কারণ ছাড়াই বাড়ছে ভোজ্যতেলের দাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম কমেছে। দেশেও পণ্যটির মজুত ভালো। চট্টগ্রাম কাস্টম হাউসেও খালাসের অপেক্ষায় আছে রেকর্ড পরিমাণ ভোজ্যতেল। কিন্তু কোনো কিছুই এর মূল্যবৃদ্ধি ঠেকাতে পারছে না। হঠাৎ করেই কোনো কারণ ছাড়া ই দাম বাড়াচ্ছেন ব্যবসায়ীরা। রাজধানীর বাজারগুলোতে এক লিটার খোলা সয়াবিন তেল গতকাল শনিবার বিক্রি হয়েছে ১২৬-১২৮ টাকায়। পাম তেল বিক্রি হয়েছে ৭৫-৮০ টাকায়। অথচ ১০ দিন আগেও খোলা সয়াবিন ১১৫-১১৬ ও পাম তেল ৭২-৭৮ টাকায় বিক্রি হতো। এই পরিসংখ্যান সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি)।ডিসেম্বর মাসের বাজার পর্যবেক্ষণ করে গত বুধবার ট্যারিফ কমিশনের বাজার তদারক সেল যে প্রতিবেদন বাণিজ্য মন্ত্রণালয়ে জমা দিয়েছে, তাতে বলা হয়েছে, ঋণপত্র মূল্য ও আনুষঙ্গিক খরচ যোগ করে এখন খোলা সয়াবিন তেলের মিলগেট দর হওয়া উচিত ১১১ টাকা। এর সঙ্গে পরিবেশক ও খুচরা ব্যবসায়ীর দুই টাকা করে মুনাফা ধরে খুচরা পর্যায়ে সয়াবিন তেলের দাম হওয়া উচিত ১১৫ টাকা লিটার। কিন্তু পরিশোধনকারী মিলগুলো মিলগেটেই খোলা সয়াবিন তেল বিক্রি করছে ১১৪ টাকা লিটার।তদারক সেলের সদস্য মাহমুদ হাসান প্রথম আলোকে বলেন, বাজারে অন্তত ১০ দিনের ভোজ্যতেল মজুত আছে। কাস্টমস হাউসেও গত এক বছরের সর্বোচ্চ মজুত আছে। তাই ভোজ্যতেলের দাম বাড়ার যৌক্তিক কারণ নেই।ব্রাজিল থেকে অপরিশোধিত সয়াবিন তেল চট্টগ্রাম বন্দরে আসতে সময় লাগে সর্বোচ্চ ৪০ দিন। তা প্রক্রিয়াজাত করে বাজারে ছাড়তে সময় লাগে আরও ১০ দিন। সে হিসেবে বাজারে এখন যে সয়াবিন তেল বিক্রি হচ্ছে, তা দেশে এসেছে নভেম্বরের শেষ দিকে কিংবা ডিসেম্বরের শুরুতে।ট্যারিফ কমিশন বলছে, ভোজ্যতেলের মজুত এখন যেকোনো সময়ের চেয়ে ভালো। সংকট হওয়ার কারণ নেই। তবে ঢাকার মৌলভীবাজারের পরিবেশকদের অভিযোগ, মিলগেট থেকে তাঁরা সরবরাহ আদেশ (এসও) অনুযায়ী সয়াবিন তেলের সরবরাহ পাচ্ছেন না। মিলগুলো নগদে অন্যদের কাছে বেশি দামে তেল বিক্রি করছে। তাঁরা জানান, এসও কিনেছিলেন ১০৭ থেকে ১০৯ টাকা লিটার। বাংলাদেশ পাইকারি ভোজ্যতেল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবুল হাশেম প্রথম আলোকে বলেন, ‘তেলের জন্য মিলে গেলে ১০-১৫ দিনের সিরিয়াল দিচ্ছে। তা-ও আবার সবাইকে তেল দিচ্ছে না। ৫০ জনের জায়গায় তেল পাচ্ছেন ২৫ জন।’এদিকে গত বৃহস্পতিবার চট্টগ্রাম কাস্টম হাউসে খালাসের অপেক্ষায় ছিল ৯১ হাজার টন ভোজ্যতেল। ট্যারিফ কমিশন বলছে, সেখানে গত বছরে কখনোই একসঙ্গে ৫০-৫৫ হাজার টনের বেশি তেল খালাসের অপেক্ষায় ছিল না।বর্তমানে বোতলজাত সয়াবিন তেল এক লিটার ১৩৫ টাকা ও পাঁচ লিটার ৬৬০-৬৭০ টাকায় বিক্রি হচ্ছে।পরিশোধনকারীরা এক লিটারের বোতলের খরচ ১৫ ও পাঁচ লিটারের বোতলের ব্যয় ধরেন ৫০ টাকা। অথচ ট্যারিফ কমিশনের হিসাবে এই খরচ যথাক্রমে সাত টাকা ১২ পয়সা ও ২৪ টাকা ৮৬ পয়সা হওয়ার কথা। বোতলের দাম বেশি না রাখলে ক্রেতারা এক লিটার তেল ১২৭ টাকা ১২ পয়সা আর পাঁচ লিটার ৬৩৬-৬৪৪ টাকায় কিনতে পারতেন।আবার পরিশোধনকারীদের দাবি অনুযায়ী ধরলেও এক লিটারের বোতলজাত তেলের দাম ১২৬ টাকা ও পাঁচ লিটারের বোতলের দাম হওয়া উচিত ৬০৫ টাকা। কিন্তু এই হিসাবের চেয়ে তাঁরা ক্রেতার কাছ থেকে এক লিটারের বোতলে ৯ টাকা ও পাঁচ লিটারে ৫৫-৬৫ টাকা বেশি নিচ্ছেন। সিটি গ্রুপের মহাব্যবস্থাপক বিশ্বজিৎ সাহা দাবি করেন, লেবেল, মূসকসহ যাবতীয় খরচ ধরলে এক লিটারের বোতলের খরচ ১৫ টাকা ও পাঁচ লিটারের বোতলে ৪৮-৫০ টাকার কম হওয়া সম্ভব নয়।