কারখানার জন্য সমন্বিত নীতিমালা হচ্ছে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরোপের মতো আমেরিকার ক্রেতারাও বাংলাদেশের পোশাক খাতের নিরাপত্তা নিশ্চিত করতে দীর্ঘমেয়াদি চুক্তি করতে যাচ্ছে। আর সেই চুক্তিতে পোশাকশিল্পের মালিকদের দীর্ঘদিনের দাবি কারখানার জন্য একটি সমন্বিত নীতিমালার বিষয়ে মতৈক্য হতে পারে।
ওয়াশিংটন ডিসিতে গত ২৬ জুন আমেরিকা ও উত্তর আমেরিকার ছোট-বড় প্রায় ২৫টি ব্র্যান্ডের প্রতিনিধিদের এক বৈঠক অনুষ্ঠিত হয়। এতে পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সহসভাপতি শহিদুল্লাহ আজিম বাংলাদেশের সব পোশাক কারখানার জন্য একটি সমন্বিত নীতিমালা প্রণয়নের দাবি জানান।
দেশে ফিরে গতকাল বৃহস্পতিবার এ বিষয়ে শহিদুল্লাহ আজিম প্রথম আলোকে বলেন, ‘সমন্বিত নীতিমালার প্রস্তাবের বিষয়টি উপস্থিত সবাই একমত হন। পরে তা বৈঠকের খসড়ায় অন্তর্ভুক্ত করা হয়।’ তিনি আরও বলেন, ‘বিভিন্ন ক্রেতার কোড অব কন্ডাক্ট ভিন্ন ভিন্ন। এতে করে পোশাক কারখানার মালিকেরা খুবই সমস্যায় পড়েন। এমনকি শ্রমিকদের নিরাপত্তা কিংবা কমপ্লায়েন্স নিশ্চিত করা কঠিন হয়ে পড়ে। তাই একটি সমন্বিত নীতিমালা খুবই দরকার।’
সমন্বিত নীতিমালার পাশাপাশি বিজিএমইএ অগ্নি ও ভবন নিরাপত্তার জন্য তহবিল, কারখানা স্থানান্তরে আর্থিক সাহায্য ও শ্রমিকদের প্রশিক্ষণের জন্য সহযোগিতার দাবি জানানো হয়। প্রতিটি বিষয়েই আমেরিকার ক্রেতারা ইতিবাচক মনোভাব দেখিয়েছেন বলে উল্লেখ করেন সমিতির সহসভাপতি।
জানা যায়, আমেরিকার গবেষণামূলক প্রতিষ্ঠান ‘বাই পার্টিজান’ এই বৈঠকের আয়োজন করে। এতে ক্রেতারা অগ্নি ও ভবন নিরাপত্তার জন্য সাত কোটি মার্কিন ডলারের একটি তহবিল গঠনে একমত হয়েছেন। তহবিলে ছোট ক্রেতা প্রতিষ্ঠান বছরে ৬০ থেকে ৭০ হাজার ডলার এবং বড় প্রতিষ্ঠান ১০ লাখ ডলার দেওয়ার কথা বলা হয়েছে।
সমিতির নেতারা জানান, ১০ জুলাই চুক্তির খসড়া চূড়ান্ত হবে। তারপর সবার সিদ্ধান্ত নিয়ে পাঁচ বছর মেয়াদি চুক্তি স্বাক্ষর হতে পারে। আর চুক্তি বাস্তবায়নে নয়জনের একটি দল গঠন করা হবে। এতে বাংলাদেশের সরকার, এনজিও, শ্রমিকসংগঠন ও বিজিএমইএর একজন করে মোট চারজন প্রতিনিধি থাকতে পারেন।