কারখানা বন্ধের চার বছর পর শ্রমিকেরা পেলেন বকেয়া বেতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ইপিজেড) শিল্পপ্রতিষ্ঠান ডিঅ্যান্ডএস মোড (বিডি) লিমিটেডের কারখানা বন্ধ করার সোয়া চার বছর পর ৭৮২ জন শ্রমিক বকেয়া বেতন-ভাতা পেয়েছেন। প্রতিষ্ঠানটির নতুন মালিক সম্প্রতি ওই বকেয়া পরিশোধ করেছেন।ডিঅ্যান্ডএস মোড (বিডি) বর্তমানে নতুন মালিকের অধীনে ওয়াসিস হাইটেক স্পোর্টসওয়্যার লিমিটেড নামে উৎপাদন কার্যক্রম পরিচালনা করছে। জানা গেছে, ২০০৮ সালের ৭ ডিসেম্বর শ্রমিকদের মারামারি ও ভাঙচুরের কারণে সম্পূর্ণ বিদেশি মালিকানাধীন সোয়েটার উৎপাদনকারী প্রতিষ্ঠান ডিঅ্যান্ডএস মোডের কারখানা বন্ধ হয়ে যায়। ২০০৯ সালের ১৯ মে শিল্পপ্রতিষ্ঠানটির ভূমি ইজারা চুক্তি বাতিল হয়। পরে ২০১২ সালের ৫ জুন নতুন করে ওয়াসিস হাইটেক স্পোর্টসওয়্যার লিমিটেডের সঙ্গে চুক্তি হয়। ওই চুক্তি অনুযায়ীই কারখানাটির নাম পরিবর্তন হয় এবং নতুন মালিক শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা পরিশোধ করেন। এতে এখন প্রায় আড়াই হাজার শ্রমিক রয়েছেন। শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা পরিশোধের সময় উপস্থিত ছিলেন কুমিল্লা ইপিজেডের মহাব্যবস্থাপক মো. আবদুস সোবহান, ওয়াসিস হাইটেক স্পোর্টসওয়্যারের চেয়ারম্যান জাবেদ ওয়ালী সায়মন, ব্যবস্থাপনা পরিচালক মো. আশফাকুর রহমান চৌধুরী প্রমুখ।বকেয়া টাকা পাওয়ায় শ্রমিকদের মধ্যে আস্থ তৈরি হয়েছে। শ্রমিক আবদুল খালেক স্বস্তির সঙ্গে বলেন, ‘নতুন মালিক আমাদের পুরোনো শ্রমিকদের বকেয়া টাকা দিয়েছেন। এমন নজির আর আছে কি না, আমার জানা নেই।’ফিরোজ মিয়া, আমজাদ হোসেন ও হুমায়ুন কবীর নামে আরও তিন শ্রমিক বলেন, ‘কারখানা বন্ধ হওয়ার পরও টাকা পেয়েছি, এতে আমরা অনেক খুশি। আগামী দিনে বেকার শ্রমিকেরা এখানে কাজ করার পরিবেশ পাবেন। একই সঙ্গে মালিক ও শ্রমিকদের মধ্যে যে দূরত্ব সেটাও কমবে।’মো. আবদুস সোবহান বলেন, ‘পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে আমরা পুরোনো শ্রমিকদের বেতন-ভাতা নেওয়ার জন্য আহ্বান জানাই। সে অনুযায়ী শ্রমিকেরা আবেদন করেন এবং কারখানার নতুন মালিক বেতন-ভাতা পরিশোধ করেন। এটি একটি দৃষ্টান্ত।’