ইউরোপীয় ক্রেতাদের জোট অ্যাকর্ড বাংলাদেশের এক হাজার ১০৬টি তৈরি পোশাক কারখানা পরিদর্শন করে ৮০ হাজার নিরাপত্তাবিষয়ক ত্রুটি খুঁজে পেয়েছে। গত ১৪ অক্টোবর এমন তথ্য দেয় অ্যাকর্ড। তবে এসব ত্রুটি সংস্কারে এখন কাজ চলছে। একই সঙ্গে কারখানা উৎপাদন অব্যাহত আছে। অ্যাকর্ড নতুন করে ব্যাখ্যা দিয়ে বলেছে, অধিক ঝুঁকিপূর্ণ আটটি কারখানা স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। আর বাকি কারখানাগুলোতে ছোটখাটো সমস্যা চিহ্নিত হয়েছে। তবে এগুলো তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়ার মতো এত ঝুঁকিপূর্ণ নয়। উৎপাদন চালু রেখেই এগুলো সমাধান করা সম্ভব। এ জন্য কারখানার মালিকেরা কাজ করছেন। বায়ার ফোরামের বৈঠকে গত সোমবার বিষয়টি নিয়ে আলোচনা হয়। এতে আতঙ্ক ছড়ায় এমন খণ্ডিত তথ্য না দিতে অ্যাকর্ডের কর্মকর্তাদের পরামর্শ দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার অ্যাকর্ডের পক্ষ থেকে পরিদর্শন হওয়া কারখানাগুলোতে ৮০ হাজার ত্রুটি খুঁজে পাওয়ার বিষয়ে একটি ব্যাখ্যা ই-মেইলের মাধ্যমে বিজিএমইএকে দেওয়া হয়। নিজস্ব প্রতিবেদক