কারখানায় পোশাকের স্তূপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবরোধে নারায়ণগঞ্জের কারখানাগুলো রপ্তানিমুখী পণ্য পাঠাতে পারছে না ।  প্রথম আলো
অবরোধে নারায়ণগঞ্জের কারখানাগুলো রপ্তানিমুখী পণ্য পাঠাতে পারছে না । প্রথম আলো

এক মাসেরও বেশি সময় ধরে চলা হরতাল-অবরোধসহ রাজনৈতিক সহিংসতার কারণে নারায়ণগঞ্জের রপ্তানিমুখী নিট পোশাকশিল্প চরম সংকটে পড়েছে। সময়মতো পণ্য পরিবহন করে জাহাজীকরণ করতে না পারায় বেশির ভাগ কারখানায় উৎপাদিত পোশাকের স্তূপ জমে গেছে।

চট্টগ্রাম বন্দর, বেনাপোল স্থলবন্দর থেকে সুতা, রং, রসায়নিক উপাদানসহ অন্যান্য কাঁচামাল আনতে না পারায় কারখানাগুলোর উৎপাদনব্যবস্থাও প্রায় ভেঙে পড়েছে। সড়কপথে নিরাপত্তার অভাবে দেশি সুতার মিলগুলোও নিট পোশাকের কারখানাগুলোতে সুতা পৌঁছানো বন্ধ করে দিয়েছে। নারায়ণগঞ্জই হচ্ছে রপ্তানি আয়ের অন্যতম প্রধান খাত এই নিট পোশাকের সূচনাগার। দেশের চরম রাজনৈতিক পরিস্থিতিতে নারায়ণগঞ্জ থেকে চট্টগ্রাম বন্দর অভিমুখী একটি কাভার্ড ভ্যানের ভাড়া লাখ টাকা ছাড়িয়েছে ইতিমধ্যে।

নারায়ণগঞ্জ শহর, ফতুল্লার পঞ্চবটীর বিসিক শিল্পনগর ও আশপাশের এলাকা, সিদ্ধিরগঞ্জ, আদমজী ইপিজেড, রূপগঞ্জ, কাঁচপুর এলাকার কারখানাগুলোতে গত দুই দিনে বিপুল পরিমাণ তৈরি পোশাকভর্তি কার্টন দেখা যায়। এসব পণ্য বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করার অপেক্ষায় মালিকেরা রাজনৈতিক সমাধানের পথপানে চেয়ে আছেন বলেও জানা যায়।
শিল্প উদ্যোক্তারা বলছেন, টানা হরতাল-অবরোধে এসব কারখানায় শ্রমিকদের উপস্থিতি ও উৎপাদন স্বাভাবিক রয়েছে। তবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডসহ আরও দুটি স্থানে চট্টগ্রাম বন্দর অভিমুখী পোশাক পণ্যবাহী কভার্ড ভ্যানে আগুন লাগানোর ঘটনায় তাঁরা আতঙ্কের মধ্যে রয়েছেন।

সরেজমিনে দেখা যায়, প্রতিটি কারখানায় পণ্যের স্তূপ, যা গুদাম থেকে বিল্ডিংয়ের বিভিন্ন তলায় ও সিঁড়িতে ছড়িয়ে গেছে। বিকেএমইএর ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ হাতেমের ধারণা, কারখানাগুলোতে আনুমানিক ছয় হাজার কোটি টাকার উৎপাদিত পণ্য জমে রয়েছে।
বিদেশি ক্রেতাদের চাপে অনেক কারখানার মালিক বিমানে পণ্য পাঠাতে বাধ্য হচ্ছেন। তবে বিমানে পণ্য পাঠালে খরচ বেড়ে যাবে কয়েক গুণ। তাতে উদ্যোক্তাদের আর্থিক ক্ষতি হবে। ইতিমধ্যে তৈরি পোশাকমালিক সমিতি বিজিএমইএ বিমানে পণ্য পাঠানো বাবদ ব্যবসায়ীদের চার হাজার কোটি টাকার আর্থিক ক্ষতির হিসাব দিয়েছে। এর মধ্যে নিট পোশাক বিমানে পরিবহনের হিসাবও আছে।
মডেল ডি ক্যাপিটাল ইন্ডাস্ট্রিজে গিয়ে দেখা যায়, বিপুল পরিমাণ তৈরি পোশাকের কার্টন জমে রয়েছে। শিল্পপ্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও বিকেএমইএর পরিচালক মো. মাসুদুজ্জামান বলেন, বর্তমানে তাঁর ৪০ কোটি ডলারের রপ্তানি পোশাকপণ্য জাহাজীকরণের অপেক্ষায় পড়ে আছে।

বিকেএমইএর সহসভাপতি ও অবন্তী কালার টেক্সের এমডি এ এইচ আসলাম সানী বলেন, নতুন মজুরি কাঠামোতে শ্রমিকদের বেতন-ভাতা বেড়েছে ৭৭ শতাংশ। পোশাকশিল্পে এখন ক্রান্তিকাল চলছে। পরিস্থিতি খুব দ্রুত স্বাভাবিক না হলে দেশের রপ্তানি আয়ের প্রধান এই খাত চরম সংকটে পড়বে।
কাভার্ড ভ্যান ভাড়া এক লাখ টাকা: রাজনৈতিক সহিংসতার মধ্যে যান ও জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে গিয়ে কাভার্ড ভ্যানের মালিকেরা ভাড়া বাড়িয়েছেন কয়েকগুণ। এখন নারায়ণগঞ্জ থেকে চট্টগ্রাম বন্দর অভিমুখী কাভার্ড ভ্যানের ভাড়া এক লাখ টাকা ছাড়িয়েছে।

কাভার্ড ভ্যানের ভাড়া এই অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন পোশাকশিল্পের মালিকেরা। বিকেএমইএর পরিচালক মো. মাসুদুজ্জামান বলেন, চট্টগ্রাম বন্দরে ৪০ ফুট আয়তনের একটি কনটেইনার পরিপূর্ণ করতে দুটি কাভার্ড ভ্যান প্রয়োজন। এক মাস আগে নারায়ণগঞ্জ থেকে চট্টগ্রাম বন্দর পর্যন্ত প্রতিটি কাভার্ড ভ্যানের ভাড়া ছিল সাত থেকে নয় হাজার টাকা। এখন তা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ টাকার ওপরে।

জানা যায়, হাইওয়ে পুলিশ নিরাপত্তা দিয়ে পোশাক পণ্যবাহী কাভার্ড ভ্যান চট্টগ্রাম বন্দরে পৌঁছে দিলেও ফেরত আসার পথে নিরাপত্তার কোনো ব্যবস্থা নেই। এ কারণে অনেক কাভার্ড ভ্যান চট্টগ্রাম বন্দরে যেতে চায় না। শুধু পণ্য রপ্তানিই নয়, রাজনৈতিক সহিংসতার কারণে পোশাকশিল্পের যেসব কাঁচামাল যেমন—সুতা, কাপড়, রং, রাসায়নিক উপাদানসহ অন্যান্য সামগ্রী, যা বিদেশ থেকে আমদানি করা হয়, নিরাপত্তাহীনতার কারণে সেসব পণ্য কারখানা পর্যন্ত আনা যাচ্ছে না।

গত এক মাসে পোশাক পণ্যবাহী অসংখ্য কাভার্ড ভ্যানে আগুন দেওয়ায় পরিবহনের মালিকদের ব্যাপক ক্ষতি হয়েছে। এসব কারণে এখন দেশি স্পিনিং (সুতা) মিলগুলোও পোশাক কারখানায় সুতা সরবরাহ প্রায় বন্ধ রেখেছে। জানা যায়, গাজীপুরের স্পিনিং মিল থেকে নারায়ণগঞ্জে পোশাক কারখানায় সুতা পৌঁছানোর জন্য কাভার্ড ভ্যানের ভাড়া এখন ৪০ হাজার টাকা হয়েছে। আগে যা ছিল চার হাজার টাকা।