কানকুন সমঝোতায় কার্বন বাণিজ্য উৎসাহিত হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সদ্য সমাপ্ত কানকুন জলবায়ু সম্মেলনে যে সমঝোতা হয়েছে, তা কার্বন-বাণিজ্যকেই উৎসাহিত করে গরিব ও বিপন্ন দেশগুলোতে পুঁজিবাদী শোষণ পোক্ত করবে।দেশের নাগরিক সংগঠনগুলোর জোট ইক্যুইটিবিডি আয়োজিত এক সংবাদ সম্মেলনে গতকাল রোববার এই আশঙ্কা প্রকাশ করা হয়। সংবাদ সম্মেলনে কানকুনে বাংলাদেশের সরকারি প্রতিনিধিদলের তথা সরকারের ভূমিকার সমালোচনা করে একে দ্বৈততাপূর্ণ হিসেবে অভিহিত করা হয়। ইক্যুইটিবিডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।সংবাদ সম্মেলনে মৌলিক উপস্থাপনা প্রদান ও পরিচালনা করেন ইক্যুইটিবিডির প্রধান সঞ্চালক রেজাউল করিম চৌধুরী। বক্তাদের মধ্যে ছিলেন সাপ্তাহিক-এর সম্পাদক গোলাম মোর্তোজা ও ইক্যুইটিবিডির মোস্তফা কামাল আকন্দ।রেজাউল করিম চৌধুরী বলেন, কানকুন সমঝোতা কার্যত জলবায়ু অর্থায়নে বিশ্বব্যাংকের ভূমিকাকে আইনসিদ্ধ করেছে। বিশ্বব্যাংক আগামী তিন বছর ১০ হাজার কোটি ডলারের ‘গ্লোবাল গ্রিন ফান্ড’ ব্যবস্থাপনা করবে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।রেজাউল করিম চৌধুরী আরও বলেন, এ-সংক্রান্ত আলোচনার শুরু থেকেই এনজিও ও নাগরিক সংগঠনগুলো জলবায়ু তহবিলে বিশ্বব্যাংকের অন্তর্ভুক্তির বিরোধিতা করে আসছিল। কারণ, বিশ্বব্যাংক এই সুযোগে গরিব দেশগুলোয় তাদের গতানুগতিক দারিদ্র্যবিরোধী নয়া উদারবাদী শর্তগুলো চাপাতে পারবে।বাংলাদেশে সরকারি প্রতিনিধিদলের সমালোচনা করে রেজা বলেন, তারা জলবায়ু তহবিলে বিশ্বব্যাংকের অন্তর্ভুক্তির বিরোধিতা করবে বলে আগে জানালেও কানকুনে কোনো ধরনের প্রতিবাদ করেনি।সাপ্তাহিক-এর সম্পাদক গোলাম মোর্তোজা ১০০ জনের বেশি সরকারি প্রতিনিধিদলের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, এটা রাষ্ট্রীয় কোষাগারের অর্থের অপচয় বৈকি। কেননা, প্রতিনিধিদের অধিকাংশেরই জলবায়ু বিষয়ে আলোচনার কোনো ধারণা ছিল না। বেশির ভাগকেই কোনো কাজে দেখা যায়নি।মোর্তোজা অবশ্য মন্ত্রী হাসান মাহমুদের প্রজ্ঞা ও উপস্থাপনার প্রশংসা করেন। মন্ত্রীর দক্ষতার কারণেই প্রতিনিধিদল সচল ও সমন্বিত ছিল।সংবাদ সম্মেলনে বক্তারা আন্তর্জাতিক পরিমণ্ডলে সহানুভূতি ও সমর্থন আদায়ে এনজিও এবং নাগরিক সমাজ-সংগঠনগুলোর সঙ্গে আরও সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানান।