কার্গো ফ্লাইট চালাবে ইউএস বাংলা

পণ্য আমদানি-রপ্তানির জন্য নয়টি দেশে কার্গো ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা এয়ারলাইনস। দেশগুলো হচ্ছে সিঙ্গাপুর, মালয়েশিয়া, চীন, সৌদি আরব, থাইল্যান্ড, ভারত, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত। আগামী সপ্তাহ থেকে এসব দেশে কার্গো ফ্লাইট চলাচল শুরু হবে।
আজ রোববার ইউএস বাংলা এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জিএম-পাবলিক রিলেশনস) মো. কামরুল ইসলাম বলেন, করোনা প্রাদুর্ভাবের কারণে ইউএস-বাংলা বর্তমানে প্রতি সপ্তাহে শনিবার ঢাকা থেকে চীনের গুয়াংজু রুটে পরিচালনা করছে। করোনা দুর্যোগে দেশের আমদানি-রপ্তানিকে সচল রাখার জন্য ইউএস-বাংলা এয়ারলাইনস সরকারের কাছে কার্গো ফ্লাইট পরিচালনার জন্য অনুমতি চেয়েছিল। এই অনুমতি পেয়ে আগামী সপ্তাহ থেকে আনুষ্ঠানিকভাবে কার্গো পরিবহন শুরু করতে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইনস। প্রাথমিকভাবে সিঙ্গাপুর, মালয়েশিয়া, চীন, সৌদি আরব, থাইল্যান্ড, ভারত, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাতে কার্গো পরিবহনের পরিকল্পনা রয়েছে। ইউএস-বাংলার চারটি বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজে চিকিৎসাসামগ্রী পিপিই, হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড গ্লাভস, মাস্কসহ নানা ধরনের পণ্য আমদানি করা হবে। এ ছাড়া জরুরি রপ্তানি পণ্য সামগ্রী বিশেষ করে গার্মেন্টস পণ্য, পচনশীল দ্রব্য শাক-সবজি ইত্যাদি বিদেশে রপ্তানি করা হবে। তাদের প্রতিটি উড়োজাহাজে করে প্রায় ২০ টন কার্গো পরিবহন করা যাবে।