বাজেট কাঠামোতে প্রক্রিয়াগত সংস্কারের মাধ্যমে জেলা বাজেট প্রণয়ন চায় বেসরকারি সংস্থা সুশাসনের জন্য প্রচারাভিযান (সুপ্র)। সংস্থাটি বলেছে, কাঠামো সংস্কার ছাড়াই প্রণীত নতুন জেলা বাজেটে শুধু একটি জেলার ব্যয়ের খতিয়ানই পাওয়া যাবে। তৃণমূল মানুষের আকাঙ্ক্ষা প্রতিফলন তাতে দেখা যাবে না। জাতীয় বাজেটের গুণগত বাস্তবায়ন এবং স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার জন্যই অংশগ্রহণমূলক জেলা বাজেট প্রণয়ন করা দরকার বলে মন্তব্য করেছে এই বেসরকারি সংস্থাটি। বাজেট-পরবর্তী প্রতিক্রিয়ায় গতকাল শনিবার এমন মত দিয়েছে সুপ্র।সংগঠনটি বেশ কয়েক বছর ধরেই জেলা বাজেট প্রণয়নের জন্য নানা পর্যায়ে আলোচনা ও দাবি জানিয়ে আসছে। এরই পরিপ্রেক্ষিতে এ বছর অর্থমন্ত্রী টাঙ্গাইল জেলার বাজেট ঘোষণার মধ্য দিয়ে দেশে প্রথমবারের মতো জেলা বাজেট ঘোষণা করেছেন।এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি বলেছে, সব পর্যায়ে জন-অংশগ্রহণ ও জন-চাহিদার বিষয়টি নিশ্চিত করেই এ বাজেট প্রণয়ন করতে হবে।