নিরাপত্তার স্বার্থে অগ্নিকাণ্ডসহ অন্যান্য দুর্ঘটনায় প্রতিকারমূলক ব্যবস্থা গড়ে তোলার জন্য কোনো পোশাক কারখানা বন্ধ রাখা হলে প্রথম দুই মাসের বেতন পাবেন শ্রমিকেরা। বেতনের ৫০ শতাংশ দেবে উত্তর আমেরিকার ক্রেতাদের জোট অ্যালায়েন্স ফর বাংলাদেশ ওয়ার্কার সেফটি। বাকি টাকা দেবেন কারখানার মালিকেরা।
গতকাল বৃহস্পতিবার স্থানীয় এক হোটেলে অ্যালায়েন্স এবং পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। এতে উপস্থিত ছিলেন সফররত অ্যালায়েন্সের স্বতন্ত্র সভাপতি অ্যালেন টশার, বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম, অ্যালায়েন্স বাংলাদেশের বোর্ড পরিচালক মোহাম্মদ এ (রুমী) আলী, উপদেষ্টা ওয়াজেদ-উল ইসলাম, শুকুর মাহমুদ, সিরাজুল ইসলাম প্রমুখ।
গত বছর রানা প্লাজার দুর্ঘটনায় সহস্রাধিক শ্রমিকের প্রাণহানির পর বাংলাদেশে কাজ শুরু করেছে অ্যালায়েন্স।
সংবাদ সম্মেলনে জানানো হয়, অ্যালায়েন্স জোটের জন্য পণ্য তৈরি করে এমন ৭০০ কারখানার মধ্যে অর্ধেকের বেশি প্রতিষ্ঠানের পরিদর্শন শেষ হয়েছে। এর মধ্যে অগ্নিকাণ্ড প্রতিরোধ ব্যবস্থা ত্রুটিমুক্ত করতে একটি কারখানা ১৩ দিন বন্ধ রাখতে হয়েছে। আরও দুটি কারখানা সম্পর্কে নেতিবাচক প্রতিবেদন জমা দিয়েছে অ্যালায়েন্স।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ২০১৪ সালের জুলাই মাসের মধ্যে ১০ লাখ শ্রমিককে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। এখন পর্যন্ত চার লাখ শ্রমিক ও ব্যবস্থাপককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
এ ছাড়া শ্রমিকদের নিরাপত্তার স্বার্থে কারখানার কর্মপরিবেশ উন্নত করতে আগামী পাঁচ বছরে পাঁচ কোটি ডলার ব্যয় করবে অ্যালায়েন্স।
সংবাদ সম্মেলনে অ্যালান টশার বলেন, ‘কোনো শ্রমিক ও তাঁর পরিবারের সদস্যদের ঝুঁকির মধ্যে থাকতে দেবে না অ্যালায়েন্স। মূলত প্রশিক্ষণের মাধ্যমে অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্ঘটনা প্রতিরোধব্যবস্থা গড়ে তোলাই আমাদের লক্ষ্য। কারখানা ও শ্রমিকের নিরাপত্তাই মূল কথা।’ তিনি আরও বলেন, ‘প্রতিকারমূলক ব্যবস্থা উন্নত করতে কারখানা বন্ধ রাখতে হতে পারে। সেই সময়ে যাতে শ্রমিকেরা কর্মহীন না হন, সে জন্যই মূলত আমরা বেতনের ৫০ শতাংশ অর্থ দেব।’
আতিকুল ইসলাম বলেন, ‘রানা প্লাজার দুর্ঘটনার পর কারখানায় প্রতিকারমূলক ব্যবস্থা উন্নত করতে মালিক, ক্রেতা, সরকার, শ্রমিক—সবাই একত্র হয়ে কাজ করছি। শ্রমিকদের নিরাপত্তাই সবার আগে চিন্তা করতে হবে।’ তিনি জানান, ক্রেতাদের অপর জোট অ্যাকর্ডের পরিদর্শনের মাধ্যমে বেশ কয়েকটি কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে সাড়ে ১১ হাজার শ্রমিক বেকার হয়ে গেছেন। মালিকেরা তাঁদের বেতন দিতে পারছেন না বলে তিনি জানান।
তবে ওয়াজেদুল ইসলাম বলেন, প্রতিকারমূলক ব্যবস্থা গড়ে তুলতে কোনো কোনো কারখানা দুই মাসের বেশি বন্ধ রাখা হতে পারে। সে ক্ষেত্রে শ্রমিকদেরও দুই মাসের বেশি বেতন দেওয়া উচিত।
১১ কোটি ডলারের কার্যাদেশ বাতিল: তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম দাবি করছেন, অন্য ভবনে বা শেয়ারড বিল্ডিংয়ে থাকা কারখানা থেকে ব্যবসা গুটাচ্ছে বিদেশি ক্রেতা প্রতিষ্ঠান। এ ধরনের ৫৭ কারখানা থেকে গত ছয় মাসে ১১ কোটি ডলারের পোশাক কার্যাদেশ বাতিল হয়েছে। সংখ্যার হিসাবে প্রায় ২০ কোটি পিস পোশাক।
সমিতির পক্ষ থেকে ৪১৯টি কারখানায় জরিপ চালিয়ে এমন তথ্য পাওয়া গেছে বলে জানান বিজিএমইএর সভাপতি। তিনি বলেন, যারা এই কার্যাদেশ বাতিল করেছে তারা পোশাক ক্রেতাদের জোট অ্যাকর্ড ও অ্যালায়েন্সের সদস্য। আর এসব প্রতিষ্ঠান কিন্তু পাঁচ বছর বাংলাদেশে ব্যবসা করার প্রতিশ্রুতি দিয়েই অ্যাকর্ড ও অ্যালায়েন্সের চুক্তি করেছে।
রাজধানীর জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কার্যালয়ে গতকাল প্রাক-বাজেট আলোচনায় এই দাবি করেন বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম। তবে কৌশলগত কারণে কার্যাদেশ বাতিল করা কোনো ক্রেতা বা ব্র্যান্ডের নাম উল্লেখ করতে অস্বীকৃতি জানান তিনি।
বিজিএমইএর সভাপতি অভিযোগ করে বলেন, অ্যাকর্ড ও অ্যালায়েন্সের কাছে এই বিষয়ে সুরাহার আবেদন জানিয়েও কোনো ফল পাওয়া যাচ্ছে না। তিনি বলেন, ‘পোশাকশিল্পের ৪০ শতাংশ কারখানাই শেয়ারড বিল্ডিংয়ে। আর এসব কারখানায় ১৫ লাখ শ্রমিক কাজ করেন। এভাবে কার্যাদেশ বাতিল হলে লাখ লাখ শ্রমিক বেকার হবেন। সে জন্য আমরা ক্রেতাদের বলতে চাই, এখনই এগুলো অন্যত্র স্থানান্তর সম্ভব না। সে জন্য অবশ্যই মালিকদের সময় দিতে হবে।’
জানতে চাইলে বিজিএমইএর সহসভাপতি শহিদুল্লাহ আজিম প্রথম আলোকে বলেন, কার্যাদেশ বাতিল করার তালিকায় ছোটবড় সব ধরনের ক্রেতাপ্রতিষ্ঠান ও ব্র্যান্ড আছে। তিনি বলেন, ক্রেতারা লুকোচুরি খেলছেন। কার্যাদেশ বাতিল করলেও তাঁরা এর পেছনের সঠিক কারণ উল্লেখ করছেন না। কারণ এতে করে আন্তর্জাতিকভাবে চাপে পড়ার আশঙ্কা আছে।