কারিগরি ত্রুটির কারণে গতকাল রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে বিঘ্ন ঘটেছে। এর ফলে এদিন ডিএসইতে স্বাভাবিক সময়ের চেয়ে দুই ঘণ্টা কম লেনদেন হয়েছে।
ডিএসই কর্তৃপক্ষ বলছে, গতকাল সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরুর পর লেনদেন যন্ত্রে কারিগরি ত্রুটি দেখা দেয়। এ কারণে বেশ কিছু ব্রোকারেজ হাউস নিজেদের সার্ভারের সঙ্গে ডিএসইর লেনদেন যন্ত্রের সঙ্গে সংযোগ স্থাপনে ব্যর্থ হয়। পরে বাধ্য হয়ে লেনদেন শুরুর ১৫ মিনিটের মধ্যে ডিএসই কর্তৃপক্ষ সাময়িকভাবে লেনদেন স্থগিত করে।
কারিগরি ত্রুটি সারিয়ে তোলার পর বেলা সোয়া একটায় পুনরায় লেনদেন শুরু হয়। মাঝে প্রায় আড়াই ঘণ্টা লেনদেন বন্ধ থাকায় এদিন লেনদেনের সময়সীমা ৪৫ মিনিট বাড়িয়ে আড়াইটার পরিবর্তে সোয়া তিনটা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
সব মিলিয়ে গতকাল ডিএসইতে প্রায় সোয়া দুই ঘণ্টা লেনদেন হয়েছে। স্বাভাবিক সময়ে নিরবচ্ছিন্নভাবে সকাল সাড়ে ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত চার ঘণ্টা লেনদেন চলে।
এদিকে কারিগরি ত্রুটির বিষয়ে ডিএসইর কাছে বিস্তারিত জানতে চেয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ ছাড়া তাৎক্ষণিকভাবে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র সাইফুর রহমান ডিএসই কার্যালয়ে গিয়ে এ বিষয়ে খোঁজখবর নেন। এ সময় তিনি ত্রুটির বিষয়ে নিয়ন্ত্রক সংস্থার কাছে লিখিত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
সিএসইর বাছাই সূচকে পরিবর্তন: চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) বাছাই সূচক সিএসই-৩০-তে পরিবর্তন করা হয়েছে। নতুন করে এই সূচকে ১০টি কোম্পানি যুক্ত হয়েছে আর পুরোনো কোম্পানি থেকে ১০টি বাদ পড়েছে। বাকি ২০টি কোম্পানি অপরিবর্তিত রয়েছে। গতকাল রোববার থেকে এই পরিবর্তন কার্যকর হয়েছে।
সিএসই-৩০ সূচকে নতুন করে যে ১০টি কোম্পানি যুক্ত হয়েছে সেগুলো হলো বিডি জেনারেল ইনস্যুরেন্স, এএমসিএল (প্রাণ), অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, মেঘনা
সিমেন্ট, অ্যাপেক্স ফুটওয়্যার, পদ্মা অয়েল, সাউথইস্ট ব্যাংক, আইডিএলসি ফিন্যান্স, বাংলাদেশ সাবমেরিন কেব্লস এবং আরামিট লিমিটেড।
যে ১০টি কোম্পানি বাছাই সূচক থেকে বাদ পড়েছে সেগুলো হলো অ্যাডভান্সড কেমিক্যাল, কেয়া কসমেটিকস, ন্যাশনাল ব্যাংক, সিটি ব্যাংক, পূবালী ব্যাংক, এনসিসি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, লংকাবাংলা ফিন্যান্স, বে-লিজিং ও প্রাইম ব্যাংক।
চূড়ান্তভাবে যে ৩০টি কোম্পানি নিয়ে সিএসই-৩০ সূচক পুনগর্িঠত হলো সেগুলো হলো ফারইস্ট ইসলামি লাইফ ইনস্যুরেন্স, বিডি জেনারেল ইনস্যুরেন্স, স্কয়ার টেক্সটাইল, স্কয়ার ফার্মা, বেক্সিমকো ফার্মা, এএমসিএল (প্রাণ), অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, কনফিডেন্স সিমেন্ট, হাইডেলবার্গ সিমেন্ট, মেঘনা সিমেন্ট, আফতাব অটোমোবাইলস, সিঙ্গার বাংলাদেশ, অ্যাপেক্স ট্যানারি, এপেক্স ফুটওয়্যার, পদ্মা অয়েল, যমুনা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম, তিতাস গ্যাস, এবি ব্যাংক, ইসলামী ব্যাংক, ঢাকা ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, উত্তরা ব্যাংক, ইস্টার্ণ ব্যাংক, আইডিএলসি ফিন্যান্স, উত্তরা ফিন্যান্স, বাংলাদেশ সাবমেরিন কেব্লস, আরামিট লিমিটেড, বেক্সিমকো লিমিটেড এবং জিকিউ বলপেন।