কার হাতে কত সম্পদ

ধনী-গরিবের আয় বা সম্পদের ব্যবধান এখন বিশ্বজুড়েই বড় সমস্যা। বড় অর্থনীতির দেশগুলোতেও এ সমস্যা প্রকট। আর অল্প আয়ের দেশগুলোতে তো এই সমস্যা দীর্ঘদিনের। দেখা গেছে, বিশ্বের সবচেয়ে ধনী ১ শতাংশ মানুষের হাতেই আছে বিশ্বের প্রায় ৫০ শতাংশ সম্পদ। বিপদের কথা হচ্ছে প্রতিবছরই ধনীদের হাতে থাকা সম্পদ ১ থেকে ২ শতাংশ হারে বাড়ছে। বলা হচ্ছে ২০১৬ সাল নাগাদ এই সম্পদ ৫০ শতাংশ ছাড়িয়ে যাবে। এ কারণেই নোবেল বিজয়ী অর্থনীতিবিদ জোসেফ স্টিগলিজ লিখেছিলেন, ‘অফ দ্য ওয়ান পারসেন্ট, বাই দ্য ওয়ান পারসেন্ট, ফর দ্য ওয়ান পারসেন্ট’।
ধনীদের সম্পদ নিয়ে সর্বশেষ বৈশ্বিক প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে এই অক্টোবরেই। সুইজারল্যান্ডভিত্তিক আর্থিক সেবা প্রতিষ্ঠান ক্রেডিট সুইস প্রতিবছর বিশ্ব সম্পদ প্রতিবেদন প্রকাশ করে। নতুন প্রতিবেদনে বলা হয়েছে বিশ্বের মাত্র দশমিক ৭ শতাংশ ধনীর হাতে আছে বিশ্বের ৪৫ দশমিক ২ শতাংশ সম্পদ। আর ৭১ শতাংশ মানুষের হাতে আছে ৩ শতাংশ সম্পদ। তবে ১ শতাংশ ধরে হিসাব করলে সম্পদ-বৈষম্যের চিত্রটি আরও ভালোভাবে বুঝতে পারা যাবে। খুব সহজভাবে বলা যায়, বিশ্বের ১ শতাংশ মানুষের হাতে আছে বিশ্বের ৫০ শতাংশ সম্পদ, আর ৫০ শতাংশ দরিদ্র মানুষের হাতে আছে মাত্র ১ শতাংশ সম্পদ।