তৈরি পোশাক কারখানার নিরাপত্তা নিশ্চিত করতে তিনটি চ্যালেঞ্জের কথা বলেছেন পোশাকশিল্পের উদ্যোক্তারা। এগুলো হচ্ছে কারখানার ব্যবস্থাপনা ও তত্ত্বাবধায়কদের প্রশিক্ষণের অভাব, ব্যবস্থাপনা কর্তৃপক্ষের ভুল আচরণ এবং শ্রমিকদের প্রশিক্ষণের অভাব।
অগ্নি ও ভবনের নিরাপত্তার সরঞ্জামের দুই দিনব্যাপী প্রদর্শনী চলাকালে বিদেশি ক্রেতাদের জোট অ্যালায়েন্স ফর বাংলাদেশ ওয়ার্কার্স সেফটি পরিচালিত এক জরিপে এ তথ্য জানা গেছে। জরিপে অংশ নেওয়া ৪৬৭ জনের মধ্যে ৬৪ শতাংশ ছিল কারখানার মালিক। ১৮ দশমিক ১ শতাংশ ব্র্যান্ড ও ৪ দশমিক ৭ শতাংশ পরামর্শ সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং ২ দশমিক ৮ শতাংশ উন্নয়নকর্মী।
রাজধানীর একটি হোটেলে গত সোমবার রাতে ‘ইন্টারন্যাশনাল ট্রেড এক্সপো ফর বিল্ডিং অ্যান্ড ফায়ার সেফটি’ সমাপনী উপলক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে অ্যালায়েন্সের জরিপের তথ্য প্রকাশ করেন জোটের ব্যবস্থাপনা পরিচালক মেসবাহ রবিন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম।
দেশে প্রথমবারের মতো এই অগ্নি ও ভবনের নিরাপত্তার সরঞ্জামের প্রদর্শনীটি বিজিএমইএ, ক্রেতাদের জোট—অ্যাকর্ড ও অ্যালায়েন্স, সিঅ্যান্ডএ ফাউন্ডেশন, ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি) ও অ্যালিভেট নামক এক প্রতিষ্ঠান সম্মিলিতভাবে আয়োজন করে। সোমবার শেষ হওয়া দুই দিনব্যাপী এ প্রদর্শনীতে ৫২টি স্টলে অগ্নি ও ভবনের নিরাপত্তার বিভিন্ন সরঞ্জাম প্রদর্শিত হয়।
সংবাদ সম্মেলনে বিজিএমইএর সভাপতি বলেন, প্রদর্শনী সফল হয়েছে। ৮০০ কারখানা ও ৪০টি প্রতিষ্ঠানের প্রায় দুই হাজার ৬০০ জন মেলায় আসেন। তাঁরা বিভিন্ন নিরাপত্তা সরঞ্জামের খোঁজখবর করেন। একই সঙ্গে সেমিনারে অংশ নিয়ে অনেক বিষয়ে জানতে পেরেছেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেসবাহ রবিন জানান, রানা প্লাজার ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে ক্রেতাদের কাছ থেকে অর্থ সংগ্রহ করছে অ্যালায়েন্স। ভবনধসের এক বছর পূর্তির পর কোনো একসময় আইএলওর তহবিলে অর্থ দেওয়া হবে। তবে ক্ষতিপূরণের অর্থের পরিমাণ নিয়ে তিনি কিছু বলেননি।
অন্যদিকে অ্যাকর্ডের নির্বাহী পরিচালক রব ওয়েজ জানান, কারখানা পরিদর্শনের জন্য দেশের বাইরের ৪০ জনের পাশাপাশি বাংলাদেশের স্থানীয় ২৫ জন প্রকৌশলীকে স্থায়ীভাবে নিয়োগ করেছে অ্যাকর্ড। তাঁদের প্রশিক্ষিত করার কাজও চলছে।