কাতার অতিরিক্ত এক লাখ টন সার সরবরাহে সম্মত
চলতি ২০১০-১১ অর্থবছরে বাংলাদেশকে অতিরিক্ত এক লাখ টনসহ মোট চার লাখ টন ইউরিয়া সরবরাহ করতে সম্মত হয়েছে কাতার। রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় কাতার ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে এই সার সরবরাহ করা হবে। কাতারের উপপ্রধানমন্ত্রী এবং জ্বালানি ও শিল্পবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী আবদুল্লাহ বিন হামাদ আল আতিয়া গত সোমবার রাতে কাতার সফররত বাংলাদেশের শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়ার সঙ্গে তাঁর সরকারি দপ্তরে আয়োজিত বৈঠকে এ সম্মতি জানান।বৈঠকে অন্যান্যের মধ্যে কাতারের জ্বালানি ও শিল্পবিষয়ক প্রতিমন্ত্রী মোহাম্মদ সালেহ আল সাদা, কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শাহাদৎ হোসেন, বিসিআইসির চেয়ারম্যান কে এইচ মাসুদ সিদ্দিকী, পরিচালক দীপক রঞ্জন দত্তসহ উভয় দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বৈঠকে দ্বিপক্ষীয় স্বার্থসংশিষ্ট বিষয়ে আলোচনা হয়। এতে বাংলাদেশের শিল্প খাতে বিনিয়োগ, জনশক্তি আমদানি, এলএনজি গ্যাস রপ্তানিসহ অন্যান্য বিষয়ও স্থান পায়। শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া ২০০৯-১০ অর্থবছরে চুক্তি অনুযায়ী তিন লাখ টন ইউরিয়া সার সরবরাহ করায় কাতার সরকারকে ধন্যবাদ জানান। তিনি বলেন, এর ফলে বাংলাদেশে খাদ্যনিরাপত্তা জোরদারের বিষয়টি সহজ হয়েছে। তিনি বাংলাদেশ থেকে আরও অধিক পরিমাণে জনশক্তি আমদানি করার জন্য কাতারের উপপ্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। হামাদ আল আতিয়া বাংলাদেশ থেকে জনশক্তি আমদানি বাড়ানোর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন। বাংলাদেশের সম্ভাবনাময় শিল্পখাতগুলোতে কাতারের বিনিয়োগ বৃদ্ধি পাবে বলে তিনি শিল্পমন্ত্রীকে অবহিত করেন।