কারিগরি সমস্যার কারণে গতকাল বুধবার নির্ধারিত সময়ে শুরু হয়নি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরু হওয়ার কথা থাকলেও এক ঘণ্টা পিছিয়ে তা বেলা সাড়ে ১১টায় শুরু হয়। ডিএসইর সূত্রে অবশ্য জানানো হয়েছে, আজ বৃহস্পতিবার যথারীতি সকাল সাড়ে ১০টা থেকে লেনদেন শুরু হবে।তবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) দিনের লেনদেন গতকাল যথারীতি সকাল সাড়ে ১০টায় শুরু হয়। এদিকে সারা দিন ওঠানামার পর শেষ পর্যন্ত মূল্যসূচক ও লেনদেন বাড়ার মধ্যে দিয়ে শেষ হয়েছে দেশের শেয়ারবাজার। দিনের শেষে গতকাল ডিএসইর বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এর ফলে মূল্যসূচকও বেড়েছে। আর সিএসইর বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম কমলেও সূচক বেড়েছে। একই সঙ্গে গতকালের চেয়ে লেনদেন বেড়েছে দুই বাজারে। দিনের লেনদেন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক ৬ দশমিক ৩৯ পয়েন্ট বেড়ে চার হাজার ৯২ পয়েন্টে দাঁড়িয়েছে। এতে মোট ২৭২টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়। এর মধ্যে ১২৫টির দাম বাড়ে, কমে ১১৮টির আর অপরিবর্তিত ছিল ২৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।ডিএসইতে মোট ২৪৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ৯১ কোটি টাকা বেশি। এতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলো হলো: জেনারেশন নেক্সট ফ্যাশন, ইউনিক হোটেল, ইউনাইটেড এয়ার, বিএসসিসিএল, তিতাস গ্যাস, যমুনা অয়েল, সায়হাম কটন, আরএন স্পিনিং, আমরা টেকনোলজিস, বেক্সিমকো প্রভৃতি।অন্যদিকে দিনের লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক আগের দিনের চেয়ে ৩৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৫৪৩ পয়েন্টে। এতে ১৬৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ৬৩টির দাম বেড়েছে, কমেছে ৮৬টির আর অপরিবর্তিত রয়েছে ১৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। সিএসইতে ৪০ কোটি টাকার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ১৬ কোটি টাকা বেশি।