কারখানার মালিকদের দায় কম!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারের ভবনধসের জন্য রানা প্লাজার মালিককে দায়ী করা যায়। আর সেখানকার পোশাক কারখানার মালিকেরা ঘটনার দায় এড়াতে পারেন না।
সাভার ট্র্যাজেডির ওপর তদন্ত সম্পন্ন করে এমন পর্যবেক্ষণই তুলে ধরেছে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ।
১০ দিনের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার কথা থাকলেও দুই মাসে শেষ করে এই দায়সারা গোছের প্রতিবেদন দিয়েছে সংগঠনটি। এতে কৌশলে কারখানার মালিকদের দায় কমিয়ে দেখানোর চেষ্টা করা হয়েছে।
অবশ্য গত মাসেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি রানা প্লাজা ধসের ঘটনায় প্রত্যক্ষভাবে মালিক সোহেল রানাকে দায়ী করেছে। একই সঙ্গে পোশাক কারখানার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও পাঁচ পোশাক কারখানার মালিকদের দায়ী করে সবার বিরুদ্ধে দণ্ডবিধির ৩০৪ ধারায় ব্যবস্থা (অবহেলায় মৃত্য) নেওয়ার সুপারিশ করা হয়েছে।
বিজিএমইএর নয় পাতার তদন্ত প্রতিবেদনটিতে বিভিন্ন আঙ্গিকে ভবনধসের দায় ভবনের মালিক, কারখানার মধ্যম সারির কর্মকর্তা, সাভার পৌরসভার নকশা অনুমোদনকারী সংশ্লিষ্ট কর্মকর্তা, রাজউক, কলকারখানা অধিদপ্তরের পরিদর্শক ও প্রকৌশল বিভাগের ওপর চাপানোর চেষ্টা করা হয়েছে।
কিন্তু কারখানার মালিকদের বিষয়ে বলা হয়েছে, ‘বিজিএমইএর তদারকি ও নিরাপত্তা সেলের নির্দেশ অমান্য করে অভিজ্ঞ প্রকৌশলী দিয়ে ভবন পরীক্ষা না করে কেবল ভবনের মালিকের চাপে ২৪ এপ্রিল কারখানা চালু রাখায় এই দুর্ঘটনার দায় কারখানার মালিকেরা এড়াতে পারেন না।’ সুপারিশে কারখানা মালিকদের আইনের আওতায় আনা যেতে পারে—কথাটি বলা হয়েছে। এর বাইরে প্রতিবেদনটিতে মালিকদের বিরুদ্ধে আর কোনো শব্দ নেই।
এর আগে গত নভেম্বরে তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডে ১১২ জন পোশাকশ্রমিক দগ্ধ হয়ে মারা যান। ওই ঘটনার পর বিজিএমইএ যে তদন্ত প্রতিবেদন দেয়, তাতেও সুকৌশলে মালিককে রক্ষার চেষ্টা করা হয়। পাঁচ পাতার ওই প্রতিবেদনে মালিকপক্ষকে নিয়ে একটি শব্দও ছিল না!
তদন্ত প্রতিবেদনে সাভারে ভবনধসের নয়টি সম্ভাব্য কারণ উল্লেখ করেছে কমিটি। কারণগুলোর মধ্যে ছয়তলার অনুমোদন নিয়ে নয়তলা করা, ভবন নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার, ভবনের পিলারের ভার বহনের ক্ষমতা কম ও ফ্লোরগুলোতে ভারী জেনারেটর স্থাপন করা অন্যতম। এ ছাড়া ভবনে অতিরিক্ত কাঁচামালসহ কাপড় ও তৈরি পোশাক মজুত, ধারণক্ষমতার চেয়ে বেশি বেশি শ্রমিক-কর্মচারী থাকার বিষয়টি রানা প্লাজার ধসের কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
বিজিএমইএ ভবনে গতকাল বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে তদন্ত প্রতিবেদনটি প্রকাশ করা হয়। কমিটির আহ্বায়ক সমিতির সহসভাপতি এস এম মান্নান পুরো প্রতিবেদনটি পড়েন। এ সময় আরও উপস্থিত ছিলেন সমিতির সভাপতি আতিকুল ইসলাম।
গত ২৪ এপ্রিল সকালে সাভারের ভবনধসের ঘটনায় এক হাজার ১৩০ জন পোশাকশ্রমিক নিহত হন। আহত হন আরও অনেকে। এই ঘটনার চার দিন পর এস এম মান্নানকে আহ্বায়ক করে নয় সদস্যের তদন্ত কমিটি গঠন করে সমিতি। পরে কমিটিতে আরও দুজনকে অন্তর্ভুক্ত করা হয়। ওই সময় ১০ দিনের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছিল। তবে তদন্ত শেষ করতে প্রায় দুই মাস সময় নিয়েছে বিজিএমইএ।
তদন্তে দীর্ঘসূত্রতা নিয়ে একাধিবার সমিতির নেতারা দাবি করেন, রানা প্লাজার রড, মাটি, কাঠামোগত নকশা, পিলার বিম ও স্লাবের কংক্রিট বুয়েটে পরীক্ষা করতে দেওয়া হয়েছে। সে জন্যই দেরি হচ্ছে।
এ বিষয়ে তদন্ত প্রতিবেদনে বলা হয়, বুয়েটের পরীক্ষা দেখা যায় ভবনটির পিলারের আকার ছিল ২০ ইঞ্চি x ২০ ইঞ্চি এবং কংক্রিটের স্ট্রেন্থ (শক্তিমত্তা) ছিল দুই হাজার ৩০০ পিএসআই। তবে এ ধরনের ভবনের থাকা উচিত ছিল কমপক্ষে তিন হাজার ৫০০ পিএসআই।
দায়ী ভবনের মালিক: প্রতিবেদনে বলা হয়, সাভার পৌরসভা বাণিজ্যিকভাবে ব্যবহারের উপযোগী ছয়তলা ভবনের নকশা ও পরিকল্পনা (প্ল্যান) অনুমোদন করে। কিন্তু তা উপেক্ষা করে নয়তলা করেন ভবনের মালিক। একই সঙ্গে ভবনের ছয়টি তলা পাঁচটি পোশাক কারখানাকে ভাড়া দেওয়া হয়। স্থাপন করা হয় ভারী জেনারেটর। এগুলো একসঙ্গে চলায় ভবনে কম্পন সৃষ্টি হতো, যা ধসের অন্যতম কারণ।
এ ছাড়া নিম্নমানের সামগ্রী ব্যবহার করে ভবন নির্মাণ করেন সোহেল রানা। ভবনের ছাদে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বসান তিনি। একই সঙ্গে ২৩ এপ্রিল পিলারে ফাটল দেখার পরও বিশেষজ্ঞদের দিয়ে পরীক্ষা না করিয়ে পোশাক কারখানার মালিকদের কারখানা চালু রাখতে চাপ দেন রানা।
এই ধরনের সাতটি অভিযোগ তুলে ধরে প্রতিবেদনে বলা হয়, এই কারণেই ভবনধস ও হতাহতের জন্য ভবনের মালিককে দায়ী করা যায়। এ ছাড়া অনিয়ম করে নয়তলা ভবন হচ্ছে জেনেও পৌরসভা কর্তৃপক্ষের বাধা না দেওয়া, কার্যক্রমে অবহেলার কারণে ঢাকা বিভাগীয় কলকারখানা ও পরিদর্শন দপ্তর এবং গণমাধ্যমে ফাটলের সংবাদ দেখার পরও ব্যবস্থা না নেওয়ায় রাজউক রানা প্লাজা ধসে দায় এড়াতে পারে না বলেছে বিজিএমইএর তদন্ত কমিটি।
বিজিএমইএর দায় নেই: সাভারের ঘটনায় বিজিএমইএর কি কোনো দায় নেই—সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সভাপতি আতিকুল ইসলাম বলেন, ঘটনার আগের দিন ফাটলের খবর পেয়ে সমিতির পক্ষ থেকে দুজন কর্মকর্তা পাঠিয়ে পোশাকমালিকদের কারখানা বন্ধ রাখতে বলা হয়। প্রকৌশলীদের দিয়ে ভবন পরীক্ষার নির্দেশ দেওয়া হয়।
সভাপতি আরও বলেন, ‘সমিতির নির্দেশ না মানায় এত বড় ঘটনা ঘটেছে। তাই আমরা তাঁদের (পোশাক কারখানার মালিক) দায়ী করছি। এখানে বিজিএমইএর দায় নেই।’ তিনি বলেন, ঘটনার পর পাঁচটি কারখানার সদস্যপদ স্থগিত করা হয়েছে। দায়িত্ব না হলেও বিজিএমইএ ইতিমধ্যে শ্রমিকদের বেতন বাবদ ছয় কোটি টাকা দিয়েছে। আহত ব্যক্তিদের চিকিৎসা দায়-দায়িত্ব নিয়েছে।
রানা প্লাজার ঘটনা দুর্ঘটনা, না হত্যাকাণ্ড—এমন প্রশ্নের জবাবে আতিকুল ইসলাম বলেন, মামলা চলছে। আদালতই বলবেন এটি হত্যাকাণ্ড নাকি দুর্ঘটনা।