কারিগরি ত্রুটির বিষয়ে ব্যাখ্যা দিল ডিএসই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারিগরি ত্রুটির কারণে দুই দিন এক ঘণ্টা করে দেরিতে লেনদেন শুরু হওয়ার বিষয়ে ব্যাখ্যা দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) এই ব্যাখ্যা চেয়েছিল।আজ সোমবার সকালে ডিএসইর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোশাররফ এম হোসেনের স্বাক্ষরিত এক চিঠিতে লেনদেন দেরিতে শুরু হওয়া ও কারিগরি ত্রুটির কারণ ব্যাখ্যা দেওয়া হয়।এসইসিতে পাঠানো ডিএসইর চিঠিতে বলা হয়েছে, কারিগরি ত্রুটির কারণে গত বুধবার ও গতকাল রোববার এক ঘণ্টা দেরিতে লেনদেন শুরু হয়। ওই দুই দিন নতুন দুটি কোম্পানির লেনদেন শুরু হয়। এ ক্ষেত্রে বিভিন্ন ব্রোকারেজ হাউস থেকে কোম্পানির ট্রেড কোড নম্বর পেতে সমস্যা দেখা দেয়। এ কারণেই লেনদেন শুরু করতে দেরি হয়।এ ছাড়া বিষয়টি সফটওয়্যার সরবরাহকারী প্রতিষ্ঠান চেঞ্জিং সলিউশনস লিমিটেডকেও জানানো হয়। পরে ডিএসইর নিজস্ব কারিগরি টিম সমস্যা সমাধান করেন। এ ছাড়া চেঞ্জিং সলিউশনস লিমিটেডও সমস্যা চিহ্নিত করে তা সমাধান করে বলে ডিএসইর ব্যাখ্যায় বলা হয়।কারিগরি এই সমস্যার বিষয়টি খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও ডিএসইর চিঠিতে বলা হয়।গত বুধবার দুই স্টক এক্সচেঞ্জে (ডিএসই ও সিএসই) জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেডের শেয়ার লেনদেন শুরু হয়। আর গতকাল শুরু হয় এনভয় টেক্সটাইল লিমিটেডের লেনদেন। এই দুই কোম্পানির শেয়ার লেনদেন শুরুর ক্ষেত্রে ডিএসইতে কারিগরি সমস্যা দেখা দেয়। তবে সিএসইতে কোনো সমস্যা হয়নি। ওই দুই দিন দেরিতে লেনদেন শুরু করার কারণ জানাতে গতকাল ডিএসইকে চিঠি দেয় এসইসি।