রানা প্লাজা ধসের পর তৈরি পোশাক কারখানার কর্মপরিবেশ উন্নতি বা কমপ্লায়েন্স ইস্যুতে দৃশ্যমান অগ্রগতি এখন পর্যন্ত কম বলে মন্তব্য করেছেন নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত গারবেন ডি জং। তিনি বলেন, এ কারণে বাংলাদেশি পণ্য রপ্তানিতে ইউরোপের জিএসপি সুবিধা হুমকির মুখে আছে।
পোশাকমালিকদের দুই সমিতি বিজিএমইএ ও বিকেএমইএ আয়োজিত এক মতবিনিময় সভায় গতকাল বুধবার এসব কথা বলেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত। বিজিএমইএর কার্যালয়ের নুরুল কাদের মিলনায়তনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি আতিকুল ইসলাম।
গারবেন ডি জং বলেন, ইউরোপ শিগগিরই জিএসপি সুবিধা অব্যাহত রাখা-না রাখার বিষয়টি পুর্নবিবেচনা করবে। সে জন্য বাংলাদেশকে কার্যকরী পদক্ষেপ নিতে হবে। তিনি আরও বলেন, শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণের ক্ষেত্রে নিশ্চিত করতে হবে, তা যেন তাঁদের জীবনযাত্রার ব্যয় মেটানোর জন্য যথেষ্ট হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ।
তবে কর্মপরিবেশের উন্নতি করতে বাংলাদেশ ইতিমধ্যে অনেক কাজ করছে বলে দাবি করেন শ্রমসচিব মিকাইল শিপার। তিনি সংশোধিত শ্রম আইন ও জাতীয় কর্মপরিকল্পনার বিভিন্ন ইতিবাচক দিক তুলে ধরেন। অন্যদিকে যুক্তরাষ্ট্রের জিএসপি ফিরে পেতে শুনানির জন্য নিদিষ্ট কর্মপরিকল্পনার বাংলাদেশের অগ্রগতির চিত্র আজ বৃহস্পতিবার পাঠানো হবে বলে জানান বাণিজ্যসচিব মাহবুব আহমেদ।
অবশ্য মাহবুব আহমেদ বলেন, যুক্তরাষ্ট্রের জিএসপি ফিরে পাওয়ার কর্মপরিকল্পনায় শ্রমিক সংঘ করার বিষয়টি গুরুত্ব দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে বাংলাদেশের আরও কাজ করার আছে। কারণ, এখনো পর্যাপ্ত শ্রমিক সংঘ গড়ে ওঠেনি।
পোশাক কারখানার মালিকদের উদ্দেশে শ্রমসচিব বলেন, ‘আপনারা বৈশ্বিক ব্যবসা করেন, বৈশ্বিক মান মেনেই কাজ করতে হবে। সরকার তৈরি পোশাক কারখানার কর্মপরিবেশ উন্নয়নে সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে কাজ করছে। আপনারা এক পা এগোলে সরকার পাঁচ পা এগোবে।’
বৈঠকে উপস্থিত কামরুল হুদা, শেখ এইচ এম মোস্তাকিম, নিয়াজ আহমেদসহ পোশাক কারখানার কয়েকজন মালিক অভিযোগ করে বলেন, প্রায় প্রতিদিনই কোনো কোনো সংস্থার পরিদর্শনের কারণে তাঁরা হয়রানির শিকার হচ্ছেন। মালিকেরা কারখানা পরিদর্শনে একটি সমন্বিত মানদণ্ডের দাবি করেন, যা হবে বাংলাদেশের সার্বিক অবস্থার পরিপ্রেক্ষিতে। আমেরিকার মতো এ দেশে কর্মপরিবেশের উন্নতি করতে চাইলে তা কার্যকর হবে না বলে মত মালিকদের।
এ বিষয়ে শ্রমসচিব বলেন, পরিদর্শন ও কমপ্লায়েন্স ইস্যুতে স্থানীয় মানদণ্ডই করা হবে। এ ছাড়া ভবিষ্যতে ক্রেতাদের জোট অ্যাকর্ড, অ্যালায়েন্স ও আইএলও ছাড়া আর কাউকে কারখানা পরিদর্শনের অনুমতি দেওয়া হবে না।
প্রস্তাবিত নিম্নতম মজুরি মানতে অপারগতা জানিয়ে সভায় কয়েকজন মালিক বক্তব্য দেন। সরকার অন্যায়ভাবে মজুরি চাপিয়ে দিচ্ছে বলেও অভিযোগ করেন একজন।
এ বিষয়ে বাণিজ্যসচিব বলেন, সরকার কিছু চাপিয়ে দিচ্ছে না। নিম্নতম মজুরি বোর্ড স্বাধীনভাবে কাজ করে। বোর্ডে মালিক ও শ্রমিকপক্ষ উভয়েরই প্রতিনিধি আছেন।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক ও অর্থনৈতিক বিভাগের উপপ্রধান টবি গ্লাকসম্যান, ব্রিটিশ হাইকমিশনের কান্ট্রি রিপ্রেজেনটেটিভ সারাহ কুক, বিজিএমইএর সহসভাপতি শহিদুল্লাহ আজিম ও রিয়াজ-বিন-মাহমুদ, বিকেএমইএর সহসভাপতি মোহাম্মদ হাতেম ও আসলাম সানি প্রমুখ।