কারখানার নিরাপত্তা কর্মীদের প্রশিক্ষণ দেবে অ্যালায়েন্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডের সময় সংকেত বাজার সঙ্গে সঙ্গে পোশাকশ্রমিকেরা দ্রুত বের হতে চান। তবে নিরাপত্তাকর্মীরা তাঁদের ভুল তথ্য দিয়ে বলেন, আগুন লাগেনি। এমনকি শ্রমিকদের ভেতরে গিয়ে কাজ করার নির্দেশ দিয়ে গেটে তালা ঝুলিয়ে দেন নিরাপত্তাকর্মীরা।
কারখানায় নিয়োজিত নিরাপত্তাকর্মীদের দায়িত্বহীনতা আর অবহেলার কারণে শেষ পর্যন্ত তাজরীনের ১১১ জন শ্রমিককে প্রাণ দিতে হয়। প্রায় একই ধরনের ঘটনা ঘটে আরও অনেক কারখানায়। এ ধরনের ঘটনা এড়াতে উত্তর আমেরিকার ক্রেতাদের জোট অ্যালায়েন্স ফর ওয়ার্কার সেফটি পোশাক কারখানার নিরাপত্তাকর্মীদের প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছে।
রাজধানীর গুলশানে নিজস্ব কার্যালয়ে গতকাল সোমবার বিকেলে এক সংবাদ সম্মেলনে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানান অ্যালায়েন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়ান স্পাউলডিং। তিনি বলেন, নিরাপত্তাকর্মীদের প্রশিক্ষিত করা গেলে তাঁরা অগ্নিদুর্ঘটনা প্রতিরোধ, নির্বাপণ ও শ্রমিকদের সাহায্য করতে পারবেন।
অ্যালায়েন্সের ব্যবস্থাপনা পরিচালক মেসবাহ রবীন জানান, পোশাক কারখানায় নিরাপত্তা দিয়ে থাকে—এমন পাঁচটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীদের অগ্নিনিরাপত্তাবিষয়ক প্রশিক্ষণ দেওয়া হবে। এগুলো হচ্ছে জি ফোর এস, এলিট ফোর্স, সোহাগ সিকিউরিটি, সিকিউরিটি লিংক ও সিকিউরেক্স। আর এসব প্রতিষ্ঠানের বাইরে যেসব কারখানা আছে, সেগুলোর নিরাপত্তাকর্মীদের আলাদাভাবে প্রশিক্ষণ দেওয়া হবে। আগামী জানুয়ারির মধ্যে এ কাজ শেষ হবে বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চার্টার্ড সেফটি অ্যান্ড হেলথ প্র্যাকটিশনার এক্সপার্ট ইন ওয়ার্কপ্লেস ফায়ার সেফটির ব্যবস্থাপনা পরিচালক ডেভিড গোল্ড, জি ফোর এসের পরিচালক সেলিম আক্তার, তাজরীনের শ্রমিক মোসাম্মৎ সাবিনা প্রমুখ।
সাবিনা ২০১২ সালের ২৪ নভেম্বর তাজরীনের অগ্নিকাণ্ডের ঘটনার বর্ণনা দেন। তিনি কারখানার তৃতীয় তলা থেকে লাফিয়ে পড়ে জীবন বাঁচান। এখনো বুকে ব্যথা অনুভব করেন সাবিনা। তাঁর আকুতি, আর কোনো মালিক বা সিকিউরিটি গার্ড যেন গেটে তালা লাগিয়ে না রাখেন।