কারখানার পরিবেশ উন্নতির জন্য আরও সময় দিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পোশাক কারখানার কর্মপরিবেশ উন্নত করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। শ্রমিকদের মজুরি বৃদ্ধি পেয়েছে। বিদেশি ক্রেতা-ব্র্যান্ডগুলোও আগামী পাঁচ বছর বাংলাদেশে ব্যবসা করার অঙ্গীকার করেছে। তার পরও ক্রেতারা পোশাক ক্রয়ে বাড়তি দাম দিতে নারাজ। আবার কিছু ক্রেতা শেয়ারড বিল্ডিংয়ে বা অন্য প্রতিষ্ঠানের সঙ্গে একই ভবনে থাকা কারখানায় কাজ দিচ্ছে না।
রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত দুই দিনব্যাপী ভবন ও অগ্নি নিরাপত্তাবিষয়ক আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে গতকাল রোববার এভাবেই বিদেশি ক্রেতা ও ব্র্যান্ডসমূহের প্রতি অভিযোগ করলেন বক্তারা। তাঁরা বলেন, তৈরি পোশাক কারখানার কর্মপরিবেশের উন্নতি ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য পর্যাপ্ত সময় দিতে হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, ‘তাজরীন ফ্যাশনসের অগ্নিকাণ্ড ও রানা প্লাজা ধসের পর বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি খারাপ হয়েছে। উন্নত দেশেও দুর্ঘটনা ঘটে। তবে সামনে এগুনোর জন্য আমরা অনেকগুলো পদক্ষেপ নিয়েছি।’ তিনি বলেন, ‘আজকালের মধ্যে উন্নতি সম্ভব না। এ জন্য পর্যাপ্ত সময় দিতে হবে।’ কারখানার কর্মপরিবেশের মানোন্নয়ন ও শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া উদ্যোগ ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে বলেও জানান তিনি।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘কারখানা পরিদর্শনের জন্য ক্রেতাদের জোট অ্যালায়েন্স দেশীয় প্রকৌশলীদের নিয়োগ করেছে। তবে অ্যাকর্ড তা না করে বিদেশ থেকে ৪০০ জন প্রকৌশলী আনার উদ্যোগ নিয়েছে। আমি অনুরোধ করব, এ দেশে অনেক ভালো প্রকৌশলী আছেন, তাঁদের নিন।’
তোফায়েল আহমেদ মনে করেন, রাজনীতি ও অর্থনীতিকে আলাদাভাবে চলতে দিলে ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে।
এ ছাড়া অগ্নিনিরাপত্তার সরঞ্জাম শুল্কমুক্ত সুবিধায় আমদানির বিষয়টি আসছে বাজেটে গুরুত্বসহকারে বিবেচনা করা হবে বলে বাণিজ্যমন্ত্রী আশ্বাস দেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেন, মজুরি বৃদ্ধির আগে ক্রেতারা পোশাক তৈরির মূল্য বাড়িয়ে দেবেন বলেছিলেন। তবে এখন বর্ধিত মূল্যে কার্যাদেশ চাইলে তারা প্রত্যাখ্যান করছেন। বাস্তবতা হচ্ছে, গতবারের চেয়েও কম দাম দিচ্ছেন ক্রেতারা। অনেক ক্রেতা ব্যবসা গুটাচ্ছেন।এটা কোনো সমাধান নয়। সবার উচিত নিয়মনীতি মেনে ব্যবসা করা।
ইন্ডাস্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিলের মহাসচিব রায় রমেশ বলেন, প্রথমবারের মতো বাংলাদেশের পোশাকশিল্পের উন্নতির জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে। তাই প্রত্যেক কারখানা পরিদর্শন করে সংস্কার কার্যক্রম চালাতে হবে, যাতে দীর্ঘস্থায়ী নিরাপত্তা নিশ্চিত হয়। এ জন্য ক্রেতাদের জোট অ্যার্কড ও অ্যালায়েন্স গঠিত হলেও কিছু বড় ব্র্যান্ড সহযোগিতা না করায় পুরো কার্যক্রমটি এগুচ্ছে না বলে মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু, বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম, আন্তর্জাতিক শ্রম সংগঠন ইন্ডাস্ট্রিঅল বাংলাদেশের মহাসচিব রায় রমেশ, অ্যালায়েন্সের ব্যবস্থাপনা পরিচালক রবিন মেসবাহ, অ্যার্কডের প্রধান নিরাপত্তা পরিদর্শক ব্রেড লয়েন প্রমুখ।
দেশে প্রথমবারের মতো এই অগ্নি ও ভবন নিরাপত্তার সরঞ্জামের প্রদর্শনী বিজিএমইএ, ক্রেতাদের জোট—অ্যাকর্ড ও অ্যালায়েন্স, সিঅ্যান্ডএ ফাউন্ডেশন, ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি) ও অ্যালিভেট নামক একটি প্রতিষ্ঠান সম্মিলিতভাবে আয়োজন করছে। দুই দিনের এই প্রদর্শনী শেষ হবে আজ সোমবার।
প্রদর্শনীতে ৫২টি প্রতিষ্ঠান স্টল দিয়েছে। উদ্যোক্তাদের সচেতন করতে আছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি বড়সড় স্টল। অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো কন্ট্রোল প্যানেল, ফায়ার হাইড্রেন্ট ও স্প্রিংকলার সিস্টেম, অগ্নি প্রতিরোধক মুখোশ ও কম্বলসহ অগ্নি নিরাপত্তার বিভিন্ন যন্ত্রপাতি প্রদর্শন করছে।