কাতারে যাচ্ছে না বাংলাদেশের সবজি
কাতারে মাস খানেক ধরে বাংলাদেশ থেকে কোনো শাকসবজি যাচ্ছে না। রপ্তানিকারকেরা সিদ্ধান্ত নিয়ে দেশটিতে সবজি রপ্তানি বন্ধ করে দিয়েছেন।
দেশে বেশ কয়েক মাস ধরে তরিতরকারির দাম চড়া। সে কারণে কাতারের আমদানিকারকদের কাছ থেকে সবজির জন্য বাড়তি দাম চেয়েছিলেন দেশের রপ্তানিকারকেরা। কিন্তু কাতারের আমদানিকারকেরা বাড়তি মূল্য দিতে রাজি হননি। এর পরিপ্রেক্ষিতেই সে দেশে সবজি রপ্তানি বন্ধ করে দিয়েছেন রপ্তানিকারকেরা।
তবে রপ্তানিকারকদের এই সিদ্ধান্তের সম্ভাবনাময় একটি বাজার হারাচ্ছে বাংলাদেশ। আর এই বাজার দখল করছে ভারতীয় সবজি। কাতারের আমদানিকারকেরা এখন কলকাতা থেকে সবজি আমদানি শুরু করেছেন। দেশের সবজি না পেয়ে এখন ভারতীয় সবজি কিনে খাচ্ছেন কাতারে থাকা প্রবাসী বাঙালিরা।
রপ্তানি বন্ধ থাকার প্রসঙ্গে জানতে চাইলে সবজি রপ্তানিকারকদের সংগঠন বাংলাদেশ ফ্রুটস, ভেজিটেবলস এলাইড প্রোডাক্টস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ মো. ইকতাদুল হক বলেন, ‘দেশের বাজারে কোনো সবজির দামই এখন ৫০ টাকার ওপরে। ৩০ টাকার ওপরে কোনো সবজি উঠলেই সেটা রপ্তানি করে আমাদের লোকসান হয়। এ অবস্থায় আমরা বলেছিলাম সবজির দাম বাড়াতে। আমদানিকারকেরা রাজি না হওয়ায় আমরা সিদ্ধান্ত নিয়ে কাতারে রপ্তানি বন্ধ রেখেছি। তারা দাম বাড়ালেই কেবল আবার রপ্তানি হবে।’
মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে কি সবজির জন্য বাড়তি দাম দেওয়া হচ্ছে-জানতে চাইলে ইকতাদুল হক বলেন, ‘অন্য সব দেশে দাম ভালো দিচ্ছে। তাই সেখানে রপ্তানি অব্যাহত আছে।’
কাতারে শাক-সবজি বিক্রির একমাত্র পাইকারি বাজারটির নাম সেন্টার মার্কেট, যা প্রবাসী বাঙালিদের কাছে ‘সবজি মার্কেট’ নামে পরিচিত। পাইকারি ও খুচরা মিলিয়ে কয়েক শ বাংলাদেশি ব্যবসায়ী এখানে বাণিজ্য করেন। কয়েক দশক ধরে এ বাজারের পুরোটাই প্রায় বাংলাদেশি ব্যবসায়ীদের দখলে।
৩৮ বছর ধরে কাতারে ব্যবসা করছেন চট্টগ্রামের আবু তালেব। বেশ কয়েকটি সুপারমার্কেট ছাড়াও নানা ধরনের বাণিজ্যিক প্রতিষ্ঠান রয়েছে তাঁর। তিনি বলেন, ‘বাংলাদেশের রপ্তানিকারকেরা দাবি করেছেন, তাদের কাছ থেকে শাকসবজি নিতে হলে দাম বাড়াতে হবে। অথচ ওই বাড়তি দাম দিয়ে এখানে ব্যবসা করা সম্ভব নয়। কারণ, ওই একই দামে আমরা এখানে ভারতের বিশেষ করে কলকাতার শাক-সবজি পাচ্ছি। কাজেই এখন ভারত থেকেই আমি আমদানি করছি। আমার তো ব্যবসা বন্ধ করা যাবে না।’
কাতারের আরেক বড় আমদানিকারক বাংলাদেশি প্রতিষ্ঠান হীরা ফুড স্টাফের স্বত্বাধিকারী নিজামউদ্দীন প্রথম আলো কে বলেন, ‘১৯৯০ সাল থেকে আমরা কাতারে বাংলাদেশি শাক-সবজি আমদানি করছি। কিন্তু এখন সেটা পুরোটাই বন্ধ। শাক-সবজি অপ্রতুল দেখিয়ে দাম বাড়ানোর দাবিতে ঢাকায় রপ্তানিকারকরা সিন্ডিকেট করে পাঠানো বন্ধ রেখেছেন। ফলে বাধ্য হয়েই আমরা কলকাতা থেকে আমদানি করছি।’
নিজামউদ্দীন বলেন, কাতারে বাংলাদেশি শাক-সবজির চাহিদা প্রচুর। বাংলাদেশ বিমানের নিয়মিত তিনটি ফ্লাইট ছাড়াও অন্যান্য এয়ারলাইনসের ফ্লাইটে আমরা আমদানি করা হতো। তবে এক মাস ধরে এ আমদানি বাণিজ্যের পুরোটাই বন্ধ রয়েছে।
রপ্তানিকারকেরা জানান, প্রতি মাসে কাতারে ১৬০ থেকে ২০০ টন সবজি রপ্তানি হয়। কাতারে প্রবাসীদের কাছে আলু, চিচিঙ্গা, করলা, ঢ্যাড়স, কাঁকরোল, ঝিঙ্গে, লতির চাহিদা বেশি।
কাতারের বাজার ঘুরে দেখা গেছে, বাংলাদেশি শাক-সবজি বিক্রেতারা এখন অলস সময় পার করছেন। কেউ কেউ ভারত থেকে আমদানি করা শাকসবজি বিক্রি করছেন।
সবজি মার্কেটের ব্যবসায়ী মাসুদ শেখ বলেন, ‘কলকাতা থেকে সেখানকার ব্যবসায়ীরা সস্তা দামে শাক-সবজি পাঠাতে পারলে বাংলাদেশের ব্যবসায়ীরা পারবেন না কেন? তারা পাঠানো বন্ধ করেছেন বলে কাতারের ব্যবসায়ীরা এখন ভারতের দিকে ঝুঁকছেন। এ ছাড়া আর করারই বা কী আছে।’