কান্না থামছে না বিনিয়োগকারীদের!
২০০৯ সালের জানুয়ারিতে পুঁজিবাজারে বিনিয়োগ শুরু করেন মো. আলমগীর হোসেন। শুরুতেই ৯০ লাখ টাকা খাটান এ ব্যবসায়। একপর্যায়ে তাঁর পুঁজি এক কোটি ২৫ লাখ টাকায় দাঁড়ায়। এর বিপরীতে নিয়ম অনুযায়ী মার্জিন ঋণও নেন তিনি। গত রোববার বছরের শেষ কর্মদিবসে তাঁর পোর্টফোলিওতে থাকা শেয়ারের দাম দাঁড়িয়েছে ৩৪ লাখ ৩৩ হাজার টাকা। এই হিসাবে রোববার পর্যন্ত তিনি নিজের পুঁজি তো হারিয়েছেনই, হাতে থাকা শেয়ার বিক্রির পরও ব্রোকারেজ হাউস তাঁর কাছে ৫৪ লাখ ৯৪ হাজার টাকা পাবে। এ অবস্থায় খুবই মানবেতর দিন কাটাচ্ছেন আলমগীর।রোববার কথা হয় আলমগীরের সঙ্গে। তিনি প্রথম আলো ডটকমকে বলেন, ‘শেয়ারবাজারে এসে নিজের পুঁজি তো গেছেই, উল্টো ব্যাংকের দেনা মাথায় নিয়ে চলতে হচ্ছে। প্রতি মাসে গুনতে হচ্ছে ঋণের সুদ।’ তিনি আরও বলেন, ২০১০ সালের ডিসেম্বরে বাজারে ভয়াবহ ধস শুরু হলে অন্য বিনিয়োগকারীদের সঙ্গে তিনিও আন্দোলনে অংশ নেন। শেয়ারবাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনার দাবিতে এখনো আন্দোলন চালিয়ে যাচ্ছেন। বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের যুগ্ম সাংগঠনিক সম্পাদক এই বিনিয়োগকারী।মো. তাজুল ইসলাম এআইবিএল ক্যাপিটাল মার্কেট সার্ভিসেস লিমিটেডে লেনদেন করেন। তিনি ২০০৯ সালের জানুয়ারিতে শেয়ার ব্যবসা শুরু করেন; মোট ২৮ লাখ টাকা খাটিয়েছিলেন। হাউস থেকে মার্জিন ঋণও নিয়েছিলেন তিনি। বর্তমানে তাঁর পোর্টফোলিওতে থাকা শেয়ারের বাজারমূল্য প্রায় ২৩ লাখ টাকা। এই হিসাবে হাতে থাকা শেয়ার বিক্রি করে দিলেও হাউস তাঁর কাছে প্রায় সাত লাখ টাকা পাবে।কথা হয় তাজুলের সঙ্গে। তিনি প্রথম আলো ডটকমকে বলেন, ‘ভাই, একেবারে নিঃশেষ হয়ে গেছি। বিভিন্ন সময় কর্তৃপক্ষ আমাদের আশ্বস্ত করেছে। ২০১০ সালের ডিসেম্বরে শুরু হয় দরপতন। কর্তৃপক্ষ বিভিন্ন পদক্ষেপ নিলেও থামেনি দরপতন। তাই প্রতিদিনই পুঁজি হারাতে হচ্ছে আমাদের।’ তিনি আরও বলেন, ‘আমরা নতুন কোনো পদক্ষেপ চাই না; বিভিন্ন সময় গৃহীত পদক্ষেপগুলোর বাস্তবায়ন চাই।’আইআইডিএফসি সিকিউরিটিজ লিমিটেডে ২০০৮ সালের মাঝামাঝিতে শেয়ার ব্যবসা শুরু করেন আরেক বিনিয়োগকারী মো. রুবেল হোসেন। তিনি পেশায় একজন ছাত্র; বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। দুই লাখ ৫০ হাজার টাকা দিয়ে শুরু করেন ব্যবসা। একপর্যায়ে তাঁর পোর্টফোলিওতে থাকা শেয়ারের দাম প্রায় ১২ লাখ টাকায় দাঁড়ায়। পরে এর বিপরীতে প্রায় ১২ লাখ টাকা মার্জিন ঋণ নেন তিনি। বাজারে ধসের পর বর্তমানে তাঁর হাতে থাকা শেয়ারের দাম প্রায় সাড়ে সাত লাখ টাকা। এখন তাঁর কাছে প্রায় সাড়ে ১৪ লাখ টাকা পাবে হাউস।কেবল আলমগীর, তাজুল অথবা রুবেল নন, এমন আবস্থা শেয়ার ব্যবসা করতে আসা লাখো বিনিয়োগকারীর। এসব বিনিয়োগকারীর কান্নায় ভারী হয়ে ওঠে মতিঝিলের রাজপথ। বাজার ধসের দুই বছর পার হলেও কান্না থামছে না তাঁদের।বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ২০১০ সালের ডিসেম্বরে দেশের শেয়ারবাজারে ধস শুরু হয়। দুই বছর পরও এর রেশ কাটেনি। অব্যাহতভাবে দরপতন চলছে বাজারে। এতে করে দিন দিন আরও বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন বিনিয়োগকারীরা। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাজারে স্থিতিশীলতা আনতে বেশ কিছু পদক্ষেপ নেন। তবে বাস্তবে এর ফল পাননি বিনিয়োগকারীরা। তাই নতুন বছরে আগের পদক্ষেপগুলো বাস্তবায়ন চান তাঁরা। একই সঙ্গে একটি স্থিতিশীল বাজারও চান বিনিয়োগকারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।এ বিষয়ে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি মোহাম্মদ এ হাফিজ প্রথম আলো ডটকমকে বলেন, দেশের শেয়ারবাজারে আস্থার অভাব রয়েছে। এটা এক দিনে হয়নি। সংশ্লিষ্ট মহলের পক্ষ থেকে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলা হয়েছে। বিভিন্ন আশার বাণী শোনানো হয়েছে। এতে বিনিয়োগকারীরা বারবার আশান্বিত হয়ে বাজারে এসেছেন। কিন্তু পরবর্তী সময়ে তাঁরা আবার আশাহত হয়েছেন। এ অবস্থায় বাজারে আস্থা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সমন্বিত পদক্ষেপ দরকার। সব পক্ষ একসঙ্গে কাজ করলে বাজারে স্থিতিশীলতা আনা সম্ভব বলে মনে করেন তিনি।চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সভাপতি আল মারুফ খান প্রথম আলো ডটকমকে বলেন, ‘আমরা বারবার দীর্ঘ মেয়াদে বিনিয়োগের কথা বলে আসছি। গত বছর, অর্থাত্ ২০১২ সালে দেখা যায়, যাঁরা দীর্ঘ মেয়াদে বিনিয়োগ করেছেন, তাঁদের অধিকাংশই পুঁজি হারিয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন।’আল মারুফ খান বলেন, এ অবস্থায় সম্প্রতি সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ আইন সংশোধন করে নতুন আইন করা হয়েছে। এর মাধ্যমে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) আরও বেশি ক্ষমতা দেওয়া হয়েছে। বিএসইসির নিজস্ব সার্ভিলেন্স সফটওয়্যার স্থাপন করা হয়েছে। তালিকাভুক্ত কোম্পানিগুলোর করপোরেট গভর্নেন্স নিশ্চিত করার পদক্ষেপ নেওয়া হয়েছে। এ ছাড়া দুই স্টক এক্সচেঞ্জকে ডিমিউচুয়ালাইজেশনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব পদক্ষেপ বাস্তবায়িত হলে বাজারে শৃঙ্খলা ফিরে আসবে, বিনিয়োগকারীদের মধ্যে আস্থার সঞ্চার হবে। একই সঙ্গে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের তাদের কর্তব্য যথাযথভাবে পালন করতে হবে।সব মিলিয়ে নতুন বছরে বাজারে গতিশীলতা আসবে, বাজার স্থিতিশীল হবে এবং বিনিয়োগকারীরা ক্ষতি পুষিয়ে নিতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন আল মারুফ খান।