কাতারে রিহ্যাবের আবাসন মেলা কাল শুরু

রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) উদ্যোগে কাতারের দোহায় দুই দিনব্যাপী এক আবাসন মেলা কাল শুক্রবার শুরু হবে। ‘প্রবাসে উপার্জন, স্বদেশে আবাসন’ স্লোগানে দোহার এয়ারপোর্ট রোডের ক্রাউন প্লাজায় মেলাটি অনুষ্ঠিত হবে।
‘রিহ্যাব হাউজিং ফেয়ার কাতার-২০১৬’ শীর্ষক এই মেলার বিস্তারিত জানাতে গতকাল বুধবার দোহার সালিমার প্যালেসে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে বক্তব্য দেন রিহ্যাবের মেলা আয়োজক কমিটির কো-চেয়ারম্যান (বিদেশ) শাকিল কামাল চৌধুরী। এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি মো. আনোয়ারুজ্জামান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, কাতারে প্রথমবারের মতো অনুষ্ঠেয় এ মেলায় অর্ধশতাধিক প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এর মধ্যে রিহ্যাবের সদস্যরা ছাড়াও কয়েকটি আর্থিক প্রতিষ্ঠান রয়েছে।
গতকাল রিহ্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, শুক্রবার দোহার স্থানীয় সময় সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করবেন কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন রিহ্যাবের সভাপতি আলমগীর শামসুল আলামিন।
সংবাদ সম্মেলনে মেলার সার্বিক দিক তুলে ধরে শাকিল কামাল চৌধুরী বলেন, ‘মাতৃভূমির প্রতি সবারই ভালোবাসা ও নাড়ির একটা টান থাকে। সেই লক্ষ্য সামনে রেখেই আমরা এবার কাতারে প্রথমবারের মতো মেলার আয়োজন করেছি।’
প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত ক্রেতা-দর্শনার্থীরা মেলায় প্রবেশ করতে পারবেন।
মেলায় কো-স্পনসর হিসেবে থাকছে সাতটি প্রতিষ্ঠান। এতে এন্ট্রি ও পার্কিং সুবিধা সম্পূর্ণ ফ্রি। এ ছাড়া আগত দর্শকদের জন্য লটারির মাধ্যমে পুরস্কার জেতার সুযোগ থাকছে।