কাজী আকরাম উদ্দিন নতুন সভাপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) ২০১২-১৪ দ্বিবার্ষিক মেয়াদের পরিচালক পদের নির্বাচনের পর আজ সোমবার অনুষ্ঠিত হয়েছে সভাপতি, প্রথম সহসভাপতি ও সহসভাপতি পদের নির্বাচন।আগামী দুই বছরের জন্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় এফবিসিসিআইয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন স্ট্যান্ডার্ড ব্যাংকের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহমদ। জ্যেষ্ঠ সহসভাপতি হয়েছেন চট্টগ্রাম উইমেন চেম্বারের মনোয়ারা হাকিম আলী এবং সহসভাপতি হয়েছেন মেইজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের মো. হেলাল উদ্দিন।নির্বাচনে সভাপতি পদে কাজী আকরাম উদ্দিন আহমদ ছাড়া আর কোনো প্রার্থী ছিলেন না। তবে দুই সহসভাপতি পদে দুই প্যানেল থেকেই মনোনয়নপত্র জমা দেওয়া হয়। কাজী আকরাম উদ্দিন আহমদের প্যানেল থেকে প্রথম সহসভাপতি পদে মনোয়ারা হাকিম আলী ও সহসভাপতি পদে হেলাল উদ্দিন, আর গণতান্ত্রিক পরিষদ থেকে প্রথম সহসভাপতি পদে গোলাম মোস্তফা তালুকদার ও সহসভাপতি পদে আবদুল হক মনোনয়নপত্র জমা দেন।পরে গোলাম মোস্তফা তালুকদার ও আবদুল হক অপর দুই প্রার্থীর সঙ্গে সমঝোতা করে নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করেন।সন্ধ্যা সাড়ে সাতটায় ফল ঘোষণা করেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান সাংসদ মো. আলী আশরাফ। তিনি বলেন, এফবিসিসিআইয়ের নির্বাচনে প্রার্থীরা পরস্পরের প্রতি যে শ্রদ্ধাবোধ দেখিয়েছেন, তা জাতির জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।২৯ নভেম্বর বার্ষিক সাধারণ সভায় (এজিএম) নতুন পরিচালনা পর্ষদের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে।