কাতারে রিহ্যাব মেলা জানুয়ারিতে

কাতারে প্রথমবারের মতো আবাসন মেলার আয়োজন করতে যাচ্ছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। আগামী জানুয়ারির তৃতীয় সপ্তাহে তিন দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হবে।
কাতারের রাজধানী দোহার সালিমার হোটেলে সম্প্রতি এক আলোচনা সভায় এ তথ্য জানানো হয়। সভায় প্রধান অতিথি ছিলেন রিহ্যাবের সভাপতি আলমগীর শামসুল আলামিন। এতে আরও বক্তব্য দেন সংগঠনের সহসভাপতি মো. আনোয়ারুজ্জামান ও রিহ্যাব ফেয়ার স্ট্যান্ডিং কমিটির কো-চেয়ারম্যান (ওভারসিস) শাকিল কামাল চৌধুরী।
আলমগীর শামসুল আলামিন আশা প্রকাশ করেন, আবাসন খাতের ক্রেতা-বিক্রেতাদের মধ্যে সেতুবন্ধ তৈরি করতে মেলাটি কার্যকর ভূমিকা রাখবে।
প্রায় ৮০টি প্রতিষ্ঠান কাতারে অনুষ্ঠিতব্য এ মেলায় অংশ নেবে।
এদিকে আগামী ২৩ থেকে ২৭ ডিসেম্বর রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রিহ্যাবের শীতকালীন মেলা অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।