কারখানার উৎপাদনে বিপর্যয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের চন্দ্রার ডং ব্যাং ডায়িং কারখানায় সাধারণত দিনে দেড় লাখ পাউন্ড কাপড় রং বা ডায়িং করা হয়। তবে গ্যাসের চাপ না থাকায় কারখানাটির উৎপাদনব্যবস্থায় ধস নেমেছে। দিনে এখন ছয়-সাত হাজার পাউন্ডের বেশি কাপড় রং করতে পারছে না তারা।
কারখানাটির ব্যবস্থাপনা পরিচালক এ কে এম আমিনুল ইসলাম বলেন, ‘গ্যাসের চাপ একদমই নাই। রাত একটা থেকে ছয়টা পর্যন্ত গ্যাসের চাপ কিছুটা পাওয়া যায়। তাতে ১০-১৫ টনের বয়লারের পানি গরম করা খুবই কষ্টসাধ্য। ফলে খুব বেশি কাপড় ডায়িং করা যাচ্ছে না। এ জন্য ওভেন কাপড় উৎপাদনও কমাতে হয়েছে।’
গাজীপুরের হোতাপাড়া এলাকার সান পাওয়ার সিরামিক নামের কারখানাটি গ্যাস-সংকটের কারণে ১৩ থেকে ১৭ অক্টোবর পাঁচ দিন বন্ধ রাখতে বাধ্য হয়েছে। গত মঙ্গলবার পৃথক তিনটি পাইপলাইনের মধ্যে একটিতে গ্যাস পাওয়া গেলে আংশিকভাবে কারখানা চালু হয়।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক মো. সাইফুদ্দিন গত মঙ্গলবার রাতে বলেন, কারখানার ৬০০ শ্রমিকের ১৫০ জনই দৈনিক চুক্তির ভিত্তিতে কাজ করেন। কারখানার উৎপাদন বন্ধ থাকলে এই শ্রমিকেরা কাজ পান না। তিনি আরও বলেন, শতভাগ তাইওয়ানি বিনিয়োগের কারখানাটি ২০০৩ সালে চালু হয়। গ্যাস-সংকটের কারণে কারখানার মালিকপক্ষ খুবই উদ্বিগ্ন।
তৈরি পোশাক ও সিরামিকশিল্পের এই দুই কারখানার মতো গাজীপুরের যেসব শিল্পকারখানা গ্যাস ব্যবহার করে, সেগুলোর প্রতিটিরই উৎপাদনব্যবস্থা অনেকটাই বিপর্যস্ত হয়ে পড়েছে। কারণ গ্যাসের ভয়াবহ সংকট। দীর্ঘদিন ধরেই পাইপলাইনে গ্যাসের চাপ চাহিদার তুলনায় কম। তবে সম্প্রতি সেটি মাত্রা ছাড়িয়ে গেছে। ফলে ব্যাহত হচ্ছে উৎপাদন।
জানা যায়, চলতি মাসের শুরুর দিকে টাঙ্গাইলের পুংলি নদীর তলদেশের ২০ ইঞ্চি ব্যাসের গ্যাস পাইপলাইন ফেটে যায়। এ জন্য গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর, বিসিক শিল্পনগরী কোনাবাড়ী এলাকাসহ আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। পরে বিকল্প পথে ১২ ইঞ্চি ব্যাসের পাইপের মাধ্যমে গ্যাস সরবরাহ করা হচ্ছে। সে জন্য গ্যাসের চাপ কম। দিনের বেশির ভাগ সময় শিল্প-কারখানা বন্ধ রাখতে হচ্ছে।
গ্যাসের এই সংকট সমাধানে কাজ চলছে বলে দাবি করছেন তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের কর্মকর্তারা। তিতাসের গাজীপুর অঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) আবদুল ওয়াদুদ গত সোমবার বলেন, ক্ষতিগ্রস্ত গ্যাসের পাইপলাইনের সংস্কারে কাজ চলছে। ২০ দিনের মধ্যে ওই কাজ সম্পন্ন হয়ে যাবে। তখন গ্যাসের আর সমস্যা থাকবে না।
অবশ্য চাহিদা অনুযায়ী গ্যাসের সংকট সমাধানে দীর্ঘ সময় লাগলে অনেক তৈরি পোশাক কারখানা ও বস্ত্রকল সংকটে পড়বে। গত মঙ্গলবার প্রথম আলোর কাছে এমন আশঙ্কার কথাই বলেছেন তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান। তিনি বলেন, পোশাক কারখানার জন্য একটি দিনও খুব গুরুত্বপূর্ণ। কারণ নির্দিষ্ট সময়ের মধ্যে পণ্য জাহাজে তুলে দিতে না পারলে মালিকদের নিজ খরচায় বিমানে পাঠাতে হয়। অনেক সময় ক্রেতারা মূল্যছাড় দাবি করেন। এতে করে বড় ধরনের লোকসানে পড়েন কারখানার মালিকেরা।
সিদ্দিকুর রহমান অভিযোগ করে বলেন, ‘শিল্প-কারখানায় গ্যাসের সংকট সমাধানে সরকার চেষ্টা করছে। তবে কেন জানি বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয়ের অভাবে কাজের কাজ কিছু হচ্ছে না।’ তিনি জানান, সরকারের উচ্চমহলে দৌড়াদৌড়ি করার পর পরিস্থিতির কিছুটা উন্নতি হয়। গত সপ্তাহের রোববার ও সোমবার গাজীপুরের কারখানাগুলো কিছুটা গ্যাস পায়। তবে মঙ্গলবার সকাল থেকে আবার গ্যাস নাই হয়ে যায়।
গতকাল রোববার সন্ধ্যায় আবার জানতে চাইলে বিজিএমইএর সভাপতি প্রথম আলোকে বলেন, ‘পরিস্থিতির উন্নতি হয়নি। কারখানাগুলো জোড়াতালি দিয়ে কোনো রকমে উৎপাদন চালিয়ে যাচ্ছে।’ পোশাক রপ্তানি আয় ধরে রাখতে গ্যাস-সংকটের আশু সমাধান দাবি করেন তিনি।
বিজিএমইএর সহসভাপতি মোহাম্মদ নাছির প্রথম আলোকে বলেন, পোশাক কারখানায় গ্যাস দিয়ে বয়লার চালানো হয়, যা কিনা পণ্য উৎপাদনের চূড়ান্ত পর্যায়ে পোশাক ইস্তিরি করতে ব্যবহৃত হয়। তবে এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে তাতে পোশাক তৈরির শেষ হলেও গ্যাস-সংকটের কারণে ফিনিশিং করা যাচ্ছে না। এটি ছাড়া তো আর পোশাক রপ্তানি করা সম্ভব না।
তিতাস সূত্র জানায়, গাজীপুরে ৪৮৪টি কারখানা ছাড়াও ২৫০টি সিএনজি স্টেশন, ২৫০টি ক্যাপটিভ বিদ্যুৎকেন্দ্র ও ২১৪টি বাণিজ্যিক শিল্পপ্রতিষ্ঠানে গ্যাস সংযোগ আছে। এ ছাড়া আবাসিক গ্রাহক রয়েছে ১ লাখ ১০ হাজার ৬৭৩টি। আছে অবৈধ গ্যাস-সংযোগও।
গাজীপুরে বৃহৎ আকারের ৪০-৫০টি বস্ত্রকল আছে। গ্যাসের অভাবে এসব কারখানায় সুতা ও কাপড় উৎপাদনে ধস নেমেছে। এতে করে দেশের সর্বোচ্চ পণ্য রপ্তানি আয়ের তৈরি পোশাকশিল্পের সরবরাহ ব্যবস্থায় নেতিবাচক প্রভাব পড়বে। এমনটাই জানিয়েছে বস্ত্রকল মালিকদের সংগঠন বিটিএমএর নেতারা।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকার ইকোটেক্স কারখানার ব্যবস্থাপক তাসকিনুল আলম গত সপ্তাহে বলেন, গ্যাস-সংকটের কারণে উইভিং, ডায়িং ও ফিনিশিং বিভাগে দিনে ৪০ ভাগ কাজ হচ্ছে। ৬০ ভাগ কাজই বন্ধ।
গ্যাসের চাপ কম থাকায় বয়লারে কাজও করে না। এর ফলে অনেক সময় কারখানা বন্ধ করে দিতে হচ্ছে। গত সোমবার এমনটাই বললেন ট্রপিক্যাল নিটেক্স লিমিটেড কারখানার ব্যবস্থাপক (প্রশাসন) মোবারক হোসেন। তাঁর বক্তব্য, ‘কারখানার উৎপাদন বন্ধ প্রায়। শ্রমিকদের বেতন দেওয়াই দুষ্কর হয়ে যাবে।’