কারখানা বন্ধ থাকলে দুই মাসের বেতন পাবেন শ্রমিকেরা
নিরাপত্তার স্বার্থে অগ্নিকাণ্ডসহ অন্য দুর্ঘটনার প্রতিকারমূলক ব্যবস্থা গড়ে তোলার জন্য কোনো পোশাক কারখানা বন্ধ রাখা হলে প্রথম দুই মাসের বেতন পাবেন শ্রমিকেরা। বেতনের ৫০ শতাংশ দেবে উত্তর আমেরিকার ক্রেতাদের জোট অ্যালায়েন্স ফর বাংলাদেশ ওয়ার্কার সেফটি। বাকি টাকা দেবেন কারখানার মালিকেরা।
আজ বৃহস্পতিবার অ্যালায়েন্স ও পোশাক কারখানা মালিকদের সংগঠন বিজিএমইএর যৌথ সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। এতে উপস্থিত ছিলেন সফররত অ্যলায়েন্সের স্বতন্ত্র সভাপতি অ্যালেন টশার, বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম, অ্যালায়েন্স বাংলাদেশের বোর্ড পরিচালক মোহাম্মদ এ আলী (রুমী), উপদেষ্টা ওয়াজিদুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক লীগের সভাপতি শুকুর মাহমুদ, শ্রমিকনেতা সিরাজুল ইসলাম প্রমুখ।
অ্যালায়েন্স উত্তর আমেরিকার ২৬টি পোশাক কোম্পানি, খুচরা বিক্রেতাদের সংগঠন। গত বছর রানা প্লাজার দুর্ঘটনায় ব্যাপক প্রাণহানির পর বাংলাদেশে কাজ শুরু করে অ্যালায়েন্স।
সংবাদ সম্মেলনে জানানো হয়, অ্যালায়েন্স জোটের জন্য পণ্য তৈরি করে এমন ৭০০ কারখানার মধ্যে অর্ধেকের বেশি প্রতিষ্ঠান পরিদর্শন শেষ হয়েছে। এর মধ্যে অগ্নিকাণ্ড প্রতিরোধ-ব্যবস্থা ত্রুটিমুক্ত করতে একটি কারখানা ১৩ দিন বন্ধ রাখতে হয়েছে। আরও দুটি কারখানা সম্পর্কে নেতিবাচক প্রতিবেদন জমা দিয়েছে অ্যালায়েন্স।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ২০১৪ সালের জুলাই মাসের মধ্যে ১০ লাখ শ্রমিককে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। এখন পর্যন্ত ৪ লাখ শ্রমিক ও ব্যবস্থাপককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এ ছাড়া শ্রমিকদের নিরাপত্তার স্বার্থে কারখানার কর্মপরিবেশ উন্নত করতে ৫ বছরে ৫ কোটি ডলার ব্যয় করবে অ্যালায়েন্স।
অ্যালান টশার বলেন, ‘কোনো শ্রমিক ও তাঁর পরিবারের সদস্যদের ঝুঁকির মধ্যে থাকতে দেবে না অ্যালায়েন্স। মূলত প্রশিক্ষণের মাধ্যমে অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্ঘটনা প্রতিরোধ-ব্যবস্থা গড়ে তোলাই আমাদের লক্ষ্য। কারখানা ও শ্রমিকের নিরাপত্তাই মূল কথা।’ তিনি আরও বলেন, ‘প্রতিকারমূলক ব্যবস্থা উন্নত করতে কারখানা বন্ধ রাখতে হতে পারে। সেই সময়ে যাতে শ্রমিকেরা কর্মহীন না হয় সে জন্যই মূলত আমরা বেতনের ৫০ শতাংশ অর্থ দেব।’
আতিকুল ইসলাম বলেন, ‘রানা প্লাজার দুর্ঘটনার পর কারখানায় প্রতিকারমূলক ব্যবস্থা উন্নত করতে মালিক, ক্রেতা, সরকার, শ্রমিক সবাই একত্র হয়ে কাজ করছি। শ্রমিকদের নিরাপত্তাই সবার আগে চিন্তা করতে হবে।’ তিনি জানান, ক্রেতাদের অপর জোট অ্যাকোর্ড-এর পরিদর্শনের মাধ্যমে বেশ কয়েকটি কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে সাড়ে ১১ হাজার শ্রমিক বেকার হয়ে গেছেন। মালিকেরা তাঁদের বেতন দিতে পারছেন না।
ওয়াজিদুল ইসলাম সুপারিশ করেন, প্রতিকারমূলক ব্যবস্থা গড়ে তুলতে কারখানা দুই মাসের বেশি বন্ধ রাখা হতে পারে। সেক্ষেত্রে শ্রমিকদের বেতনও দুই মাসের বেশি দেওয়া উচিত।