কারিগরি ত্রুটিতে শেয়ারবাজারে গতকাল লেনদেন বন্ধ ছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বয়ংক্রিয় পদ্ধতিতে শেয়ারসংক্রান্ত তথ্য সংরক্ষণকারী প্রতিষ্ঠান সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) সার্ভারে কারিগরি ক্রটির কারণে গতকাল মঙ্গলবার দেশের শেয়ারবাজারে লেনদেন হয়নি। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি), ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) কর্তৃপক্ষ সিডিবিএল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে লেনদেন বন্ধ রাখার এই সিদ্ধান্ত নেয়।জানা গেছে, গত সোমবার বেলা সাড়ে তিনটায় সিডিবিএলের সার্ভারে কারিগরি ক্রটি দেখা দেয়। এ কারণে শেয়ার লেনদেনের মধ্যস্থতাকারী ডিপজিটরি পার্টিসিপেন্ট বা ডিপি প্রতিষ্ঠানগুলো সার্ভারে লগ-ইন করতে ব্যর্থ হয়। এতে সোমবারের শেয়ার লেনদেনের নিষ্পত্তিতে জটিলতা তৈরি হয়। রাতভর চেষ্টা করেও এ সমস্যার সমাধান করতে না পারায় মঙ্গলবার সকালেই শেয়ারবাজারের কার্যক্রম শুরু হওয়ার আগেই লেনদেন বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।এদিকে সিডিবিএলের সার্ভারে কারিগরি ত্রুটির ঘটনা তদন্তে চার সদস্যের একটি কমিটি গঠন করেছে এসইসি। গতকাল কমিশনের এক সভায় তদন্ত কমিটি গঠনের এ সিদ্ধান্ত নেওয়া হয়। এসইসির নির্বাহী পরিচালক আশরাফ উল ইসলামকে প্রধান করে গঠিত কমিটিতে আরও রয়েছেন সংস্থাটির পরিচালক রাজীব আহমেদ এবং ডিএসই ও সিএসইর আইটি বিভাগের একজন করে দুজন কর্মকর্তা। কমিটিকে পাঁচ কার্যদিবসের মধ্যে কমিশনের কাছে তাদের তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। কীভাবে ঘটনাটি ঘটল, এতে সংশ্লিষ্ট কারও গাফিলতি রয়েছে কি না, সমস্যার প্রকৃতি ও গভীরতা কেমন ছিল ইত্যাদি বিষয় খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয় তদন্ত কমিটিকে। সিডিবিএল সূত্রে জানা গেছে, গতকাল দুপুর ১২টার দিকে কারিগরি এ সমস্যার সমাধান হয়েছে। সমস্যা সমাধানের পরপরই সোমবারের শেয়ার লেনদেন নিষ্পত্তির কাজ শুরু হয়। ফলে আজ বুধবার থেকে স্বাভাবিক লেনদেনে আর কোনো সমস্যা হবে না বলে সিডিবিএলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এম এইচ সামাদ প্রথম আলোকে জানিয়েছেন। এর আগে গতকালের লেনদেন বন্ধের সিদ্ধান্ত নিতে জরুরি সভায় বসে ডিএসইর পরিচালনা পর্ষদ। সেখানেই লেনদেন বন্ধের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে ডিএসইর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোশাররফ এম হোসাইন সাংবাদিকদের বলেন, সিডিবিএলের সার্ভারে কারিগরি সমস্যার কারণে সোমবারের বিক্রয়কৃত শেয়ার ব্রোকারের ক্লিয়ারিং হিসাবে জমা করা সম্ভব হয়নি। আর এ কারণে সিডিবিএলের পক্ষ থেকে আজকের লেনদেন বন্ধ রাখতে অনুরোধ করা হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে সকালে ডিএসইর বোর্ড সভায় লেনদেন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।ডিএসইর পাশাপাশি লেনদেন বন্ধের একই সিদ্ধান্ত নিয়েছে সিএসই কর্তৃপক্ষও। সিএসইর সভাপতি আল মারুফ খান প্রথম আলোকে বলেন, ব্রোকারেজ হাউসগুলো সাধারণত সকাল সাড়ে ১০টায় ট্রেড সার্ভারে লগইন করে থাকে। কিন্তু সিডিবিএলের সার্ভারে কারিগরি সমস্যার কারণে আগের দিন সোমবারের শেয়ার লেনদেন নিষ্পত্তি না হওয়ায় গতকাল সাড়ে ১০টার আগেই ব্রোকারেজ হাউসগুলোকে ট্রেড সার্ভারে লগইন করা থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়। এরপরই লেনদেন বন্ধের সিদ্ধান্ত সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে।জানা গেছে, ২০০৩ সালে সিডিবিএল চালু হওয়ার পর গত সোমবারই প্রথমবারের মতো প্রতিষ্ঠানটির সার্ভারে এ ধরনের কারিগরি সমস্যা দেখা দেয়। যে কারণে লেনদেন এক দিন বন্ধ রাখতে হয়েছে। এর আগে সোমবার বিকেলে সার্ভারে সমস্যা দেখা দেওয়ার পর থেকেই সিডিবিএলের কারিগরি দল প্রতিষ্ঠানটির সিঙ্গাপুর ও মুম্বাইভিত্তিক ভেন্ডর প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যোগাযোগ করে এবং তাদের সহায়তায় সমস্যা সমাধানের চেষ্টা চালায়। কিন্তু মধ্যরাত পর্যন্ত সমস্যা সমাধান না হওয়ায় সিডিবিএলের পক্ষ থেকে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা এসইসি ও দুই স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষের কাছে মঙ্গলবারের লেনদেন বন্ধের আবেদন জানানো হয়। নিয়ম অনুযায়ী, শেয়ারবাজারে প্রতিদিনের লেনদেন শেষে সিডিবিএল দিনে দিনে শেয়ার লেনদেন নিষ্পত্তি করে থাকে। যেসব ব্রোকারেজ হাউস শেয়ার বিক্রি করে ওই দিনই লেনদেন শেষে স্বয়ংক্রিয়ভাবে তা সংশ্লিষ্ট ব্রোকারের ক্লিয়ারিং হিসাবে স্থানান্তর করে নির্দিষ্ট সময়ের জন্য ব্লক করে রাখা হয়। যাতে ওই সব শেয়ার লেনদেনের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তা বিক্রি করা সম্ভব না হয়। জেনারেশন নেক্সট ফ্যাশনের আইপিও অনুমোদন:জেনারেশন নেক্সট ফ্যাশন নামে নতুন একটি কোম্পানির প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর অনুমোদন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।গতকাল মঙ্গলবার কমিশনের নিয়মিত সভায় এই অনুমোদন দেওয়া হয়। এসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। কোম্পানিটি প্রতিটি শেয়ারের জন্য ২৪ টাকা অধিমূল্য বা প্রিমিয়াম দাবি করলেও এসইসি তাদের সেই দাবি নাকচ করে দিয়ে শুধু অভিহিত মূল্যে (ফেসভ্যালু) আইপিও আবেদন অনুমোদন করে।এসইসি জানিয়েছে, কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যে তিন কোটি শেয়ার ছেড়ে বাজার থেকে প্রায় ৩০ কোটি টাকা সংগ্রহ করবে। সংগৃহীত এই টাকা দিয়ে কোম্পানি তাদের ব্যাংকঋণ পরিশোধ করবে। আইপিও আবেদনে ২০১১ সাল শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় বা ইপিএস দেখানো হয়েছে ২ টাকা ৯ পয়সা। কোম্পানিটির শেয়ারের ইস্যু ম্যানেজার বা ইস্যু ব্যবস্থাপকের দায়িত্বে রয়েছে ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্ট।এর আগে ২০১০ সালে কোম্পানিটি বুকবিল্ডিং পদ্ধতিতে বাজারে শেয়ার ছাড়ার আবেদন করে। সে সময় আবেদনপত্র ও কোম্পানির আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এসইসি কিছু অনিয়ম খুঁজে পায়, যে কারণে তখন কোম্পানিটির আইপিও আবেদন নাকচ করে দেওয়া হয়। পরে ২০১১ সালে এসইসির নীতিনির্ধারণী পর্যায়ে পুনর্গঠনের পর কোম্পানিটি তাদের বিভিন্ন অনিয়ম সংশোধন করে পুনরায় শেয়ার ছাড়ার আবেদন জমা দেয়।