কাফকোতে নতুন করে ১০০ কোটি ডলার বিনিয়োগ হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুজাতিক রপ্তানিমুখী শিল্প কর্ণফুলী সার কারখানায় নতুন করে ১০০ কোটি ডলার বা সাত হাজার কোটি টাকা বিনিয়োগের চিন্তাভাবনা করছে কোম্পানির পরিচালনা পর্ষদ। এই বিনিয়োগ দিয়ে দৈনিক সাড়ে তিন হাজার থেকে চার হাজার টন ক্ষমতাসম্পন্ন কাফকোর দ্বিতীয় ইউনিট তৈরির পরিকল্পনা হচ্ছে। তবে এটি নির্ভর করছে মূলত গ্যাস পাওয়ার সম্ভাবনার ওপর।গত বৃহস্পতিবার প্রথম আলোর সঙ্গে আলাপকালে কাফকোর ১৫ শতাংশ অংশের মালিক ডেনমার্কের হালদর টপসোয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা নেইল কেজেল সোরেনসন এসব কথা বলেন। কাফকোর নতুন সম্ভাবনা তুলে ধরার পাশাপাশি পুরোনো অনেক বিতর্কেরও জবাব দেন হালদর টপসোয়ের প্রধান নির্বাহী।১৯৬০ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে প্রথমবার এসেছিলেন নেইল কেজেল সোরেনসন। তিনি জানান, এ অঞ্চল যেহেতু কৃষিপ্রধান, তাই এখানে সারের বাজার ভালো। কিন্তু নিজের প্রযুক্তি এখানে নিয়ে আসার মতো তখন যোগাযোগ এবং এখানে বিনিয়োগের মতো কোনো বিনিয়োগকারীর সঙ্গে পরিচয় ছিল না। স্বাধীনতার পর তেমন একটা আসা হয়নি বাংলাদেশে। ১৯৮০ সালের শেষ দিকে একটি আন্তর্জাতিক সেমিনার থেকে আবারও বাংলাদেশে একটি আন্তর্জাতিক সার কারখানা নির্মাণের বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা হয়।হালদর টপসোয়ের মূলত অ্যামোনিয়া সার তৈরির প্রযুক্তি সরবরাহ করে থাকে। বাংলাদেশে কৃষি খাতের সম্ভাবনাময় বিকাশের কারণে কাফকো প্রকল্পে প্রযুক্তি দেওয়ার পাশাপাশি বিনিয়োগকারীও খোঁজার জন্য সরকারকে সহায়তা করে হালদর টপসোয়ে।তবে নেইল কেজেল সোরেনসন বলেন, গ্যাসের যে দাম ধরা হয়, সেটি একটি ফর্মুলার ভিত্তিতে। ওই সময় আন্তর্জাতিক বাজারে সারের যে দাম ছিল, তার সঙ্গে মিলিয়ে গ্যাসের দাম নির্ধারণ করা হয়। কিন্তু এগুলো সব পুরোনো বিতর্ক। আর সার প্রস্তুতের কাজে বাংলাদেশে এখন যেসব কারখানা চালু আছে, সেগুলোর মধ্যে কাফকো সবচেয়ে বেশি দামে গ্যাস কিনে থাকে।কিন্তু প্রাক্কলিত ব্যয়ের চেয়ে ১৩ কোটি ২৭ লাখ ডলার বেশি ব্যয়ে নির্মিত কারখানাটি চালু হওয়ার পরপরই বন্ধ হয়ে যায়। ১৯৯৪ সালের ডিসেম্বর মাসে কারখানাটি আনুষ্ঠানিকভাবে চালু হয়। কিন্তু ২০০০ সাল পর্যন্ত যান্ত্রিক ত্রুটির কারণে অন্তত ৩৬ বার বন্ধ হয়ে যায়। অভিযোগ আছে, অত্যন্ত নিম্নমানের যন্ত্রপাতি দিয়ে কারখানটি স্থাপন করা হয়েছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের বাংলাদেশ চ্যাপ্টারের এক প্রতিবেদনে এ সম্পর্কে বিস্তারিত বিবরণ দেওয়া আছে।তবে হালদর টপসোয়ের প্রধান নির্বাহী এ বক্তব্যের সঙ্গে একমত নন। তিনি বলেন, শুরুতে মিলটি চালু করার ক্ষেত্রে সমস্যা থাকলেও এখন কাফকো একটি আন্তর্জাতিক মানের সার কারখানা। এ কোম্পানি থেকে বর্তমানে বিপুল পরিমাণ রাজস্ব আয় হচ্ছে। ২০০৮-০৯ অর্থবছরে কাফকো ছিল অন্যতম সর্বোচ্চ করদাতা কোম্পানি। কোম্পানি থেকেও এখন নিয়মিত আয় হচ্ছে। সব ঋণের অর্থ পরিশোধ করা হয়েছে। ২০০৮-০৯ অর্থবছরে প্রত্যেক কর্মকর্তা-কর্মচারী গড়ে ছয় হাজার ডলার করে বোনাস পেয়েছেন। ফলে এই কোম্পানি এখন একটি লাভজনক সম্পদ হিসেবে পরিণত হয়েছে, যে কারণে বোর্ড নতুন করে আবারও দ্বিতীয় প্ল্যান্টটি তৈরির কথা ভাবছে।নেইল কেজেল সোরেনসন বলেন, কাফকোর কারখানা নিয়ে যেসব বিতর্ক উঠেছে, সেগুলো রাজনৈতিক। কিছু ত্রুটিবিচ্যুতি হয়ে থাকতে পারে। তবে এ কোম্পানিতে বিনিয়োগ করে বাংলাদেশ সরকার বা অন্য উদ্যোক্তারা কেউ ক্ষতির সম্মুখীন হয়নি বলে তিনি মন্তব্য করেন।সোরেনসন আরও বলেন, বাংলাদেশের একটি উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে। এখানকার মানুষ অত্যন্ত পরিশ্রমী এবং শ্রমের ব্যয় অনেক সস্তা। অবকাঠামোয় কিছু দুর্বলতা আছে। তার পরও বাংলাদেশ এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।