কাপড় আমদানিতে নজরদারি চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশীয় বস্ত্র ব্যবসার জন্য ব্যাংকঋণের সুদের হার কমানো ও বিদেশ থেকে কাপড় আমদানিতে নজরদারি বাড়ানো প্রয়োজন বলে মনে করেন বাংলাদেশ ক্লথ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি প্রবীর কুমার সাহা। প্রবীর সাহার মতে, বিদেশ থেকে কাপড় আমদানির ওপর সর্বমোট শুল্ক এখন ৬৫ শতাংশ। শুল্কহার বেশি হওয়ায় মূল্য কম দেখিয়ে বা আন্ডার ইনভয়েস করে অনেক ক্ষেত্রে কাপড় আমদানি হচ্ছে। এতে সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। তাই কাপড়ের প্রকৃত মূল্য যথাযথভাবে নির্ধারণে পিএসআই কোম্পানিগুলোকে নজরদারিতে রাখার প্রস্তাব করেছেন প্রবীর সাহা। আসন্ন ২০১২-১৩ অর্থবছরের বাজেট সামনে রেখে প্রথম আলোর সঙ্গে আলাপকালে প্রবীর সাহা এসব কথা বলেন। তিনি পর পর তিন মেয়াদে বাংলাদেশ ক্লথ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন। বর্তমানে নারায়ণগঞ্জ চেম্বারের পরিচালক। এ ছাড়া দীর্ঘদিন ধরে এফবিসিসিআই, বিকেএমইএ, ইয়ার্ন মার্চেন্টস অ্যাসোসিয়েশনের নির্বাচন পরিচালনা কমিটিতে সম্পৃক্ত রয়েছেন।দেশীয় বস্ত্র ব্যবসার বিষয়ে প্রবীর সাহা বলেন, রূপগঞ্জের জামদানি ও টাঙ্গাইলের তাঁতের শাড়ির বিরাট বাজার রয়েছে ভারতে। দেশের বিভিন্ন অঞ্চলে তাঁতিরা এখনো হাতে টানা মাকুতে কাপড় বোনেন। এতে তাঁতিদের পরিশ্রম ও সময় বেশি লাগলেও বিদ্যুতের ব্যবহার হয় না। এ ধরনের তাঁতিদের বিনা শর্তে স্বল্প সুদে ব্যাংকঋণ দেওয়া উচিত, যাতে তাঁরা সুতা ও রং কিনতে পারেন। গ্যাস ও বিদ্যুৎ-সংকটের কারণে দেশে ছোট-বড় সব ধরনের বস্ত্রশিল্পে বর্তমানে সংকট চলছে উল্লেখ করে প্রবীর সাহা বলেন, কুইক রেন্টাল বিদ্যুৎ প্লান্ট বিদ্যুতের আপৎকালীন সমাধান হলেও সরকারের উচিত কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র গড়ে তোলা। পাশাপাশি গ্যাসের উৎপাদন বাড়ানো। বস্ত্রশিল্পে ব্যাংকঋণের সুদের হারও কমানো উচিত বলে মনে করেন তিনি। প্রবীর সাহা ঢালাওভাবে কালোটাকা সাদা করার সুযোগ দেওয়ার বিরোধিতা করেন। তিনি বলেন, যাঁরা নিয়মিত আয়কর দিয়েছেন, তাঁরা জরিমানা প্রদান সাপেক্ষে নির্ধারিত কর দিয়ে অপ্রদর্শিত আয় বৈধ করার সুযোগ পেতে পারেন। আর এই টাকা দেশে বিনিয়োগ করতে হবে। তবে কোনো অবস্থাতেই অবৈধ উপায়ে অর্জিত অপ্রদর্শিত আয়কে এ সুযোগ দেওয়া উচিত নয়। প্রবীর সাহা আরও বলেন, আসন্ন বাজেট হওয়া উচিত বিনিয়োগবান্ধব এবং সাধারণ মানুষের চাহিদা পূরণের উপযোগী। টিআইএনধারীদের কর প্রদানে উদ্বুদ্ধ করা এবং করের পরিমাণ না বাড়িয়ে পরিধি বাড়ানোর সুপারিশ করেন তিনি।