কারখানা স্থানান্তর ও সংস্কারে অর্থায়ন নতুন দুশ্চিন্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের তৈরি পোশাক কারখানার কর্মপরিবেশ উন্নত করতে আগামী পাঁচ বছরের মধ্যে তিন থেকে চার বিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন হবে। কারখানা স্থানান্তর ও সংস্কারে এ অর্থ লাগবে। বিদ্যমান বাজার সুদে ঋণ নিয়ে কর্মপরিবেশ উন্নয়নের কাজটি করা সম্ভব হবে না তৈরি পোশাক মালিকদের। তাই তৈরি পোশাক শিল্পমালিকেরা স্বল্প সুদে এ অর্থ পেতে চান। কিন্তু কোথা থেকে আসবে এ অর্থ? তারই উপায় খোঁজার চেষ্টা করা হলো তিন দিনব্যাপী অ্যাপারেলস সামিটের দ্বিতীয় দিনের এক সেমিনারে।
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) গতকাল সোমবার সকালে অনুষ্ঠিত এই সেমিনারে তাই কারখানার কর্মপরিবেশ উন্নয়নে ঋণ প্রাপ্তি নিশ্চিত করতে বিশ্বের বড় বড় ক্রেতা প্রতিষ্ঠান, দাতা সংস্থা ও সরকারকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। তবে সুনির্দিষ্ট কোনো পথ বাতলে দেওয়া সম্ভব হলো এই আলোচনায়।
সেমিনারে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সহসভাপতি শহিদউল্লাহ আজিম বলেন, তৈরি পোশাকের আন্তর্জাতিক ক্রেতাদের জোট অ্যাকর্ড ও অ্যালায়েন্সের পরিদর্শন কার্যক্রমের পর এক হাজারের মতো কারখানা স্থানান্তরের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। এর মধ্যে কিছু কারখানা বন্ধও করে দেওয়া হয়েছে। তাই এগুলো নতুন কোনো স্থানে স্থানান্তর করতে হবে। এ জন্য দুই বিলিয়ন বা ২০০ কোটি ডলার লাগবে। অদৃশ্য কোনো মাশুল ছাড়া স্বল্প সুদে এ অর্থের সংস্থান করতে হবে। এ জন্য তিনি ক্রেতা প্রতিষ্ঠান, আন্তর্জাতিক দাতা সংস্থা, সরকার, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান।
সেমিনারে উপস্থিত ক্রেতাদের জোটের প্রতিনিধিরা জানান, আন্তর্জাতিকভাবে এ অর্থ সংস্থানের বিষয়ে তাঁরা উদ্যোগ গ্রহণ করবেন। স্থানীয় ব্যাংকাররা বলেছেন, পোশাক কারখানার কর্মপরিবেশ উন্নয়নে প্রয়োজনীয় অর্থ সংস্থান করা দেশীয় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য বড় কোনো বিষয় নয়। এ ক্ষেত্রে বড় সমস্যা যেটি তা হলো, তহবিল ব্যয় বা সুদের হার। কারণ, বাংলাদেশে বাণিজ্যিক ব্যাংকগুলোর তহবিল ব্যয় বা সুদের হার বেশি।
পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুরের সঞ্চালনায় অনুষ্ঠিত ‘বাংলাদেশের তৈরি পোশাক কারখানা স্থানান্তরে অর্থায়নের সমস্যা ও প্রতিকার’ শীর্ষক সেমিনারে আলোচক ছিলেন অ্যাকর্ড বাংলাদেশের নির্বাহী পরিচালক রব ওয়েজ, যুক্তরাষ্ট্রের ক্রেতা প্রতিষ্ঠান ভিএফ করপোরেশনের ভাইস প্রেসিডেন্ট থমাস এ নেলসন, নিউইয়র্ক ইউনিভার্সিটির শিক্ষক ও গবেষক সারাহ লবোউইটজ, ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টসের চেয়ারম্যান মোহাম্মদ এ (রুমী) আলী, আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শাহ এ সারওয়ার প্রমুখ।
আহসান এইচ মনসুর বলেন, পোশাক কারখানার কর্মপরিবেশ উন্নয়নে সহায়তার জন্য বাংলাদেশ ব্যাংক, জাপানি দাতা সংস্থা জাইকা, বাংলাদেশ সরকার ও আন্তর্জাতিক শ্রম সংস্থা বা আইএলও মিলে আলাদা আলাদা তহবিল গঠন করেছে। কিন্তু তা প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল। কর্মপরিবেশ উন্নয়নের কাজটি সুচারুভাবে সম্পন্ন করতে আগামী বাজেটে তিন হাজার কোটি টাকা বরাদ্দ বা তৈরি পোশাক সহায়তা তহবিল গঠনের পরামর্শ দেন তিনি। এ ছাড়া আন্তর্জাতিক দাতা সংস্থা ও ক্রেতাদেরও এ ক্ষেত্রে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
রব ওয়েজ বলেন, কর্মপরিবেশ উন্নত করতে কারখানা স্থানান্তর ও সংস্কারে প্রয়োজনীয় অর্থ সংস্থানে কাজ করছে অ্যাকর্ড। তবে এর আগে কী পরিমাণ অর্থ লাগবে তা সুনির্দিষ্ট করতে হবে।
ভিএফ করপোরেশনের ভাইস প্রেসিডেন্ট বলেন, স্বল্প সুদে কীভাবে অর্থ জোগাড় করা যায়, সে বিষয়ে সবার সম্মিলিত প্রচেষ্টা দরকার।
মোহাম্মদ এ রুমী আলী বলেন, তৈরি পোশাকশিল্পে ছোট ও মাঝারি যেসব কারখানা রয়েছে, সেগুলোকে এসএমই শিল্প হিসেবে বিবেচনা করা হবে কি না, এ বিষয়ে একটি জাতীয় নীতি ঠিক করা দরকার।
আজ মঙ্গলবার অ্যাপারেল সামিটের শেষ দিনে মানসম্মত কারখানাগুলোর মধ্য থেকে সেরাদের পুরস্কার দেওয়া হবে। এছাড়া আন্তর্জাতিক পণ্য নিরাপত্তা ও পরিবেশ বিষয়ে একটি সেমিনার হবে।