কারিগরি ত্রুটিতে সোনালী ব্যাংকে লেনদেনে বিঘ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারিগরি ত্রুটির কারণে রাষ্ট্র মালিকানাধীন সোনালী ব্যাংকের লেনদেন মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে। এ কারণে দেশজুড়ে সোনালী ব্যাংকের বিভিন্ন শাখায় গ্রাহকদের ভোগান্তিতে পড়তে হয়েছে।
সোনালী ব্যাংকের বিভিন্ন পর্যায়ের গ্রাহক ও কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত রোববার থেকে ব্যাংকটির কেন্দ্রীয় সার্ভারে কারিগরি ত্রুটি দেখা দেয়। এর ফলে লেনদেনে বিঘ্ন ঘটে। বলতে গেলে মোটা দাগে লেনদেনই বন্ধ ছিল। তবে কোনো কোনো শাখায় ব্যাংক গ্রাহক সম্পর্কের ভিত্তিতে কিছু কিছু লেনদেন সম্পন্ন হয়।
এ বিষয়ে জানতে চাইলে সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা প্রদীপ কুমার দত্ত প্রথম আলোকে বলেন, সার্ভার ত্রুটির কারণে দেশজুড়ে সোনালী ব্যাংকের ৫০২টি অনলাইন শাখায় লেনদেনে বিঘ্ন ঘটেছে। রোববার থেকে এ ত্রুটি দেখা দেয়। তবে গতকাল বিকেল থেকে এ ত্রুটি আর দেখা দেয়নি।
দেশের একাধিক অঞ্চলের সোনালী ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, কারিগরি ত্রুটির কারণে হাতে গোনা কিছু লেনদেন ছাড়া কোনো লেনদেনই সম্পন্ন করা সম্ভব হয়নি। ব্যাংক-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে কিছু লেনদেন সম্পন্ন করা হলেও পরে সেগুলো নিষ্পত্তি করতে গিয়েও ঝামেলা পোহাতে হয়। কারিগরি এ ত্রুটির কারণে কয়েক দিন ধরে গভীর রাত পর্যন্ত বিভিন্ন শাখায় কর্মকর্তাদের দায়িত্ব পালন করতে হয়েছে।