কারসাজি বন্ধে প্রয়োজন আন্তর্জাতিক মানের নিরীক্ষা
কোম্পানিগুলোর আর্থিক প্রতিবেদন প্রস্তুত করতে অ্যাকাউন্টিং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আর এই বিষয়টি আন্তর্জাতিক মানের হতে হবে। এ ক্ষেত্রে নিরীক্ষক প্রতিষ্ঠানগুলো যাতে কোনো প্রকার কারসাজির আশ্রয় নিতে না পারে, সে লক্ষ্যে নিয়ন্ত্রক সংস্থাগুলোকে আরও বেশি সক্রিয় হতে হবে। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (এসইসি) আর্থিক প্রতিবেদন নিরীক্ষার জন্য নিজস্ব পেশাগত যোগ্যতাসম্পন্ন নিরীক্ষক নিয়োগ দিতে হবে। কোম্পানিগুলোর আর্থিক প্রতিবেদন আন্তর্জাতিক মানসম্পন্ন হলে পুঁজিবাজারে সৃষ্ট কারসাজি অনেকাংশে কমে যাবে।আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন সায়েন্সের (সিএআরএস) সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ‘বাংলাদেশের পুঁজিবাজারের উন্নয়নে অ্যাকাউন্টিংয়ের ভূমিকা’ শীর্ষক এক কর্মশালায় এসব বিষয় উঠে আসে। বিশ্বব্যাংকের অর্থায়নে এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের তত্ত্বাবধায়ক পরিচালিত ‘হায়ার এডুকেশন কোয়ালিটি এনহ্যান্সমেন্ট’ প্রজেক্টের অংশ হিসেবে এই কর্মশালার আয়োজন করা হয়।কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক মিজানুর রহমান।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও এসইসির সাবেক চেয়ারম্যান মীর্জ্জা এ বি আজিজুল ইসলাম। আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, তালিকাভুক্ত কোম্পানির আর্থিক প্রতিবেদন ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড (আইএএস), এসইসির অধ্যাদেশ ও কোম্পানি আইন অনুযায়ী হতে হবে। নিরীক্ষক প্রতিষ্ঠানগুলোকে এ ক্ষেত্রে যথাযথ দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বিষয়ে তিনি বলেন, বাজারে তাদের যে ভূমিকা রাখা দরকার তারা তা যথাযথভাবে পালন করছে না।ডিএসইর সভাপতি রকিবুর রহমান আলোচনায় অংশ নিয়ে বলেন, শেয়ারবাজারের উন্নয়নে অ্যাকাউন্টিংয়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বারোপ। তিনি আরও বলেন, সংশ্লিষ্ট কোম্পানির আর্থিক প্রতিবেদন অবশ্যই ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড অনুযায়ী হতে হবে।ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ব্যবস্থাপনা পরিচালক ফায়েকুজ্জামান বলেন, আর্থিক প্রতিবেদন প্রস্তুতের ক্ষেত্রে নিরীক্ষক একাই কিছু করতে পারে না। তিনি বলেন, আর্থিক প্রতিবেদনে অ্যাকাউন্ট্যান্টরা ন্যায্য মূল্য নির্ধারণ করবেন। আর নিরীক্ষক সেটা পরীক্ষা-নিরীক্ষা করে অনুমোদন দেবেন। এ ক্ষেত্রে আন্তর্জাতিক মান যাতে অনুসরণ করা হয় সে বিষয়ে বিধি বিধান থাকা দরকার।কর্মশালায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আবু আহমেদ বলেন, নিরীক্ষকেরা যে প্রতিবেদন তৈরি করেন তা সাধারণের জন্য বোঝা কঠিন। ফলে কোম্পানির আসল অবস্থা না বুঝেই তাদেরকে বিনিয়োগ করতে হয়। তাই আর্থিক প্রতিবেদন এমনভাবে তৈরি করতে হবে যাতে সাধারণ বিনিয়োগকারীরা বুঝতে পারেন। তিনি বলেন, সাধারণত দেখা যায় কোম্পানির ব্যবস্থাপনা যে প্রতিবেদন নিরীক্ষক প্রতিষ্ঠানকে দেয় তারা তাই অনুমোদন দেয়। এ ক্ষেত্রে নিরীক্ষণের প্রতিবেদনে যেকোনো সমস্যা চিহ্নিত করতে নিয়ন্ত্রক সংস্থা হিসেবে এসইসিকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আর নিরীক্ষক প্রতিষ্ঠানকেও কোনো প্রকার প্রভাবের বাইরে থাকতে হবে।আর্থিক প্রতিবেদনে ভুলের জন্য আবু আহমেদ এসইসিকে দায়ী করে বলেন, বাংলাদেশে যে সব নিরীক্ষক প্রতিষ্ঠান রয়েছে তাদের মধ্যে কেউ না কেউ অনিয়ম অথবা ভুল করছে। কিন্তু কারও বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। তিনি আরও বলেন, শেয়ারবাজারের কারসাজির জন্য কারও বিরুদ্ধে মামলা করার আগে এসইসির বিরুদ্ধে মামলা করতে হবে। বাজারের সব ভুলের জন্য এসইসিই কোনো না কোনোভাবে দায়ী।এ ক্ষেত্রে এসইসি, ডিএসই ও সিএসইতে যোগ্য নিরীক্ষক নিয়োগেরও পরামর্শ দেন তিনি।ডিএসইর সাবেক সভাপতি আহমেদ ইকবাল হাসান আর্থিক প্রতিবেদনের সব ভুলের জন্য এসইসিকে দায়ী করেন। তিনি বলেন, অঙ্ক বা সংখ্যা কখনো ভুল হয় না। যারা আর্থিক প্রতিবেদন তৈরি করে তারাই এটি ভুল করে দেয়। আর এসইসি তাই গ্রহণ করছে। বিনিয়োগকারীরা ভুল করছে না, আমরাই তাদের ভুল বোঝাচ্ছি। বিনিয়োগকারীদের ফাঁকি দেওয়ার জন্য আর্থিক প্রতিবেদন অনেক জটিল করে উপস্থাপন করা হয়। আর এসব ফাঁকি ধরার দায়িত্ব এসইসির। এসইসিকে বিনিয়োগকারীদের রক্ষা করতে হবে। একই সঙ্গে বাজার নিয়ন্ত্রণ করতে হবে।আইসিএবির সাবেক সভাপতি নাসির উদ্দিন আহমেদ বলেন, আমাদের দেশের বিনিয়োগকারীদের মধ্যে মাত্র তিন থেকে পাঁচ শতাংশ কোম্পানির আর্থিক প্রতিবেদন দেখে বিনিয়োগ করে থাকেন। এ ক্ষেত্রে তারা গুজব বা অন্যের কথা শুনে বিনিয়োগের সিদ্ধান্ত নেন। তিনি আরও বলেন, আমাদের বাজারে বেশির ভাগে ক্ষেত্রে জেড ক্যাটাগরির শেয়ারে কারসাজি হয়ে থাকে। এসব বন্ধ করতে হলে প্রথমে বিনিয়োগকারীদের শিক্ষিত করতে হবে।প্রত্যেক পেশায় কিছু দুষ্কৃতকারী রয়েছে। এরাই নানাভাবে মানুষকে প্রতারিত করে থাকে। আর্থিক প্রতিবেদন তৈরির ক্ষেত্রে কেউ ইচ্ছাকৃতভাবে অনিয়ম করলে তাকে শাস্তির আওতায় আনা উচিত। তবে ঢালাওভাবে সবাইকে দায়ী করা ঠিক নয়।ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডের সিইও আকতার হোসেন সান্নামাত বলেন, এসইসি, ডিএসই ও সিএসইতে আর্থিক প্রতিবেদন পরীক্ষা-নিরীক্ষার জন্য দক্ষ লোকবল থাকতে হবে।কর্মশালায় আলোচনায় অংশ নেন, এসইসির সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক ও ইউজিসির সদস্য আবুল হাসেম, অধ্যাপক মাহমুদ উসমান ইমাম, অধ্যাপক স্বপন কুমার বালা, অধ্যাপক মোহাম্মদ মুসা, সিএসইর সভাপতি আল মারুফ খান, ডিএসইর জ্যেষ্ঠ সহসভাপতি আহমেদ রশিদ লালী, ডিএসইর পরিচালক আহসানুল ইসলাম ও সিলমার্ট চিশতি প্রমুখ।