কারখানার কর্মপরিবেশ উন্নয়নে সমন্বিত পদক্ষেপে মতৈক্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারের রানা প্লাজা ধসের পর পোশাক খাতের কর্মপরিবেশ উন্নয়নে স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে একাধিক চুক্তি হয়েছে। এই চুক্তিগুলোকে এক করে সমন্বিত পদক্ষেপ নেওয়ার বিষয়ে ঐকমত্য পোষণ করেছেন ইউরোপীয় ক্রেতাদের প্রতিনিধিদল।

‘অ্যাকর্ড অন ফায়ার অ্যান্ড বিল্ডিং সেফটি ইন বাংলাদেশ’ শীর্ষক পাঁচ বছর মেয়াদি কর্মসূচি বাস্তবায়নে ইউরোপীয় ক্রেতা প্রতিনিধিদল ঢাকায় এসেছে। প্রতিনিধিদলটি গতকাল মঙ্গলবার বিজিএমইএ, বিকেএমইএ ও বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সঙ্গে বৈঠক করে। বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানানো হয়।

বিজিএমইএ ভবনে অনুষ্ঠিত বৈঠকে অংশ নেন ক্রেতা প্রতিষ্ঠান সিঅ্যান্ডের ফিলিপ চেম্বারলেন, ইন্ডিটেক্সের অ্যালেক্স গনজালেস, ইউএনআইয়ের ক্রিস্টি হফম্যান, ইন্ডাস্ট্রি অলের মনিকা কেম্পার্লি এবং ইন্ডাস্ট্রি অল বাংলাদেশ কাউন্সিলের রায় রমেশ চন্দ্র, বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম, সাবেক সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন, আবদুস সালাম মুর্শেদী, বিকেএমইএর সহসভাপতি মোহাম্মদ হাতেম, এমপ্লয়ার্স ফেডারেশনের বিদায়ী সভাপতি ফজলুল হক প্রমুখ।

সিঅ্যান্ডের ফিলিপ চেম্বারলেন বলেন, বাংলাদেশের পোশাক খাতকে টেকসই করতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

ইন্ডাস্ট্রি অলের মনিকা কেম্পার্লি বলেন, ‘আজকের এই আলোচনার মাধ্যমে কাজ শুরু হলো। পোশাক খাতকে নিরাপদ করার জন্য সব ধরনের পদক্ষেপ আমরা নেব।’

আতিকুল ইসলাম বলেন, বৈঠকে তৈরি পোশাক খাতের সমন্বিত নীতিমালা (ইউনিফাইড কোড অব কন্ডাক্ট) নিয়ে আলোচনা হয়েছে। প্রতিনিধিদলও বিষয়টির গুরুত্ব উপলব্ধি করতে পেরেছে। আলোচনার মাধ্যমেই সব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে আসতে হবে। চুক্তির সমন্বিত পদক্ষেপ নেওয়া জরুরি।

চুক্তি অনুযায়ী, কারখানায় নিরাপত্তা নিশ্চিত করতে অর্থ সহায়তা দেবে ক্রেতা প্রতিষ্ঠানগুলো। এ জন্য কারখানা নিয়মিত পরিদর্শন করবে তারা। একজন নির্বাহী পরিচালক পদের প্রধান পরিদর্শক ও সমন্বয়ক কারখানার মালিক ও শ্রমিকদের নিরাপদ কাজের পরিবেশের ব্যাপারে অবহিত করবেন। তিনি একই সঙ্গে বাংলাদেশি কর্তৃপক্ষ, চুক্তিতে অংশ নেওয়া সব কোম্পানি এবং শ্রমিকদের ঝুঁকিপূর্ণ কারখানার ব্যাপারে সতর্ক করবেন।

চুক্তির আওতায় ক্রেতারা একটি তহবিল গঠন করবেন। তবে এখন পর্যন্ত এ তহবিলের জন্য অর্থ জোগাড় শুরু করেনি চুক্তির আওতায় থাকা স্টিয়ারিং কমিটি।