কারসাজি চিহ্নিত করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজারের সাম্প্রতিক বিপর্যয়ের কারণ অনুসন্ধানে গঠিত তদন্ত কমিটি গতকাল থেকে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেছে। তবে কমিটি এখনো পর্যন্ত বসার নির্দিষ্ট কোনো জায়গায় পায়নি। জানা গেছে, রাজধানীর মতিঝিলে জীবন বীমা টাওয়ারের ১০ তলায় কমিটির কার্যালয় স্থাপিত হতে পারে। তবে এই জায়গাটি বর্তমানে বিনিয়োগ বোর্ড ব্যবহার করছে। আগামী দু-এক দিনের মধ্যে এটিকে তদন্ত কমিটির কার্যালয়ের জন্য উপযোগী করে তোলা হবে। বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান জানিয়েছেন, খুব তাড়াতাড়ি কক্ষটি খালি করে দেওয়া হবে।এদিকে তদন্ত কমিটি গতকাল পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যান জিয়াউল হক খোন্দকারের সঙ্গে সাক্ষাৎ করেছে। সাক্ষাৎ শেষে তদন্ত কমিটির প্রধান খোন্দকার ইব্রাহিম খালেদ সাংবাদিকদের বলেন, ‘কোনো কারণে ওই কক্ষটি না পাওয়া গেলেও সমস্যা নেই। বাংলাদেশ কৃষি ব্যাংকের প্রধান কার্যালয় অথবা মতিঝিলে অন্য কোনো ভবনে বসেও তদন্ত কাজ এগিয়ে নেওয়া সম্ভব।’ উল্লেখ্য, ইব্রাহিম খালেদ কৃষি ব্যাংকের চেয়ারম্যান। তিনি আরও বলেন, শেয়ারবাজারের ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করা হবে। বাজারে কোনো ধরনের কারসাজি করা হয়েছে কি না, তাও খুঁজে বের করা হবে। যত ঝামেলাই হোক পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করা হবে।তবে প্রতিবেদনটি প্রকাশ করা না করা সরকারের দায়িত্ব বলেও জানিয়েছেন তিনি।ইব্রাহিম খালেদ বলেন, ‘আমরা আজ থেকে তদন্তকাজ শুরু করেছি। পর্যায়ক্রমে সব পক্ষের সঙ্গে কথা বলব। আমরা অগ্রাধিকার ভিত্তিতে কাজ করব। আশা করি, গুরুত্বপূর্ণ বিষয়গুলো চলে আসবে।’ইব্রাহিম খালেদ বলেন, ভবিষ্যতে যাতে এ রকম বড় ধরনের কোনো ঘটনা না ঘটে, সে ব্যাপারে চেষ্টা করা হবে। তিনি জানান, দোষী ব্যক্তিদের খুঁজে বের করার পাশাপাশি কোনো আইনি ত্রুটি বা সীমাবদ্ধতা এতে ভূমিকা রেখেছে কি না, তাও খতিয়ে দেখা হবে। তিনি মনে করেন, এমন উত্থান-পতন স্বাভাবিক প্রক্রিয়ায় হয়নি। এর পেছনে কেউ না কেউ যুক্ত ছিলেন বলে মনে হয়। এই কারসাজিতে যাঁরা ছিলেন তাঁদের অবশ্যই খুঁজে বের করতে হবে। কোনো আইনি ত্রুটি থাকলে তা চিহ্নিত করা হবে। এক প্রশ্নের জবাবে ইব্রাহিম খালেদ বলেন, কমিটি কয়েকটি ধাপে তদন্তকাজ শেষ করবে। আর এই প্রক্রিয়াকে সুষ্ঠুভাবে এগিয়ে নেওয়ার লক্ষ্যে ডিএসই, সিএসই, মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ), লিস্টেড কোম্পানিজ অ্যাসোসিয়েশন, ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামসহ (সিএমজেএফ) সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করবে। এ ছাড়া সাবেক অর্থমন্ত্রী এম সাইদুজ্জামান, এসইসির সাবেক চেয়ারম্যান এ বি মির্জ্জা আজিজুল ইসলাম, ফারুক আহমেদ সিদ্দিকীসহ বিশিষ্টজনদের কাছ থেকেও পরামর্শ নেওয়া হবে। সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) এবং ডিএসই ও সিএসইর কাছ থেকে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের লেনদেনের তথ্য সংগ্রহ করা হবে। নির্ধারিত সময়ের মধ্যেই তদন্তকাজ শেষ করার ব্যাপারে আশাবাদ প্রকাশ করে ইব্রাহিম খালেদ বলেন, দীর্ঘ সময় পাওয়া গেলে বিস্তারিত অনেক কিছু দেখা যেত। কিন্তু এখন হয়তো অল্প কয়েকটি বিষয়ে মনোযোগ কেন্দ্রীভূত রাখতে হবে।