কারখানায় রাজনীতি নিয়ে মালিক-শ্রমিক ভিন্নমত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রমিক সংঘ বা ট্রেড ইউনিয়নের সব ধরনের রাজনীতি থেকে মুক্ত থাকা উচিত বলে মনে করেন শিল্পকারখানার মালিকেরা। তবে শ্রমিকপক্ষের ভাষ্য হলো, মালিকেরা নিজেরা রাজনীতি করছেন, সাংসদ হচ্ছেন। আর ট্রেড ইউনিয়নকে রাজনীতিমুক্ত রাখার কথা বলছেন।
দেশের পোশাক খাত নিয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিলস) এবং ফ্রেডরিশ এবার্ট স্টিফটাং (এফইএস) আয়োজিত এক সংলাপে এমন মতামত উঠে এসেছে। রাজধানীর ব্র্যাক সেন্টারে গতকাল মঙ্গলবার এ সংলাপ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে তৈরি পোশাক শিল্পমালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম রাজনীতিকদের উদ্দেশে বলেন, ‘দয়া করে ট্রেড ইউনিয়নগুলোকে রাজনীতিকীকরণ করবেন না যে এটা আমাদের ট্রেড ইউনিয়ন, ওটা তাদের ট্রেড ইউনিয়ন।’
গত আট বছরে কতটি ট্রেড ইউনিয়ন নিবন্ধিত হয়েছে তার একটি হিসাব দিয়েছেন বিজিএমইএ সভাপতি। তাঁর তথ্য অনুযায়ী, ২০০৭, ২০০৮ এবং ২০১০ সালে কোনো ট্রেড ইউনিয়ন নিবন্ধিত হয়নি। ২০০৯ সালে দুটি, ২০১১ ও ২০১২ সালে একটি করে, ২০১৩ সালে ৮১টি এবং ২০১৪ সালের মার্চ পর্যন্ত ৪২টি ট্রেড ইউনিয়ন নিবন্ধিত হয়েছে।
আতিকুল ইসলাম বলেন, ‘ট্রেড ইউনিয়নের দায়িত্বশীলতা কেমন হবে সে বিষয়ে আমাদের কোনো ধারণা নেই। কারণ দেশের তৈরি পোশাক খাতে ট্রেড ইউনিয়নের বয়স বেশি না। এ নিয়ে সব পক্ষের মধ্যে আলোচনা হওয়া উচিত।’
বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের মহাসচিব ফারুক আহমেদ বলেন, ‘আমি আমার সব শ্রমিককে কালই ট্রেড ইউনিয়ন করতে দেব যদি শ্রমিকেরা আমাকে দুটি বিষয়ে নিশ্চয়তা দিতে পারেন। প্রথমত, জাতীয় ও আঞ্চলিক সব ধরনের রাজনীতি থেকে ট্রেড ইউনিয়নকে দূরে রাখতে হবে। দ্বিতীয়ত, ট্রেড ইউনিয়ন করতে দেওয়ার পর তারা কোনো ধরনের ভাঙচুর, সন্ত্রাস কিংবা জ্বালাও-পোড়াও করতে পারবেন না।’
তবে এই দুজনের বক্তব্যের পর হঠাৎই বক্তব্য দিতে শুরু করেন বাংলাদেশ মুক্ত শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ও বিলসের ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান। তিনি বলেন, ‘গার্মেন্টস মালিকেরা রাজনৈতিক কর্মসূচিতে যাচ্ছেন। সংসদে দেখেন, অনেক সাংসদই গার্মেন্টস মালিক। কিন্তু তাঁরাই বলছেন, ট্রেড ইউনিয়নকে রাজনীতিমুক্ত রাখার কথা। তাঁদের মুখ থেকে এমন কথা শুনতে আমরা এ সংলাপে আসিনি। আইএলও কনভেনশনে পরিষ্কারভাবে বলা আছে, শর্তহীনভাবে ট্রেড ইউনিয়ন করতে দিতে হবে।’
আন্তর্জাতিক ট্রেড ইউনিয়ন ফেডারেশনের সভাপতি মিখাইল শুমার বলেন, ক্রেতা প্রতিষ্ঠানগুলোর দুই জোট অ্যাকর্ড ও অ্যালায়েন্স যে কাজটা করছে সেটা প্রথম ধাপ। পোশাক খাতের আসল কাজটা করতে হবে এ দেশীয় পোশাক খাত-সংশ্লিষ্ট ব্যক্তিদের। এ জন্য শিল্প সম্পর্ক বাড়াতে হবে। তাজরীন এবং রানা প্লাজার ঘটনা থেকে শিক্ষা নিয়ে শ্রমিকদের জীবনমান বাড়াতে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
ইন্ডাস্ট্রিঅল বাংলাদেশের মহাসচিব রায় রমেশ চন্দ্র বলেন, শ্রমিকদের জন্য দেশে কোনো নিরাপত্তাবেষ্টনী নেই। সে কারণেই বাংলাদেশ গার্মেন্টস ওয়ার্কার্স ট্রাস্ট ফান্ড গঠনের কথা বলা হচ্ছে। প্রতি মাসে শ্রমিকেরা পাঁচ টাকা, কারখানার মালিক ও সরকার প্রতি শ্রমিকের জন্য পাঁচ টাকা করে এবং ক্রেতাদের কাছ থেকে পোশাকপ্রতি ১০ সেন্ট করে নিয়ে এ তহবিল গঠন করা সম্ভব। এ তহবিল থেকে আহত শ্রমিকদের সহায়তা করা হবে এবং শ্রমিকেরা অবসর নেওয়ার পরও অর্থ পাবেন।
এ দেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত অ্যালব্রেচ কোনজে বলেন, বাংলাদেশ এখন পোশাক রপ্তানিতে প্রথম হওয়ার পথে। সে কারণে বাংলাদেশকে হতে হবে সর্বোৎকৃষ্ট। কারণ প্রথম হলে অনেক কিছুই আন্তর্জাতিকভাবে যাচাই-বাছাই এবং তদারক হবে।
বিলসের মহাসচিব নজরুল ইসলাম খান বলেন, বহু বছর দেশে ট্রেড ইউনিয়নকে এড়িয়ে চলার চেষ্টা করা হয়েছে। কিন্তু তাতে কোনো লাভ হয়নি। শিল্প সম্পর্ক গড়ে ওঠেনি। এখন ট্রেড ইউনিয়ন নিবন্ধিত হচ্ছে। এগুলোকে গঠনমূলকভাবে কাজ করতে দিতে হবে।
শ্রমসচিব মিকাইল শিপার জানান, পোশাক খাতের জন্য আলাদা একটি ত্রিপক্ষীয় কমিটি করার চিন্তা সরকারের রয়েছে।
বিলসের সহকারী নির্বাহী পরিচালক সুলতান উদ্দিন আহামেদ বলেন, ২০১০ সাল থেকে ২০১৩ সালের জুন পর্যন্ত সারা দেশে এক হাজার ৬৩টি শিল্প অসন্তোষের ঘটনা ঘটেছে। এর ৮৭ শতাংশই ঘটেছে পোশাক খাতে।
বিলসের চেয়ারম্যান হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সাংসদ ও নারীনেত্রী শিরীন আখতার, আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) এ দেশীয় পরিচালক শ্রীনিবাস রেড্ডি, সলিডারিটি সেন্টারের নির্বাহী পরিচারক অ্যালেঞ্জো গ্লেন সোসুন, স্কপের সমন্বয়ক মেজবাহউদ্দিন আহমেদ প্রমুখ বক্তব্য দেন।