কানাডায় রিহ্যাবের আবাসন মেলা শেষ হলো
কানাডার টরন্টো শহরে প্রথমবারের মতো রিহ্যাবের উদ্যোগে আবাসন মেলা অনুষ্ঠিত হয়েছে। রিহ্যাব হাউজিং ফেয়ার, টরন্টো, ২০১১ মেলা গত শনিবার শুরু হয় এবং সোমবার শেষ হয়েছে।রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশনের (রিহ্যাব) সভাপতি সাংসদ নসরুল হামিদের সভাপতিত্বে আয়োজিত মেলার উদ্বোধন অনুষ্ঠানে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে রিহ্যাবের সাধারণ সম্পাদক মুরাদ ইকবাল চৌধুরী ও মেলার আহ্বায়ক মো. জাহিদ হোসেন উপস্থিত ছিলেন বলে রিহ্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।প্রধান অতিথির বক্তব্যে আবদুল মান্নান খান জানান, বাংলাদেশের গৃহায়ণ শিল্পে বেসরকারি উদ্যোক্তারা গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তিনি ডেভেলপারদের ভূমিকম্প প্রতিরোধে সক্ষম ও পরিবেশবান্ধব ভবন নির্মাণ এবং দেশে বিদ্যমান আইন ও নীতিমালা অনুসরণ করার আহ্বান জানান। রিহ্যাব সভাপতি নসরুল হামিদ তাঁর বক্তব্যে প্রবাসীদের দেশে বিনিয়োগের ক্ষেত্রে বর্তমান সরকার কর্তৃক প্রদত্ত বিভিন্ন সুবিধার কথা উল্লেখ করেন। এসব সুবিধার কথা বিবেচনা করে তিনি প্রবাসীদের দেশের আবাসন খাতে বিনিয়োগের জন্য আহ্বান জানান।