কারখানার নিরাপত্তাহীনতা গ্রহণযোগ্য নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের পোশাক খাতের শ্রমিকদের নিরাপত্তা জোরদার করতে ১০ জুলাই একটি জোট গঠনের ঘোষণা দিয়েছেন উত্তর আমেরিকার পোশাক বিক্রেতা শীর্ষ ১৭টি প্রতিষ্ঠানের কর্তারা। এর মাধ্যমে তাঁরা যে বার্তা দিয়েছেন, সেটি খুবই স্পষ্ট—বাংলাদেশের কারখানাগুলোতে নিরাপত্তাহীনতার এই অবস্থা গ্রহণযোগ্য নয় এবং এই পরিস্থিতির উন্নয়নের জন্য সবার সম্মিলিত পদক্ষেপ প্রয়োজন। এসব কথা বলা হয়েছে বিখ্যাত ইকোনমিস্ট সাময়িকীর আজকের (১৩ জুলাই) সংখ্যায় প্রকাশিত একটি প্রতিবেদনে। এতে বলা হয়, রানা প্লাজা ধসে সহস্রাধিক শ্রমিকের মৃত্যু এবংবাংলাদেশের অন্য কারখানাগুলোতে নিরাপত্তা ঝুঁকির যে খবর পাওয়া যাচ্ছে, তা থেকে এটা খুবই স্পষ্টভাবে বোঝা যায় যে এ ক্ষেত্রে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। এ কারণেই ওয়াল-মার্ট ও গ্যাপসহ উত্তর আমেরিকার কোম্পানিগুলো নিজেদের মতো করে কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। তবে আগুন ও ভবনের নিরাপত্তাবিষয়ক ইউরোপীয় কোম্পানিগুলোর চুক্তিতে তারা যোগ দেয়নি। ওই চুক্তিতে সমর্থন দিয়েছে ৭২টি বড় পোশাক বিক্রেতা প্রতিষ্ঠান, যাদের বেশির ভাগ ইউরোপীয় ইউনিয়নের।

উত্তর আমেরিকান জোটের উদ্যোগ এবং ইউরোপীয় চুক্তির মধ্যে বেশির ভাগ ক্ষেত্রে তেমন কোনো পার্থক্য নেই। সাবেক দুই সিনেটর জর্জ মিশেল ও অলেম্পিয়া স্নোয়ির মধ্যস্থতায় গঠিত জোটের পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশের যেসব কারখানা থেকে তাদের প্রতিষ্ঠানগুলো পোশাক তৈরি করে, সেগুলো আগামী এক বছরের মধ্যে পরিদর্শন করা হবে। যেসব কারখানা পরিদর্শন করাতে ব্যর্থ হবে, তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। কারখানাগুলোর শ্রমিকদের নিরাপত্তা প্রশিক্ষণ দেওয়া হবে এবং বিপদের সময় জরুরিভিত্তিতে যোগাযোগের জন্য একটি হটলাইন প্রতিষ্ঠা করা হবে।

উত্তর আমেরিকার কোম্পানিগুলো এ জন্য চার কোটি ২০ লাখ মার্কিন ডলার দিতে সম্মত হয়েছে এবং কারখানার উন্নয়নে স্বল্প সুদে ১০ কোটি মার্কিন ডলার ঋণ দেওয়া হবে।

ইউরোপীয় চুক্তিটিও একই ধরনের। তবে এটি আইনিভাবে বাধ্যতামূলক, যা উত্তর আমেরিকার জোটের ক্ষেত্রে প্রযোজ্য নয়। ইউরোপীয় চুক্তিটি গ্রহণে সহায়তাকারী বেসরকারি প্রতিষ্ঠান (এনজিও) ওয়ার্কার্স রাইটস কনসোর্টিয়ামের স্কট নোভা বলেন, ‘বাধ্যতামূলক নয় এমন কোনো অঙ্গীকার গ্রহণযোগ্য বলে আমরা মনে করি না।’

তবে উত্তর আমেরিকার জোটের মধ্যে থাকা কোম্পানিগুলো দাবি করেছে, শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে তারাও খুবই আন্তরিক। কিন্তু আইনগতভাবে পরিপালনে বাধ্য, এমন কোনো চুক্তিতে তারা সই করছে না এ কারণে যে তাতে করে ছোটখাটো অনেক ব্যাপার নিয়ে মামলা-মোকদ্দমায় পড়ার ঝুঁকি থাকে।

ওয়াল-মার্টের নির্বাহী জ্যঁ জর্গেনসন বলেন, কারখানার নিরাপত্তার জন্য আপনি এক কোটি ডলার দিলেন, আর এক কোটি ডলার আপনাকে যদি রাখতে হয় আইনজীবীদের জন্য, তাহলে সত্যিকার অর্থে এর মাধ্যমে আপনি কেবল শক্তিটাই শুষে নেওয়া শুরু করবেন। কাজেই এসব নিয়ে তর্ক-বিতর্ক আছে।

কারখানায় শ্রমিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের পরিপ্রেক্ষিতে বাংলাদেশকে দেওয়া অগ্রাধিকারমূলক বিশেষ বাজারসুবিধা (জিএসপি) সম্প্রতি বাতিল করেছে যুক্তরাষ্ট্র। এটি মূলত একটি প্রতীকী পদক্ষেপ। কেননা, বাংলাদেশের পোশাক খাত ওই সুবিধা পেত না। কিন্তু ইউরোপীয় ইউনিয়নও (ইইউ) যদি একই পথ ধরে, তবে বাংলাদেশের জন্য তা হবে ভয়াবহ। কারণ, বাংলাদেশের তৈরি পোশাকের ৬০ শতাংশ যায় ইইউভুক্ত দেশগুলোতে এবং সেখানে তারা বড় সুবিধা পায়। তবে পোশাক বিক্রেতাদের চুক্তি নিয়ে চলতি সপ্তাহে সন্তোষ প্রকাশ করেছে ইইউ। একই সঙ্গে শ্রমিকদের নিরাপত্তা জোরদার করার জন্য জাতিসংঘের আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এবং বাংলাদেশ সরকারের সঙ্গে একটি  চুক্তিরও ঘোষণা দিয়েছে ইইউ।

উত্তর আমেরিকার কোম্পানিগুলোর জোট ঘোষণার সময় জর্জ মিশেল আশা প্রকাশ করেন যে ইউরোপীয় চুক্তির সঙ্গে তাদের জোটের যেটুকু ফারাক আছে, তা খুব গুরুত্বপূর্ণ কিছু হয়ে উঠবে না। তবে বিজনেস ফর সোশ্যাল রেসপনসিবিলিটি নামের একটি এনজিওর কর্মকর্তা অ্যারোন ক্রেমার মনে করেন, ওই ফারাকটুকুর কারণেই কারখানার মালিকেরা তাঁদের অবশ্য পালনীয় কাজ থেকে ছাড় পাওয়ার চেষ্টা করতে পারেন।

বিদেশি কোম্পানিগুলো বাংলাদেশের ঝুঁকিপূর্ণ শ্রম পরিবেশ নিয়ে একটা কিছু করার প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে প্রায় ২০ বছর ধরে। কিন্তু কাজের কাজ তেমন কিছুই হয়নি। এখন তারা হয়তো গুরুত্ব পাওয়ার মতো কিছু করবে। একই সঙ্গে সরকার এবং কারখানার মালিকেরাও জোরালো পদক্ষেপ নেন, তাহলে হয়তো সত্যিকারের পরিবর্তন আসতে পারে। কিন্তু দুঃখজনক বিষয় হলো রানা প্লাজার মর্মান্তিক ঘটনার পরও তেমন কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না।