কারখানা বন্ধ রেখে সমাবেশের নির্দেশ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) আহ্বানে ব্যবসায়ীদের সাদা পতাকা কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য নারায়ণগঞ্জে বিভিন্ন তৈরি ও নিট পোশাক কারখানা বন্ধ রাখতে বাধ্য করেছেন বাংলাদেশ নিট পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) সভাপতি সেলিম ওসমান। আর শ্রমিক-কর্মচারীদের নিয়ে কর্মসূচিতে যোগ দিতে বাধ্য করায় শেষ পর্যন্ত বেশির ভাগ শিল্পকারখানা দুপুরের পর অঘোষিত ছুটি হয়ে যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিল্পমালিক প্রথম আলোকে জানান, নারায়ণগঞ্জের রপ্তানিমুখী প্রায় সব কারখানাই বিজিএমইএ ও বিকেএমইএর সদস্য। দুটি সংগঠনের সভাপতিই লিখিত পত্রে ও মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে কর্মসূচিতে সদস্যদের যোগদানের আহ্বান জানান। তবে বিকেএমইএর সভাপতি সেলিম ওসমান নারায়ণগঞ্জ অঞ্চলের কারখানার মালিকদের কারখানা বন্ধ রেখে কর্মচারী-শ্রমিকদের নিয়ে চাষাঢ়ায় বিজয়স্তম্ভে কর্মসূচিতে আসার জন্য বলেন।

জানা গেছে, অনুগতরা গতকাল রোববার সকাল থেকেই ফতুল্লা শিল্পাঞ্চল ও শহরের বিভিন্ন কারখানায় ঢুকে মালিকদের কারখানা বন্ধ করে শ্রমিকদের জোরপূর্বক চাষাঢ়ায় বিজয়স্তম্ভে নিয়ে যেতে বাধ্য করে। এরপর বেশির ভাগ শ্রমিক সমাবেশ থেকে কারখানায় না ফিরে বাড়িতে চলে যান। ফলে দুপুরে বিরতির পর বেশির ভাগ কারখানায় শ্রমিক উপস্থিতি ছিল নগণ্য।

ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, এমনিতেই টানা হরতাল-অবরোধে রপ্তানিপণ্য পাঠানো যাচ্ছে না, বন্দর থেকে কাঁচামালও আনা যাচ্ছে না। ফলে ব্যয় বেড়ে যাচ্ছে। এ রকম অবস্থায় ব্যবসায়ীদের সমাবেশের নাম ভাঙিয়ে কারখানা বন্ধ রেখে শ্রমিক-কর্মচারীদের নিয়ে সমাবেশে যোগ দিতে বাধ্য করায় একটি কর্মদিবস নষ্ট হয়েছে। ব্যাহত হয়েছে উৎপাদন।

এ বিষয়ে মুঠোফোনে চেষ্টা করেও সেলিম ওসমানের সঙ্গে যোগাযোগ করা যায়নি। তবে  বিকেএমইএর সহসভাপতি মোহাম্মদ হাতেম প্রথম আলোকে বলেন, ‘কারখানা বন্ধ রেখে শ্রমিকদের নিয়ে সমাবেশে যোগ দেওয়ার জন্য বিকেএমইএ থেকে কোনো সার্কুলার বা নির্দেশনা প্রদান করা হয়নি।’

উল্লেখ্য, বিজিএমইএ তাদের সদস্যদের কারখানা বন্ধের কোনো নির্দেশনা দেয়নি।