কাবুল ব্যাংকের নিয়ন্ত্রণ নিতে আফগান কেন্দ্রীয় ব্যাংকের পদক্ষেপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন সমস্যায় জর্জরিত কাবুল ব্যাংকের নিয়ন্ত্রণ নেওয়ার পদক্ষেপ নিয়েছে। এ ব্যাপারে আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের প্রধান আবদুল কাদির ফিতরাত বলেন, কাবুল ব্যাংকের শীর্ষ দুই পরিচালক এবং শেয়ারহোল্ডারদের মধ্যে যেসব লেনদেন হয়েছে সে বিষয়ে তদন্ত শুরু হয়েছে।দুর্নীতি ও অব্যবস্থাপনার দায়ে ব্যাংকটি বন্ধ হয়ে যেতে পারে, এমন আশঙ্কায় গ্রাহকেরা এরই মধ্যে ব্যাংক থেকে তাদের অর্থ তুলে নিতে শুরু করেছে। এ মাসের শুরুতে আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের প্রধান ফিতরাত বলেছিলেন, কাবুল ব্যাংকটি অর্থ জমা রাখা ও ব্যবসার জন্য নিরাপদ। ওই সময় তিনি কাবুল ব্যাংকের ওপর কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপের বিষয়টিকে অস্বীকার করে বলেছিলেন, গণমাধ্যম বিষয়টিকে অতিরঞ্জিত করেছে।দেশটির প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের ভাই মাহমুদ কারজাই এই ব্যাংকের অন্যতম অংশীদার। প্রেসিডেন্ট কারজাইয়ের ঘনিষ্ঠ একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এ বিষয়ে বলেন, জাতির অর্থনৈতিক ব্যবস্থার নিরাপত্তার স্বার্থেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, কাবুল ব্যাংকের প্রতিটি অর্থের মালিক আফগানরা এবং প্রতিটি অর্থেরই হিসাব নেওয়া হবে। আফগানিস্তানের এ শীর্ষ ব্যক্তিমালিকাধীন ব্যাংকটির মাধ্যমে দেশের আড়াই লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারীর বেতন-ভাতা দেওয়া হয়।দ্য নিউইয়র্ক টাইমস এবং ওয়াল স্ট্রিট জার্নাল এ-সংক্রান্ত প্রতিবেদনে জানায়, কাবুল ব্যাংক এখন প্রায় ৩০ কোটি ডলার ঋণের বোঝা নিয়ে চলছে। কেন্দ্রীয় ব্যাংক গত সপ্তাহে কাবুল ব্যাংকের সাবেক চেয়ারম্যান, প্রধান নির্বাহী ও প্রধান অংশীদারদের সম্পদ জব্দ করে।তবে সম্পত্তি জব্দ করা ব্যক্তিদের তালিকায় হামিদ কারজাইয়ের ভাই মাহমুদ কারজাই নেই। কারণ, ওই ব্যাংকে তাঁর নামে কোনো সম্পত্তি নেই।এদিকে গত সপ্তাহে একজন মুখপাত্র সংবাদ সংস্থা রয়টার্সকে জানান, দেশটির প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ কাসিম ফাহিমের ভাই মোহাম্মদ হাসিন ওই অংশীদারদের মধ্যে রয়েছেন।—বিবিসি