ঠান। আইএমইডির পরিদর্শন প্রতিবেদনে বলা হয়েছে, ফেনী রেল ওভারপাসটি ৫১ শতাংশ কাজ শেষ হয়েছে। আর কুমিল্লার রেল ওভারপাসটির একটি লেনের কাজ শেষ হয়েছে। এমন অবস্থায় ঠিকাদারি প্রতিষ্ঠান প্রজেক্ট বিল্ডার্স দুটি ওভারপাস নির্মাণের কাজ সম্পন্ন না করেই চলে গেছে। এ সেতু দুটি নির্মাণের জন্য ২১৩ কোটি টাকার চুক্তি হয়েছিল। এরই মধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ১৩৭ কোটি টাকা পরিশোধও করা হয়েছে।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ সূত্রে জানা গেছে, কাজ ফেলে চলে যাওয়ার পর বিভাগ থেকে একাধিকবার ওই ঠিকাদারি প্রতিষ্ঠানকে নোটিশ দেওয়া হয়। কিন্তু কোনো উত্তর মেলেনি। এরপর গত অক্টোবর মাসে জরিমানা করে ওই ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করা হয়। পারফরম্যান্স গ্যারান্টি থেকে জরিমানার টাকা কেটে রাখার প্রক্রিয়া চলছে।
এ বিষয়ে জানতে চাইলে প্রকল্প পরিচালক আফতাব হোসেন খান প্রথম আলোকে বলেন, ‘ঠিকাদার কেন কাজ ফেলে চলে গেছে জানি না। তবে এ প্রতিষ্ঠানটি এর আগে বড় বড় প্রকল্প বাস্তবায়ন করেছে। কয়েকবার নোটিশ দেওয়ার পর জবাব না পাওয়ায় এখন জরিমানা করে চুক্তি বাতিল করা হয়েছে। এ দুটি সেতুর বাকি কাজ শেষ করার জন্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় থেকে সেনাবাহিনীকে অনুরোধ করা হয়েছে।’
এদিকে আইএমইডি বলেছে, ২০১৭ সালের ডিসেম্বর মাসের মধ্যে এ দুটি সেতু নির্মাণের কাজ শেষ করা সম্ভব নয়। এতে প্রকল্পের ব্যয় ও মেয়াদ আরও বৃদ্ধির ঝুঁকি রয়েছে। তাই এ দুটি কাজ আলাদা প্রকল্পের মাধ্যমে সম্পন্ন করা যৌক্তিক হবে। আলাদা প্রকল্প হলে এ প্রকল্পের বাকি আনুষঙ্গিক কাজ শেষ করতে ছয় মাসের বেশি সময় লাগবে না বলে মনে করে আইএমইডি।