কারখানার অবকাঠামো যাচাই করতে টাস্কফোর্সের সুপারিশ
দেশের বিদ্যমান কারখানাগুলোর অবকাঠামোগত সক্ষমতা যাচাই করতে শিল্পাঞ্চলভিত্তিক পাঁচটি টাস্কফোর্স গঠনের সুপারিশ করেছে বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন (বিইএফ)।সরকারি উদ্যোগে মালিক, শ্রমিক প্রতিনিধি ও অভিজ্ঞ ব্যক্তিদের সমন্বয়ে এসব টাস্কফোর্স গঠনের সুপারিশ করা হয়েছে। বলা হয়েছে, সরেজমিনে কারখানা পরিদর্শনের মাধ্যমে বিদ্যমান কারখানাগুলোর অবকাঠামোগত সক্ষমতা সম্পর্কিত প্রতিবেদন দেবে। তার ভিত্তিতে পরবর্তী সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।সাভারের ভবনধসে তিন শতাধিক পোশাকশ্রমিকের প্রাণহানির ঘটনার পরিপ্রেক্ষিতে নিজেদের অবস্থান তুলে ধরতে গতকাল আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিইএফের পক্ষ থেকে এই সুপারিশ করা হয়। এ সময় জানানো হয়, বাংলাদেশ সফরে আসছে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) চার সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। এই প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন সংস্থাটির উপমহাপরিচালক গিলবার্ট হংবো।আগামী ১ মে চার দিনের সফরে প্রতিনিধিদলটির ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। সফরকালে দলের সদস্যরা সাভারের ঘটনাস্থল পরিদর্শন ও বাংলাদেশের তৈরি পোশাকশিল্প মালিকদের বিভিন্ন সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করবেন। আর শ্রমিকদের কর্মপরিবেশ যাচাই করবেন।রাজধানীর মতিঝিলের চেম্বার ভবনে গতকাল সোমবার এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে বলা হয়, বাংলাদেশে ঘটে যাওয়া কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে আইএলও উপমহাপরিচালক পর্যায়ের ব্যক্তির নেতৃত্বে সংস্থাটির উচ্চক্ষমতাসম্পন্ন কোনো প্রতিনিধিদলের এটিই প্রথম সফর। আইএলও প্রতিনিধিদলের এই সফরের বিষয়টি সমন্বয় করছে বিইএফ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর সাবেক ও ফেডারেশনের বর্তমান সভাপতি ফজলুল হক। এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনটির সাবেক সভাপতি কামরান টি রহমান, পরিচালনা কমিটির সদস্য গোলাম মাঈনউদ্দিন, মহাসচিব ফারুক আহমেদ প্রমুখ।সংবাদ সম্মেলনে সাভারের ঘটনার জন্য দায় স্বীকার করে বিইএফ বলেছে, ‘আমরা পোশাকশিল্প মালিক থেকে শুরু করে ভবনটি নির্মাণ, অনুমোদনসহ বিভিন্ন প্রক্রিয়ার সঙ্গে যাঁরা যুক্ত কেউ এর দায় এড়াতে পারব না।’ তাই ঘটনার সঙ্গে যুক্ত দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বিইএফ।সংবাদ সম্মেলনে বলা হয়, কিছু মানুষের চরম দায়িত্বহীনতা ও অবহেলার কারণে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে মর্মান্তিক ও বড় শিল্প দুর্ঘটনাটি ঘটেছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনার যেন আর পুনরাবৃত্তি না হয়, সে জন্য তৈরি পোশাক কারখানার জন্য আলাদা শিল্পাঞ্চল বা পোশাকশিল্প পল্লি গড়ে তোলার জোর দাবি জানান বিইএফ নেতারা। বিইএফ জানিয়েছে, সাভারের ঘটনার কারণে বিশ্বব্যাপী বাংলাদেশের তৈরি পোশাক খাত কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে। এই চ্যালেঞ্জ মোকাবিলা এবং উৎপাদনের প্রক্রিয়া সচল রাখতে সবার সহযোগিতা কামনা করেন সংগঠনটির নেতারা। বিইএফ বলেছে, ভবিষ্যতে সাভারের মতো ঘটনা এড়াতে হলে পোশাকশিল্প মালিক থেকে শুরু করে সবার ব্যক্তিগত সচেতনতা বাড়াতে হবে। না হলে শুধু আইন করে নিরাপত্তা নিশ্চিত করা যাবে না। সংবাদ সম্মেলনে আরও বলা হয়, আইএলও প্রতিনিধিদলের সফর ও তাদের সঙ্গে বৈঠকের পর বিইএফ পরবর্তী করণীয় নির্ধারণ করবে। সংবাদ সম্মেলনের শুরুতে সাভারের ঘটনায় নিহত ব্যক্তিদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।