কারণ ছাড়া বাড়ছে দুই কোম্পানির শেয়ারের দাম
তালিকাভুক্ত দুই কোম্পানির কাছে অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণ জানতে চেয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। কোম্পানি দুটি হলো ঝিলবাংলা ও রহিম টেক্সটাইল। ডিএসইর চিঠির জবাবে কোম্পানি দুটি জানিয়েছে, শেয়ারের অস্বাভাবিক দরবৃদ্ধি পাওয়ার মতো কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য তাদের কাছে নেই।
কোম্পানি দুটির জবাব গতকাল বৃহস্পতিবার ডিএসইর ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। মূল্য সংবেদনশীল কোনো তথ্য না থাকার পরও গতকাল কোম্পানি দুটির শেয়ারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ঘটেছে। এদিন রহিম টেক্সটাইলের প্রতিটি শেয়ারের দাম প্রায় পৌনে নয় শতাংশ বা ২৭ টাকা ৭০ পয়সা বেড়েছে।
অপর কোম্পানি ঝিলবাংলার প্রতিটি শেয়ারের দাম এদিন ৯০ পয়সা বা ৯ দশমিক ৩৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১০ টাকা ৫০ পয়সা। গত দুই কার্যদিবসে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম দেড় টাকা বেড়েছে।
অন্যদিকে, গত দুই কার্যদিবসে রহিম টেক্সটাইলের প্রতিটি শেয়ারের দাম বেড়েছে প্রায় ৫৩ টাকা ২০ পয়সা। গত ২৪ মার্চ কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ছিল ২৯২ টাকা। আর গতকাল দিন শেষে তা বেড়ে হয়েছে ৩৪৫ টাকা ২০ পয়সা।