কাপ্তাই হ্রদে ৭ দিন পর মাছ শিকার শুরু হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক সপ্তাহ বন্ধ থাকার পর গতকাল বুধবার জেলেরা কাপ্তাই হ্রদে মাছ শিকার শুরু করেছেন, যা আজ বৃহস্পতিবার থেকে ব্যবসায়ীরা জেলার বাইরে সরবরাহ করবেন।স্থানীয় জেলে, ব্যবসায়ী ও শ্রমিকদের ডাকা ধর্মঘটের কারণে এই হ্রদে এক সপ্তাহ মাছ শিকার ও তা রাঙামাটি জেলার বাইরে সরবরাহ বন্ধ থাকে। বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) শুল্কহার বাড়ানোর প্রতিবাদে ১ সেপ্টেম্বর থেকে এ ধর্মঘট ডাকা হয়। কাপ্তাই হ্রদ এলাকার মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক উদয়ন বড়ুয়া জানান, জেলা প্রশাসকের আহ্বানে গতকাল বিএফডিসি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ব্যবসায়ী সংগঠন এবং শ্রমিক ও জেলে সম্প্রদায়ের প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত এক সমঝোতা বৈঠকে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত হয়।উদয়ন বড়ুয়া জানান, বৈঠকে হ্রদের আহরিত মাছের ওপর সবার কাছে গ্রহণযোগ্য একটি শুল্কহার নির্ধারণের জন্য উপকমিটি গঠন করা হয়। তিনি আরও জানান, বিএফডিসি প্রশাসনসহ কোনো পক্ষকে না জানিয়েই একতরফাভাবে মাছের শুল্কহার বাড়ায়। এ নিয়ে বিএফডিসির রাঙামাটি কেন্দ্রের ব্যবস্থাপকের সঙ্গে আলোচনায় বসলেও তা ব্যর্থ হয়। যোগাযোগ করা হলে জেলা প্রশাসক সৌরেন্দ্রনাথ চক্রবর্তী প্রথম আলোর কাছে মাছ আহরণ ও সরবরাহের বিষয়ে সমঝোতা হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, কাপ্তাই হ্রদ জাতীয় সম্পদ। বিএফডিসিসহ এই হ্রদের সঙ্গে সংশ্লিষ্ট সবার কাছে গ্রহণযোগ্য সমাধান নিশ্চিত করতে উপকমিটি করা হয়েছে। বিএফডিসির রাঙামাটি কেন্দ্রের ব্যবস্থাপক কমান্ডার জহিরুল আলিম জানান, শুল্কহার নির্ধারণে গঠিত সাত সদস্যের কমিটি ২৪ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দেবে।সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, কাপ্তাই হ্রদ থেকে প্রতিদিন গড়ে ৩৫ মেট্রিক টন মাছ জেলার বাইরে সরবরাহ করা হয়। এখানকার মাছ শিকার ও সরবরাহের কাজে জেলে, ব্যবসায়ী ও শ্রমিক মিলে প্রায় ৮০ হাজার মানুষ সম্পৃক্ত রয়েছে।