কাঠামোগত অন্যায্যতা অন্তহীন দারিদ্র্য সৃষ্টি করে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশিষ্ট অর্থনীতিবিদ ও বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান রেহমান সোবহান বলেছেন, ‘কাঠামোগত অন্যায্যতা অন্তহীন দারিদ্র্য সৃষ্টি করে। এতে গরিব মানুষের রাজনৈতিক ক্ষমতায়নও হয় না। এটি আমাকে চিন্তিত করে।’

গতকাল বৃহস্পতিবার দৈনিক বণিক বার্তা ও বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) যৌথভাবে এই গুণী অর্থনীতিবিদকে সংবর্ধনা দেয়। সংবর্ধনা অনুষ্ঠানে সরবরাহ করা লিখিত বক্তব্যে রেহমান সোবহান এসব কথা বলেন।

সোনারগাঁও হোটেলে এই সংবর্ধনা অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

সংবর্ধিত অধ্যাপক রেহমান সোবহান বলেন, স্বাধীনতার পর দেশের বৃহৎ জনগোষ্ঠী সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে অন্যায্যতার শিকার হয়েছে। রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা না পেয়ে এবং বাজার অর্থনীতিতে সুষম অংশগ্রহণের অভাবে সম্পদের ওপর গরিব মানুষের মালিকানার ক্ষেত্রে বৈষম্য বেড়েছে। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রেহমান সোবহানের মতে, অন্যায্যতা ও নানা বৈষম্যের কারণে বাংলাদেশের মানুষ তাদের সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগাতে পারেনি। সম্পদের ওপর সর্বস্তরের মানুষের সুষম মালিকানা ও বাজার অর্থনীতিকে সক্রিয় করার মাধ্যমে এই অন্যায্যতা ঠিক করা সম্ভব বলে তিনি মনে করেন।

এই প্রবীণ অর্থনীতিবিদ পাকিস্তান আমলে দুই অঞ্চলের অর্থনৈতিক বৈষম্যের বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেন।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘পাকিস্তানে দুই অর্থনীতির বৈষম্য নিয়ে রেহমান সোবহান লড়াই করেছেন। তিনি আমাদের জাতীয় চরিত্র গঠনে অবদান রেখেছেন।’ তিনি আরও বলেন, ‘রেহমান সোবহান যখন পরিকল্পনা কমিশনে ছিলেন, তখন যে পঞ্চবার্ষিক পরিকল্পনা (১৯৭৩-৭৮) তৈরি করেন, সেটা আমি এখনো ব্যবহার করি। ওই পঞ্চবার্ষিক পরিকল্পনায় অর্থনীতির মৌলিক সমস্যাগুলো চিহ্নিত করা হয়েছিল।’

সংবর্ধনা অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘তিনি (রেহমান সোবহান) আমাদের অনুপ্রেরণার উৎস, জীবন্ত কিংবদন্তি।’

সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেন বলেন, ‘তিনি (রেহমান সোবহান) যেটা বিশ্বাস করেছেন, সেটা বিরতিহীনভাবে বলে গেছেন। ১৯৬১ সালে তিনিই প্রথম পাকিস্তানের দুই অঞ্চলের বৈষম্যের কথা তুলে ধরেন।’

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, রেহমান সোবহান প্রথাগত অর্থনীতিবিদ নন; তিনি রাজনৈতিক, সামাজিক ও গণ-অর্থনীতিবিদ। তিনি ন্যায়ভিত্তিক সমাজ গঠনের কথা বলেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, সাবেক অর্থমন্ত্রী এম সাইদুজ্জামান, সাবেক মন্ত্রী ও বিএনপির নেতা মওদুদ আহমদ, বিআইডিএসের মহাপরিচালক কে এ এস মুরশিদ, বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ প্রমুখ।