স্টক এক্সচেঞ্জের মালিকানা থেকে ব্যবস্থাপনা পৃথক্করণ (ডিমিউচুয়ালাইজেশন) সংক্রান্ত অনুমোদিত কর্মসূচি (স্কিম) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদ গ্রহণ করেছে। গতকাল বুধবার বিকেলে ডিএসইর পরিচালনা পর্ষদের সভায় অনুমোদিত কর্মসূচিটি গ্রহণ করা হয়। ডিএসইর একাধিক পরিচালকের সঙ্গে কথা বলে এ তথ্য পাওয়া গেছে। জানতে চাইলে ডিএসইর পরিচালক মিনহাজ মান্নান ইমন প্রথম আলোকে বলেন, ‘অনুমোদিত কর্মসূচিটি আজ (গতকাল) বোর্ড সভায় সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে। পাশাপাশি আইনের আলোকে পরবর্তী করণীয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত হয়েছে।’ জানা গেছে, কর্মসূচিটি শিগগির পত্রিকায় বিজ্ঞাপনের মাধ্যমে প্রকাশ করা হবে। পাশাপাশি আজ বৃহস্পতিবার এটি ডিএসইর ওয়েবসাইটেও প্রকাশ করা হতে পারে। এ ছাড়া ২৯ অক্টোবর বিশেষ সাধারণ সভার সম্ভাব্য তারিখ ঠিক করা হয়।
ডিমিউচুয়ালাইজেশন আইন অনুযায়ী কর্মসূচি প্রাপ্তির সাত দিনের মধ্যে এটি ওয়েবসাইট, গেজেট ও পত্রিকায় বিজ্ঞাপন আকারে প্রকাশের বাধ্যবাধকতা রয়েছে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) গত বৃহস্পতিবার কর্মসূচিটি অনুমোদন করে। গত মঙ্গলবার সেটি ডিএসইর কাছে হস্তান্তর করা হয়। এদিকে গতকাল বুধবার সন্ধ্যায় বিএসইসির পক্ষ থেকে অনুমোদিত কর্মসূচিটি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের কাছে হস্তান্তর করা হয়েছে।