কারখানায় নিরাপত্তা বাড়ানোর আহ্বান জানিয়েছে ইইউ
বাংলাদেশে তৈরি পোশাক কারখানায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করার জন্য মালিকদের প্রতি আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।গতকাল সোমবার ইউরোপীয় ইউনিয়নের বাংলাদেশের প্রধান উইলিয়াম হান্না এক বিবৃতিতে দেশের সব তৈরি পোশাক কারখানার মালিকদের প্রতি এই আহ্বান জানান।আশুলিয়ার তাজরীন ফ্যাশনসের কারখানায় অগ্নিকাণ্ডে ১১১ জন শ্রমিকের প্রাণহানির পর কারখানাগুলোর নিরাপত্তার মান নিয়ে ইউরোপীয় ইউনিয়ন এই বিবৃতি দেয়।এতে বলা হয়, বাংলাদেশে সব তৈরি পোশাক কারখানায় শ্রমবান্ধব পরিবেশ নিশ্চিত করা উচিত। ইতিমধ্যে ইউরোপীয় ইউনিয়ন এই কার্যক্রমে বাংলাদেশে সহায়তা বাড়ানোর উদ্যোগ নিয়েছে।উইলিয়াম হান্না বিবৃতিতে বলেন, ‘অগ্নিনির্বাপণব্যবস্থা জোরদার করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ডাইরেক্টরেটের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে ইউরোপীয় ইউনিয়ন। এ ছাড়া তৈরি পোশাক কারখানার মালিকদের সংগঠন বিজিএমইএর সদস্য কারখানার মালিকদের সঙ্গে কমপ্লায়েন্স নিয়ে কাজ হচ্ছে।’ উইলিয়াম হান্না আরও জানান, শ্রম মন্ত্রণালয়, বিজিএমইএ ও নিট পোশাক কারখানার মালিকদের সংগঠন বিকেএমইএর সমন্বয়ে আন্তর্জাতিক মানসম্পন্ন নিরাপত্তাব্যবস্থা গড়ে তুলতে ‘প্রমোশন অব সোশ্যাল অ্যান্ড এনভায়রনমেন্টাল স্ট্যান্ডার্ড ইন ইন্ডাস্ট্রিজ’ প্রকল্প নেওয়া হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, তাজরীন ট্র্যাজেডির ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ২০ লাখ টাকা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ও জার্মানি।বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির প্রায় ৫৭ শতাংশ যায় ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে।