কানাডীয় ও অস্ট্রেলীয় মসুর ডালের আমদানি বাড়ছে
চট্টগ্রাম বন্দর দিয়ে হঠাৎ করেই কানাডা ও অস্ট্রেলিয়া থেকে মসুর ডালের আমদানি বেড়ে গেছে। নেপাল থেকে আমদানি কমে যাওয়ায় স্থানীয় ব্যবসায়ীরা এই দুই দেশের দিকেই ঝুঁকেছেন। এ কারণে বাজারে এই ডালের সরবরাহ বেড়েছে বলে জানান ব্যবসায়ীরা। সংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানান, কানাডা ও অস্ট্রেলিয়া থেকে মসুর ডাল আমদানি হয় শুধু চট্টগ্রাম বন্দর দিয়ে। চলতি ২০১২-১৩ অর্থবছরের জুলাই থেকে নভেম্বর পর্যন্ত প্রথম পাঁচ মাসে এ বন্দর দিয়ে ৬৯০ কোটি টাকা ব্যয়ে এক লাখ ১৯ হাজার টন মসুর ডাল আমদানি হয়। অথচ গত অর্থবছরের একই সময়ে আমদানি হয় মাত্র ২৯ হাজার টন। চট্টগ্রাম বন্দর ও কাস্টম হাউস সূত্রে এই হিসাব পাওয়া গেছে। জানতে চাইলে আমদানিকারক ও বিএসএম গ্রুপের চেয়ারম্যান আবুল বশর চৌধুরী প্রথম আলোকে বলেন, দাম বেশি হওয়ায় ও দুষপ্রাপ্যতার কারণে নেপাল থেকে মসুর ডাল আমদানি কমেছে। নেপালি ডালের এই ঘাটতি পূরণ হচ্ছে অস্ট্রেলিয়া ও কানাডা থেকে আমদানি করার মাধ্যমে। ফলে বাজারে সরবরাহে সমস্যা হচ্ছে না। চট্টগ্রাম বন্দরের তথ্য পর্যালোচনা করে দেখা যায়, বছরভেদে এ বন্দর দিয়ে মসুর ডালের আমদানির পরিমাণে ওঠানামা হয়ে থাকে। যেমন ২০১১-১২ অর্থবছরে ৭৮ হাজার ২৫১ টন বা ৪১৯ কোটি টাকার, ২০১০-১১ অর্থবছরে এক লাখ ৬২ হাজার টন বা ৪৭৮ কোটি টাকার মসুর ডাল আমদানি হয়। আবার ২০০৯-১০ অর্থবছরে আমদানি হয় এক লাখ ৬৪ হাজার টন। দেশে উৎপাদন কম-বেশি হলে কিংবা নেপাল থেকে আমদানি বাড়লে বা কমলে এই বন্দর দিয়ে মসুর ডাল আমদানিতে প্রভাব পড়ে। বন্দর ও কাস্টম হাউস সূত্র জানায়, চট্টগ্রাম ও ঢাকার ৮৭টি প্রতিষ্ঠান দুই অর্থবছর ধরে চট্টগ্রাম বন্দর দিয়ে মসুর ডাল আমদানি করছে। এর মধ্যে এক হাজার টনের বেশি আমদানি করে, এমন প্রতিষ্ঠানের সংখ্যা ১৭ থেকে ২০টি। কাস্টম হাউসের তথ্য পর্যালোচনায় দেখা যায়, নেপাল থেকে আমদানি কমায় এবং অস্ট্রেলিয়া ও কানাডা থেকে বাড়ায় দামের দিক থেকে আকার বাড়ছে। যেমন চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে মসুর ডাল আমদানি হয়েছে প্রায় ৬৯০ কোটি টাকার। খাতুনগঞ্জের আমদানিকারকেরা জানান, গত অর্থবছরে প্রতি কেজি নেপালি মসুর ডালের আমদানিমূল্য পড়ত ৮০ থেকে ৮৫ টাকা, যা এখন ১৩০ টাকারও বেশি। অপরদিকে কানাডা ও অস্ট্রেলিয়া থেকে গোটা মসুর ডাল আমদানি করলে মানভেদে কেজি প্রতি দাম পড়ছে ৫৫ থেকে ৬১ টাকা। এসব মসুর ডাল খোসা ছাড়ানোর পর কয়েক ধাপ পেরিয়ে বাজারজাত হয়। কানাডা ও অস্ট্রেলিয়ার মসুর ডাল মোটা ও মাঝারি—এই দুই আকারের বেশি আমদানি হয়। ব্যবসায়ীরা জানান, দেশে উৎপাদিত মসুর ডালে চাহিদা পূরণ হয় না। সে জন্য আমদানি করতে হয়। বাজারের চাহিদা ও দামের হিসাব কষেই তাঁরা আমদানি করে থাকেন।