কাজী আকরাম উদ্দিন ডিএসইর পরিচালক হচ্ছেন
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক হচ্ছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ। আজ বৃহস্পতিবার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নিয়মিত সভায় বিষয়টির অনুমোদন দেওয়া হয়।বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র সাইফুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএসইর সুপারিশের পরিপ্রেক্ষিতে মনোনীত পরিচালক হিসেবে কাজী আকরাম উদ্দিন আহমদকে ডিএসইর পরিচালক হিসেবে নিয়োগের প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়।ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড (বোর্ড অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন) রেগুলেশন, ২০০০ অনুযায়ী এই নিয়োগ দেওয়া হয়। ওই নিয়ম অনুযায়ী এফবিসিসিআইয়ের সভাপতি ডিএসইর পরিচালক হতে পারবেন।এ ছাড়া আজকের সভায় ইবিএল ইনভেস্টমেন্ট লিমিটেডকে পূর্ণাঙ্গ মার্চেন্ট ব্যাংক হিসেবে নিবন্ধনের সিদ্ধান্ত নিয়েছে কমিশন।