কাজই শুরু করেনি ১১ ট্যানারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

রাজধানীর হাজারীবাগ থেকে পরিবেশদূষণকারী ট্যানারি স্থানান্তরের সার্বিক কাজ যেখানে দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে, সেখানে ১১টি ট্যানারির মালিক এখনো তাঁদের কারখানা স্থানান্তরের কাজ শুরুই করেননি।
সাভারের চামড়া শিল্পনগর প্রকল্প কার্যালয় থেকে কয়েক দফা নোটিশ পেয়েও এসব ট্যানারি কারখানা স্থানান্তরের উদ্যোগ নেয়নি। সে কারণে তাদের প্লট কেন বাতিল করা হবে না, তার কারণ জানতে চেয়ে গত ৯ ডিসেম্বর আরেক দফায় চিঠি দেওয়া হয়েছে। আগামী ২১ ডিসেম্বর প্রকল্প কার্যালয়ে এ নিয়ে শুনানি হবে।
চামড়া শিল্পনগর প্রকল্প কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। তবে প্রকল্প কার্যালয় এই ১১ ট্যানারির নাম প্রকাশ করতে রাজি হয়নি।
জানতে চাইলে চামড়া শিল্পনগর প্রকল্পের পরিচালক সিরাজুল হায়দার প্রথম আলোকে বলেন, ‘১১টি ট্যানারির মালিক এখনো তাঁদের ট্যানারি স্থানান্তরের কাজ শুরু করেননি। তাঁদের আমরা আরেক দফা নোটিশ দিয়েছি। এর পরও যদি তাঁরা কাজ শুরু না করেন, তাহলে তাঁদের প্লট বাতিল করা হবে।’
সম্প্রতি ট্যানারির মালিকদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠক শেষে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু জানান, নির্ধারিত সময়ে ট্যানারি স্থানান্তর না করলে সাভারের প্লট বাতিল করা হবে। একই সঙ্গে হাজারীবাগের সব ট্যানারিও বন্ধ করে দেওয়া হবে। জাতীয় স্বার্থে এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।
সাভারের চামড়া শিল্পনগরে ২০৫টি প্লটে ১৫৫টি কারখানা হওয়ার কথা। এর মধ্যে ১৫২টি ট্যানারির মালিক তাঁদের কারখানা স্থানান্তরের লে-আউট পরিকল্পনা জমা দিয়েছেন এবং বিসিক তার অনুমোদনও দিয়েছে। তিনটি ট্যানারি কোনো লে-আউট পরিকল্পনাই জমা দেয়নি। ইতিমধ্যে ১৪১টি ট্যানারি কর্তৃপক্ষ তাদের প্লটে কারখানার নির্মাণকাজ শুরু করেছে। আর ১১টির কাজ এখনো শুরু হয়নি।
প্রকল্প কার্যালয় সূত্র বলছে, ৩৩টি কারখানার নির্মাণকাজ বেশ সন্তোষজনক। এসব কারখানার পাইলিংয়ের কাজ শেষ। কয়েকটির এক তলার কাজ শেষে এখন দুই তলার নির্মাণকাজও শুরু করেছে। বাকি ট্যানারিগুলোর কাজ কিছুটা ধীর-স্থিরভাবে চলছে।
সূত্র বলছে, কাজ শুরু না করা ১১টি ট্যানারির পাশাপাশি ধীর-স্থিরভাবে আংশিক কাজ করতে থাকা ট্যানারির মালিকদেরও ৯ ডিসেম্বর পৃথক একটি চিঠি দেওয়া হয়েছে। ওই চিঠিতে তাঁদের দ্রুত কাজ শেষ করার তাগিদ দেওয়া হয়েছে।
সিরাজুল হায়দার জানান, হাজারীবাগ থেকে সাভারে সব ট্যানারি স্থানান্তর করতে ট্যানারির মালিকদের এ পর্যন্ত ১৯ দফা তাগিদপত্র দেওয়া হয়েছে। তার ফল হিসেবেই কাজে এখন বেশ অগ্রগতি এসেছে। কাজ অনেক দূর এগিয়েও গেছে।
২০০৩ সালের ১৬ আগস্ট জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় (একনেক) চামড়া শিল্পনগর প্রকল্পের অনুমোদন দেওয়া হলেও ১১ বছরেও এর কাজ শেষ হয়নি। বরং কয়েক দফায় প্রকল্পের মেয়াদ ও ব্যয় বাড়ানো হয়েছে। হাজারীবাগ থেকে সব ট্যানারি সাভারের চামড়া শিল্পনগরে স্থানান্তর হওয়ার এখনকার সময়সীমা ২০১৫ সালের জুনে। আর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারের (সিইটিপি) নির্মাণকাজ শেষ হওয়ার কথা আগামী বছরের মার্চে। শিল্প মন্ত্রণালয়ের এ প্রকল্পটি বাস্তবায়ন করছে বিসিক।
প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবি, সিইটিপির নির্মাণকাজ প্রায় ৫০ শতাংশ শেষ হয়ে গেছে। সিইটিপির অংশ হিসেবে বর্জ্য পরিশোধনের জন্য চারটি মডিউল তৈরি করার কথা। কয়েকটি চেম্বার দিয়ে একেকটি মডিউল। এসব চেম্বার তৈরির জন্য আরসিসি ঢালাইয়ের (রড দিয়ে কাঠামো বানিয়ে তাতে সিমেন্ট ও বালু দিয়ে ঢালাই) কাজ প্রায় শেষ। এখন সিসি ঢালাইয়ের (রড ছাড়া অন্যান্য উপকরণ দিয়ে ঢালাই) কাজ চলছে।
পরিবেশবান্ধব উপায়ে উৎপাদন না করলে ২০১৪ সালের পর আর কোনো চামড়া ও চামড়াজাত পণ্য আমদানি করবে না বলে আগেই ঘোষণা দিয়ে রেখেছে ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ)। দক্ষিণ কোরিয়াসহ কয়েকটি দেশ এরই মধ্যে এ দেশ থেকে প্রস্তুত চামড়া আমদানি কমিয়ে দিয়েছে। এর প্রভাব পড়েছে রপ্তানিতেও। সে কারণেই হাজারীবাগের ট্যানারিগুলো সাভারের শিল্পনগরে স্থানান্তর জরুরি।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ তথ্য অনুযায়ী, চলতি ২০১৪-১৫ অর্থবছরের প্রথম পাঁচ মাসে (জুলাই-নভেম্বর) ১৭ কোটি ৩৫ লাখ ডলারের প্রস্তুত চামড়া রপ্তানি হয়েছে। আগের বছরের একই সময়ে রপ্তানি হয়েছিল ১৯ কোটি ৪৪ লাখ ডলারের চামড়া। রপ্তানি কমেছে প্রায় ১১ শতাংশ।
ক্ষতিপূরণ পাননি কেউ: শিল্প মন্ত্রণালয় ১০ সেপ্টেম্বর বৈঠক করে সিদ্ধান্ত নেয় যে যেসব ট্যানারির মালিকেরা ইতিমধ্যে সাভার চামড়া শিল্পনগরে অবকাঠামো নির্মাণের কাজ পুরোদমে শুরু করেছেন, তাঁদের ওই মাসেই আনুপাতিক হারে ক্ষতিপূরণের প্রথম কিস্তি পরিশোধ করা হবে। তবে এখন পর্যন্ত কোনো ক্ষতিপূরণই পাননি তাঁরা।
সিরাজুল হায়দার জানান, এ পর্যন্ত পাঁচটি ট্যানারির কাছ থেকে ক্ষতিপূরণের প্রস্তাব এসেছে। এসব কারখানার কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করে কাজের অগ্রগতি দেখে আবেদনগুলো যাচাই-বাছাই করা হবে। এরপরই তাঁরা ক্ষতিপূরণ পাবেন। আগামী সপ্তাহ নাগাদ আরও বেশ কিছু আবেদন আসবে বলে জানান তিনি।
প্রসঙ্গত, হাজারীবাগ থেকে ট্যানারি স্থানান্তরে ট্যানারির মালিকদের যে ক্ষয়ক্ষতি হবে, তা পুষিয়ে নিতে শিল্প মন্ত্রণালয় ২৫০ কোটি টাকা ক্ষতিপূরণ দেবে। ট্যানারির মালিকেরা এই ক্ষতিপূরণ তিন কিস্তিতে পাবেন।
১৫৫ টি ট্যানারি স্থানান্তর হওয়ার কথা
১৪১ টি ট্যানারি কারখানা নির্মাণ শুরু করেছে
৩৩ টির নির্মাণকাজ সন্তোষজনক
৫০ শতাংশ কাজ শেষ হয়েছে সিইটিপির
১৯ দফা তাগিদপত্র দেওয়া হয়েছে এ পর্যন্ত ট্যানারি মালিকদের

‘‘১১টি ট্যানারির মালিক এখনো তাঁদের ট্যানারি স্থানান্তরের কাজ শুরু করেননি। তাঁদের আমরা আরেক দফা নোটিশ দিয়েছি। এর পরও যদি তাঁরা কাজ শুরু না করেন, তাহলে তাঁদের প্লট বাতিল করা হবে
সিরাজুল হায়দার
পরিচালক, চামড়া শিল্পনগর প্রকল্প