কারখানায় মালিক ও শ্রমিক সমঝোতায় যুক্তরাষ্ট্র তৃতীয় পক্ষের অন্তর্ভুক্তি চায়
বাংলাদেশের কারখানা পর্যায়ে মালিক-শ্রমিক সমঝোতা বা দর-কষাকষিতে তৃতীয় পক্ষের সম্পৃক্ততা চায় যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) উন্নততর কাজ (বেটার ওয়ার্ক) কর্মসূচি চালুর অন্যতম পূর্বশর্ত হিসেবে এটি জুড়ে দেওয়া হয়েছে।ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ব্লেকের সঙ্গে ব্যবসায়ীদের এক বৈঠকে তৃতীয় পক্ষের সম্পৃক্ততার বিষয়ে যুক্তরাষ্ট্রের জোরালো মনোভাবের কথা জানিয়ে দেওয়া হয়েছে। গতকাল রোববার সকালে রাজধানীর একটি হোটেলে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অবশ্য দেশের ব্যবসায়ী-উদ্যোক্তাদের পক্ষে মাত্র পাঁচজন উপস্থিত ছিলেন।বৈঠক সূত্রে জানা গেছে, রবার্ট ব্লেক বাংলাদেশের শ্রমমান ও কারখানায় কাজের পরিবেশ উন্নত করার বিষয়ে উদ্যোক্তাদের সক্রিয় হতে আহ্বান জানান। তিনি তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডের ঘটনা প্রসঙ্গে বলেন, কোনো দুর্ঘটনা ঘটলে অল্প কয়েক দিনের জন্য সবাই তৎপর হয়। তারপর আবার তা থেমে যায়। এই প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে।বৈঠকে ব্লেক শ্রমিকের জীবনমানের উন্নতির জন্য আইএলও উন্নততর কাজ কর্মসূচি প্রবর্তনের তাগিদ দেন। এ বিষয়ে উদ্যোক্তাদের পক্ষ থেকে বলা হয়, তারাও এই কর্মসূচি বাস্তবায়নে আগ্রহী। কিন্তু এ জন্য দুটি পূর্বশর্ত আরোপ করা হয়েছে, যা নিয়ে তাদের কিছু আপত্তি আছে।একটি শর্ত হলো, শিল্প-কারখানায় শ্রমিক সংঘের নিবন্ধন-প্রক্রিয়া সহজ করা ও শ্রমিকদের সত্যায়ন করা। এ বিষয়ে কারখানার মালিকদের দিক থেকে তেমন কোনো আপত্তি নেই বলে বৈঠকে জানানো হয়। কিন্তু অপর শর্ত অর্থাৎ কারখানায় মালিক-শ্রমিক সমঝোতায় তৃতীয় পক্ষের সম্পৃক্ততা বা উপস্থিতিতে তাদের তীব্র আপত্তি আছে।এ পর্যায়ে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বলেন, বাংলাদেশকে এই দুটি শর্তই পূরণ করতে হবে। এ থেকে পিছিয়ে আসার কোনো সুযোগ নেই।যোগাযোগ করা হলে বৈঠকে যোগদানকারী বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি ফজলুল হক প্রথম আলোকে বলেন, ‘বৈঠকে আমরা এ বিষয়ে আমাদের আপত্তির কথা বলেছি। কেননা, মালিক-শ্রমিকের মাঝখানে তৃতীয় পক্ষের সম্পৃক্ততা শিল্পের জন্য সমস্যা তৈরি করতে পারে, এই সুযোগে বহিরাগতরা কারখানায় হস্তক্ষেপ করতে পারে। তাই বিষয়টি নিয়ে আরও আলোচনা করা হবে।’